কার্যাদেশের মেয়াদ শেষ, এখনো চলছে সংস্কারকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খানাখন্দে ভরা মহেশখালীর গোরকঘাটা-শাপলাপুর-জনতাবাজার সড়কের কায়দাবাদ বাজার এলাকা l প্রথম আলো
খানাখন্দে ভরা মহেশখালীর গোরকঘাটা-শাপলাপুর-জনতাবাজার সড়কের কায়দাবাদ বাজার এলাকা l প্রথম আলো

কক্সবাজারের মহেশখালী উপজেলার গোরকঘাটা-শাপলাপুর-জনতাবাজার সড়কের সংস্কারকাজ ধীরগতিতে চলছে। অথচ কার্যাদেশ অনুযায়ী, ৩ মার্চ কাজ শেষ করার কথা। এখন পর্যন্ত প্রায় চার কিলোমিটার ভাঙা সড়কের সংস্কারকাজ শেষ হয়নি।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, চার বছর আগে বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে ও ভারী বৃষ্টিতে গোরকঘাটা-শাপলাপুর ও জনতাবাজার সড়কের শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা, জেমঘাটের দক্ষিণ এলাকা, বারিয়ারপাড়া, মিঠাছড়ি-সংলগ্ন সড়কের বিভিন্ন স্থানে ভেঙে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়। কিছু স্থানে গর্ত ছোটখাটো জলাশয়ে রূপ নেয়। ফলে যাতায়াতে ভোগান্তিতে পড়ে স্থানীয় লোকজন। এর পরিপ্রেক্ষিতে ২৫ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য গত বছরের ফেব্রুয়ারি মাসে স্থানীয় প্রকৌশল অধিদপ্তর প্রায় ৮ কোটি ৪২ লাখ টাকা বরাদ্দ দেয়। পরে ওই সড়কের সংস্কারকাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘র্যা ব আরসি প্রাইভেট লিমিডেট’। দরপত্রের কার্যাদেশ অনুযায়ী, গত বছরের ২১ এপ্রিল শুরু হয়ে চলতি বছরের ৩ মার্চ সংস্কারকাজ শেষ করার কথা। কিন্তু সংস্কারকাজ ধীরগতির কারণে এখনো পর্যন্ত শেষ হয়নি।
৫ মার্চ সরেজমিনে দেখা যায়, ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণকূল, উত্তরকূল, কালামারদিয়া, বড়খোলা, মোরিইছড়ি এবং শাপলাপুর ইউনিয়নের কায়দাবাদ ও দীনেশপুর এলাকায় প্রায় চার কিলোমিটার সড়কজুড়ে খানাখন্দ। স্থানীয় লোকজন ভাঙা সড়কের ওপর দিয়ে চলাচল করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছে। কিন্তু ভাঙা অংশে সড়ক সংস্কারকাজে কোনো শ্রমিককে দেখা যায়নি। তবে শাপলাপুর উত্তরে জেমঘাট এলাকায় ঠিকাদারের নিয়োগ করা শ্রমিকদের সড়কের পাশের নালা নির্মাণ করতে দেখা গেছে।
শাপলাপুর ইউনিয়নের কায়দাবাদ এলাকার বাসিন্দা নুর মোহাম্মদ ও রমিছ আলম জানান, সামান্য বৃষ্টি হলেই কায়দাবাদ-সংলগ্ন সড়কের পানি জমে যায়। এতে কায়দাবাদ বাজারে আসা ক্রেতা ও বিক্রেতারা দুর্ভোগে পড়েন। বর্ষার আগে সড়ক সংস্কার না হলে চলাচল করা দায় হয়ে পড়বে।
কার্যাদেশমতে কাজ শেষ না হওয়ার বিষয়ে জানতে চাইলে ঠিকাদার মোহাম্মদ দিদারুল ইসলাম বলেন, ‘অবরোধ ও হরতালের কারণে উপজেলা বাইরে থেকে মালামাল আনতে পারছি না। তিন সপ্তাহ আগে সিলেট থেকে পাথর আনার সময় কুমিল্লায় দুর্বৃত্তরা ট্রাকটি পেট্রল দিয়ে পুড়িয়ে দেয়। এসব কারণে যথাসময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি। এরপরও আগামী মে মাসের মধ্যে পুরোপুরি সংস্কারকাজ শেষ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নগক বুঝিয়ে দেওয়া হবে।’ উপজেলা প্রকৌশলী মো. মোশাররফ হোসেন বলেন, অবরোধ ও হরতালের প্রভাবে এলাকার উন্নয়নকাজ ব্যাহত হচ্ছে। আর বাইরে থেকে মালামাল আনতে না পারায় ঠিকাদার যথাসময়ে সংস্কার কাজ শেষ করতে পারেনি। তিনি বলেন, ২৫ কিলোমিটারের মধ্যে প্রায় ২১ কিলোমিটারের সংস্কারকাজ শেষ হয়েছে। বাকি চার কিলোমিটারের কাজ জরুরি ভিত্তিতে শেষ করতে ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।