কাল জমবে মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা রঙে রাঙানো হয়েছে বিভিন্ন ভবনের ভেতরে-বাইরে। মাঠ, বাগান, ছাত্রাবাস, আঙিনা সবকিছু পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ চলছে পুরোদমে। চলছে আকর্ষণীয় মঞ্চসজ্জা, চার হাজার বন্ধু-পরিচিত জনের ভূরিভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি। সব মিলিয়ে যেন সাজ সাজ রব। কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) ৫০ বছর পুর্তি উৎসবকে ঘিরে চলছে এমনই আয়োজন। কাল ও পরশু দুই দিনব্যাপী উৎসবে বিএসপিআই থেকে পাস করে যাওয়া প্রায় চার হাজার শিক্ষার্থী যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এঁদের মধ্যে রয়েছেন জনপ্রিয় শিল্পী ও উপস্থাপক হানিফ সংকেত, কবি নূরুল হুদাসহ জাতীয় পর্যায়ে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিরা। বিভিন্ন সময় পাস করে যাওয়া এসব প্রাক্তন শিক্ষার্থী সমাবেশে বিএসপিআই অঙ্গন মিলনমেলায় পরিণত হবে, এমনটাই প্রত্যাশা অধ্যক্ষসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। শিক্ষকদের নিয়ে উৎসব আয়োজনের সবকিছু তদারক করছেন বিএসপিআইয়ের অধ্যক্ষ মো. আব্দুল মালেক। প্রথম আলোকে তিনি বলেন, ‘দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রাক্তন শিক্ষার্থীদের থাকা-খাওয়া থেকে বিনোদন কোনো কিছুতে যাতে সমস্যা না হয় সে ব্যবস্থা আমরা করছি।’ তিনি জানান, সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য এরই মধ্যে সংগীত ও ব্যান্ড শিল্পী ঠিক করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উৎসব প্রাণবন্ত করে তোলার জন্য এস আই টুটুল ছাড়াও একাধিক ক্লোজআপ তারকাসহ নাম করা শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়েছে। শিক্ষক মুজিবুর রহমান চৌধুরী বলেন, ‘বিএসপিআইয়ের অনেক প্রাক্তন শিক্ষার্থী বর্তমানে বিভিন্ন পর্যায়ে সুপ্রতিষ্ঠিত। তাঁরা ৫০ বছর পূর্তি উৎসবে একত্রিত হবেন, পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবে, এটাই আমাদের প্রত্যাশা।’বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন (বিএফআইডিসি) কাপ্তাই ইউনিটের প্রকল্প পরিচালক ও বিএসপিআইয়ের প্রাক্তন ছাত্র মোস্তাক আহমদ বলেন, ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ-উৎসাহ দেখা যাচ্ছে। উৎসবকে প্রাণবন্ত করতে সবাই একযোগে কাজ করছেন। অনুষ্ঠানে পার্বত্য প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার প্রধান অতিথি থাকবেন বলে জানা গেছে।