অরিন্দমের ৩৯ বছরে পদার্পণ উপলক্ষে ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত শিল্পকলা একাডেমীতে তিন দিনব্যাপী ‘অরিন্দম নাট্য ত্রিযামিনী’ শিরোনামে নাট্য উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে নাটক ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটকবিষয়ক সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উৎসবের প্রথম দিন আগামীকাল শুক্রবার বিকেল পাঁচটায় মুক্তমঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন এবং বিশেষ অতিথি থাকবেন অধ্যাপক মাহবুবুল হক। উদ্বোধনী অনুষ্ঠানের পর মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যা সাতটায় মিলনায়তনে পরিবেশিত হবে মান্নান হীরা রচিত এবং আকবর রেজা নির্দেশিত অরিন্দমের ২৮তম প্রযোজনা জলকন্যা। উৎসবে প্রতিদিন মুক্তমঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিলনায়তনে গোলটেবিল বৈঠক ও নাটক মঞ্চস্থ হবে। উৎসবের দ্বিতীয় দিন শনিবার বিকেল পাঁচটায় মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হবে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবের তৃতীয় দিন ১৬ সেপ্টেম্বর বিকেল পাঁচটায় মুক্তমঞ্চে অরিন্দমের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত সদরুল পাশার স্মরণে বাংলাদেশের বরেণ্য নাট্যজন ফেরদৌসি মজুমদারকে ‘সদরুল পাশা স্মারক’ প্রদান করা হবে। বিজ্ঞপ্তি।