কার্যালয়ে আসেন না মেয়র, বাড়িতে বসে শুধু ফাইলে সই করেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচিত হওয়ার এক বছরের মধ্যে একবারের জন্যও পৌর কার্যালয়ে আসেননি রাউজান পৌরসভার মেয়র আবদুল্লাহ আল হাসান। পৌরসভার দাপ্তরিক কাজ পরিচালনা করেন গহিরায় নিজ বাড়িতে বসে। পৌর এলাকার বাসিন্দাদের অভিযোগ, মেয়রের অনুপস্থিতিতে স্থবির হয়ে পড়েছে কার্যক্রম। ভোগান্তি পোহাচ্ছেন নানা কাজে আসা লোকজন। জলিলনগর এলাকার চন্দন শীল ও ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফরহাদুল আলম জানান, পৌরসভার কোনো সমস্যাই সমাধান হচ্ছে না। সব ঝুলে আছে মেয়রের অনুপস্থিতিতে। এমনকি নাগরিক সনদ পেতেও ভোগান্তির শেষ নেই।এ প্রসঙ্গে মেয়র আবদুল্লাহ আল হাসান বলেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষের হামলা ও মামলার আশঙ্কায় পৌর কার্যালয়ে যেতে সাহস পাচ্ছি না। এ ব্যাপারে থানা পুলিশকে মৌখিকভাবে জানিয়েছি। তবে আমি কার্যালয়ে না গেলেও কাজ চলছে। আমার সইয়ের প্রয়োজন হলে তাঁরা বাড়িতে এসে নিয়ে যাচ্ছে।’রাজনৈতিক প্রতিপক্ষের হামলার আশঙ্কা প্রসঙ্গে প্রথম প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বশির উদ্দিন খান বলেন, ‘মেয়র রাজনৈতিক ফায়দা নিতে বার বার এই অভিযোগ করছেন। তিনি কার্যালয়ে আসলে কেউ বাধা দেবে না।’রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আমিন বলেন, ‘মেয়র লিখিত কোনো অভিযোগ করেননি। নিরাপত্তাজনিত কোনো সমস্যা আছে বলেও আমার মনে হচ্ছে না।’জানা যায়, ২০১০ সালের ১৮ জানুয়ারি নির্বাচনে জয়লাভ করে মেয়র নির্বাচিত হন বিএনপি-সমর্থিত আবদুল্লাহ আল হাসান। শপথ নেন ২৮ ফেব্রুয়ারি। কিন্তু শপথ নিলেও তিনি পৌর কার্যালয়ে আসছেন না। কোনো কাজে সইয়ের প্রয়োজন হলে কর্মকর্তা-কর্মচারীদের তাঁর বাড়িতে যেতে হয়। এতে যেকোনো কাজে সময় লাগে বেশি। এ ছাড়া মেয়রের অনুপস্থিতিতে পৌর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শৃঙ্খলা ভেঙে পড়েছে। যে যার মতো দায়িত্ব পালন করছেন। ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহাজাদা আসাদ উল্লাহ পৌর কার্যালয়ের কর্মকাণ্ডে শৃঙ্খলা ভেঙে পড়ার কথা স্বীকার করে এর জন্য দায়ী করেছেন মেয়রকে। তিনি বলেন, ‘মেয়র পৌরবাসীর সঙ্গে প্রতারণা করছেন।’ মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস অভিযোগ করে বলেন, ‘মেয়রের কারণে প্রকল্প কাজের অগ্রগতি হচ্ছে না।’পৌরসভার সচিব বিধান চন্দ্র শীল বলেন, পৌর কাজে মতামত ও সই নিতে কর্মচারীদের মেয়রের পশ্চিম গহিরা গ্রামের বাড়িতে যেতে হয়। তিনি সেখানে বসে পৌরসভার কাজ করছেন। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শৃঙ্খলা ভেঙে পড়া প্রসঙ্গে তিনি সরাসরি কোনো মন্তব্য না করে বলেন, ‘সব কিছুই তো আপনারা দেখছেন।’এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জনচন্দ্র নাথ বলেন, ‘তিনি যেহেতু ফাইলে সই করছেন। তাহলে ধরে নেওয়া যায় তিনি দায়িত্ব পালন করছেন। আর কার্যালয়ে বসেই যে দায়িত্ব পালন করতে হবে এ রকম কোনো বিধান আছে কিনা আমার জানা নেই।’