কাল থেকে বন্দরনগরীতে দুদিনের চাকরি মেলা
অনলাইন ক্যারিয়ার পোর্টাল চাকরি ডটকমের আয়োজনে আগামীকাল শনিবার ও পরদিন রোববার চট্টগ্রামে জিইসি মোড়-সংলগ্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার ইউনিভার্সিটি চত্বরে আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী চাকরি মেলার। এই মেলায় অংশগ্রহণ করতে পারবেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া চাকরিপ্রত্যাশী যেকোনো শিক্ষার্থী। মেলায় বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের জন্য সঠিক কর্মী খুঁজে নিতে। পাশাপাশি মেলা চলাকালে শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার-বিষয়ক বিভিন্ন সেমিনারের আয়োজন করেছে চাকরি ডটকম। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে মেলা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এই আয়োজনের স্ট্র্যাটেজিক পার্টনার প্রিমিয়ার ইউনিভার্সিটি, সহযোগী পার্টনার প্রথম আলোর শুক্রবারের ক্রোড়পত্র চাকরিবাকরি, রেডিও পার্টনার রেডিও এবিসি এবং বেভারেজ পার্টনার পেপসি এবং স্নাক্স পার্টনার রয়েছে কুড়কুড়ে। এ ছাড়া সার্বিক সহযোগিতায় থাকবেন প্রথম আলোর চট্টগ্রাম বন্ধুসভার সদস্যরা।