কাল থেকে বন্দরনগরে ‘ডুবসাঁতার’
বন্দরনগর চট্টগ্রামে কাল নোঙর ফেলছে নূরুল আলম আতিকের চলচ্চিত্র ডুবসাঁতার। ইতিমধ্যে তরুণ প্রজন্মের মধ্যে বেশ সাড়া ফেলেছে ইমপ্রেস টেলিফিল্মের ব্যতিক্রমী এ চলচ্চিত্র। আনন্দ-আয়োজনের স্রোতে মিশেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। শুধু চলচ্চিত্র প্রদর্শনী নয়, তিন দিনের আয়োজনে থাকবে কর্মশালা, আলোচনা, সনদ বিতরণ ইত্যাদিও। সব মিলিয়ে বসবে চলচ্চিত্র নির্মাতা ও অনুরাগী ব্যক্তিদের মিলনমেলা। সূত্র জানায়, ফাইনআর্টসবিডি ডট কমের উদ্যোগে কাল শুক্রবার ও ৯ এপ্রিল শনিবার নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ডুবসাঁতার প্রদর্শিত হবে। দুদিনের প্রদর্শনী শুরু হবে বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাতটায়। এ ছাড়া ১০ এপ্রিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে বেলা দেড়টা ও বিকেল সাড়ে তিনটায় দুটি প্রদর্শনী হবে। প্রদর্শনী শুরুর আগে মিলনায়তনের ফটকে টিকিট পাওয়া যাবে। ৯২ মিনিটের ডিজিটাল ফরমেটে তৈরি এ চলচ্চিত্রের কাহিনি গড়ে উঠেছে রেনু নামের এক মেয়ের জীবন নিয়ে। রেনু এখানে হয়ে উঠেছেন দেশের সাধারণ মেয়েদের প্রতিনিধি। রেনুর স্বপ্নময়তা, তাঁর সংবেদনশীলতা ঢাকা পড়ে যায় সংসারের কষ্টকর বাস্তবতায়। পরিবারের দায়িত্ব পালনের জন্য যেমন বেরোতে হয় বাইরে তেমনি তাঁকে হতে হয় অন্ধ ভাইয়ের চোখটিও।নিজের দিকে তাকালে জোটে সমাজের চোখ রাঙানি। এত কিছুর মধ্যেও রেনুর জীবনে প্রেম আসে, যা তাঁকে সর্বনাশের পথে টানে। রেনু হাল ছাড়ে না, বিপন্নতার মধ্যেও চালিয়ে যান সংগ্রাম। কখনো ভেঙে পড়েন, কিন্তু শেষ হয়ে যান না। সংসারের প্রয়োজনে শুরু করতে হয় নতুন পথচলা। ৮ ও ৯ এপ্রিল জেলা শিল্পকলা একাডেমীর লেকচার থিয়েটার মিলনায়তনে ‘চিত্রনাট্য রচনাশৈলী’ শীর্ষক কর্মশালা পরিচালনা করবেন নূরুল আলম আতিক। কর্মশালায় চলচ্চিত্র নির্মাণের আকাঙ্ক্ষা, নির্মাণভাবনা, চলচ্চিত্রের বিভিন্ন আঙ্গিক, চিত্রনাট্য লেখার কৌশল, অনুশীলন, উপস্থাপনরীতি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হবে।৯ এপ্রিল বিকেল পাঁচটায় শিল্পকলার সেমিনার কক্ষে ‘সিনেমায় আমাদের অর্জন-বিসর্জন: সময়, এক আলেয়ার ফুল’ শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। এতে কর্মশালায় অংশগ্রহণকারী ব্যক্তিদের সনদ দেবেন অতিথিরা। ফাইনআর্টসবিডি ডট কমের কো-অর্ডিনেটর নিয়াজ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমাদের প্রস্তুতি শেষ হয়েছে। তরুণ প্রজন্ম ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পেয়েছি।’পুরো আয়োজনে সহযোগী হিসেবে থাকছে আরএসআরএম।