কাল মহান বিজয় দিবসে থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে বেলা ১১টায় যুদ্ধশিশুদের নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র জন্মসাথী প্রদর্শিত হবে। টিআইসি এই প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। এই প্রামাণ্য চলচ্চিত্রটি গবেষণা, চিত্রনাট্য ও নির্দেশনা দিয়েছেন শবনম ফেরদৌসী। ১৯৭২ সালের মধ্য জানুয়ারিতে তাঁর জন্ম। তাঁর জন্মের দিন একই হাসপাতালে জন্ম নেয় আরও ১৩ জন শিশু। তাদের মধ্যে তিন-চারজন ছিল ‘যুদ্ধশিশু’। এই তথ্যটি জানার পর নির্মাতার মনে অন্য একটি ভাবনার উদয় হয়, ‘আমিও তো হতে পারতাম ওদের একজন!’ ক্রমেই ভাবনাটি তাকে আঁকড়ে ধরে। স্বাধীনতার ৪৫ বছর পর চিত্রনির্মাতা খুঁজতে শুরু করেন নাম-পরিচয় না জানা সেই ‘জন্মসাথী’দের।
স্বাধীন দেশে দিন কেমন কেটেছে সেসব যুদ্ধশিশুর? কেমন ছিলেন বীরাঙ্গনা মায়েরা? সেই অনুসন্ধান অব্যাহত থাকে চলচ্চিত্রটিতে আর সেই সঙ্গে অন্বেষণ চলে আত্মপরিচয়হীন অথবা হারিয়ে যাওয়া বাকি যুদ্ধশিশুদের। দলিল, তথ্য, নিয়ম, রাষ্ট্র, সমাজ, মানুষের অবস্থান নির্ণয়ের চেষ্টাও চলে পুরো ছবিজুড়ে। এ অন্বেষণ শুধু যুদ্ধশিশুর পরিচয় উদ্ঘাটনই নয়, বরং নিজের পরিচয়কে পুনর্বার প্রশ্ন করা এবং এর বিশ্লেষণ করার প্রয়াসও বটে।
চলচ্চিত্রটি প্রদর্শনী শুরুর আগে সকাল সাড়ে ১০টায় দেশাত্মবোধক গান পরিবেশন করবে সৃজামি সাংস্কৃতিক অঙ্গন এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় তির্যক নাট্যদলের নতুন প্রযোজনা কথাশিল্পী সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত এবং আহমেদ ইকবাল হায়দার নির্দেশিত তরঙ্গভঙ্গ নাটকটি টিআইসি মিলনায়তনে পরিবেশিত হবে।