কাল থেকে কালিদাস কর্মকারের 'পাললিক আত্মা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যালুভিয়াল ফেইস-১১৭, ২০১৪। মাধ্যম: কাগজে কালি ও কলম। শিল্পী: কালিদাস কর্মকার। ছবি: বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস
অ্যালুভিয়াল ফেইস-১১৭, ২০১৪। মাধ্যম: কাগজে কালি ও কলম। শিল্পী: কালিদাস কর্মকার। ছবি: বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস
অ্যালুভিয়াল ফেইস-১০৪, ২০১৪। মাধ্যম: কাগজে মিশ্রমাধ্যমে কোলাজ এবং কালির ড্র​য়িং। শিল্পী: কালিদাস কর্মকার। ছবি: বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস
অ্যালুভিয়াল ফেইস-১০৪, ২০১৪। মাধ্যম: কাগজে মিশ্রমাধ্যমে কোলাজ এবং কালির ড্র​য়িং। শিল্পী: কালিদাস কর্মকার। ছবি: বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস

শিল্পী কালিদাস কর্মকারের একক চিত্রকলা প্রদর্শনী ‘পাললিক আত্মা’ শুরু হচ্ছে আগামীকাল। রাজধানীর ধানমন্ডিতে বেঙ্গল শিল্পালয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় এ প্রদর্শনীর উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেবেন বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের। সভাপতিত্ব করবেন শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।

বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের আয়োজনে পাললিক আত্মা শিরোনামে ২৭ দিনব্যাপী এই একক চিত্রকলা প্রদর্শনীতে ৭০টিরও বেশি চিত্রকর্ম স্থান পাচ্ছে। আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে এ প্রদর্শনী।

অ্যালুভিয়াল এক্সট্যাসি-১, ২০১৪। মাধ্যম: কাগজে ডিজিটাল লিথোগ্রাফি। শিল্পী: কালিদাস কর্মকার। ছবি: বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস
অ্যালুভিয়াল এক্সট্যাসি-১, ২০১৪। মাধ্যম: কাগজে ডিজিটাল লিথোগ্রাফি। শিল্পী: কালিদাস কর্মকার। ছবি: বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস



আয়োজক প্রতিষ্ঠানের বার্তায় বলা হয়েছে, শিল্পী কালিদাস কর্মকারের চিত্রকলায় ‘গহিন প্রশ্ন যত আছে, উত্তর খোঁজার প্রয়াস তত নেই। ছবিতে অতল আবেগ আছে, যুক্তির বেড়াজাল নেই। রূঢ় বাস্তবের নিঃসংকোচ প্রকাশ আছে, নান্দনিকতার অনুরণন নেই। কালিদাসের ছবিতে শুধু বেদনা এবং বেদনা প্রকাশের ব্যাপারটিই মুখ্য নয়, বরং এটি সময়, স্থান এবং অবিশ্রান্ত মানবীয় অভিজ্ঞতার মধ্যকার সম্পর্ককেও মূর্ত করে তোলে। হতাশ আকাঙ্ক্ষা, তান্ত্রিক শিল্প-নৈপুণ্য, সযত্নে লালিত স্মৃতি এবং প্রতীকী অনুসন্ধানের সম্মিলিত পরিবৃদ্ধি পরিলক্ষিত হয় তাঁর চিত্রকলায়। তাঁর কাজে বিভিন্ন সামান্য উপাদান, বুনট, আকার এবং রঙের সুনির্দিষ্ট প্রয়োগ দেখা যায়। পলিমাটির দেশ বাংলাদেশ, শিল্পী কালিদাসের কাজেও এ দেশের মাটি প্রেরণাদায়ী ভূমিকা রাখে। শিল্পীর উচ্ছ্বাস, অভিব্যক্তি, শুদ্ধতা, বেদনা, স্মৃতি আর একাকিত্ব—এ সবই যেন এক পাললিক আত্মার সাত-কাহন।’

শিল্পী কালিদাস কর্মকারের জন্ম ১৯৪৬ সালে ফরিদপুরে। তিনি ১৯৬৯ সালে কলকাতার গভর্নমেন্ট কলেজ অব ফাইন আর্টস অ্যান্ড ক্রাফটস থেকে চারুকলায় স্নাতক ডিগ্রি লাভ করেন। এ পর্যন্ত তাঁর ৬৪টি একক প্রদর্শনী আয়োজিত হয়েছে। এ ছাড়া বহু দলবদ্ধ প্রদর্শনীতেও অংশগ্রহণ করেছেন এই শিল্পী। কালিদাস কর্মকার বর্তমানে দেশে ও দেশের বাইরে একজন মুক্ত পেশাজীবী শিল্পী হিসেবে কাজ করছেন।

শিল্পী কালিদাস কর্মকারের ‘পাললিক আত্মা’
প্রদর্শনী: ২০ নভেম্বর ২০১৪ থেকে ১৬ ডিসেম্বর ২০১৪
গ্যালারি খোলা: প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত 
বেঙ্গল শিল্পালয়: বাড়ি-২৭৫/এফ, রোড-২৭ পুরাতন, ধানমন্ডি, ঢাকা।