কাল থেকে লোকসংস্কৃতি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের ডিসি হিলে কাল (শুক্রবার) শুরু হচ্ছে দুই দিনের লোকসংস্কৃতি উৎসব। ‘অকৃত্রিম মাটির টানে’ স্লোগানে সমাজ সমীক্ষা সংঘ এ উৎসবের আয়োজন করছে।শুক্রবার বিকেল তিনটায় শহীদ মিনার চত্বরে ঐতিহ্যবাহী লাঠিখেলা ও জয়পুরহাটের আদিবাসীদের ঘোড়ানৃত্য দিয়ে উৎসবের সূচনা হবে। আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন।এরপর বের করা হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। গতকাল সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আয়োজকেরা এ তথ্য জানান।সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন লোকসংস্কৃতি উদ্যাপন পরিষদের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট আবুল কাশেম।সম্মেলনে জানানো হয়, শোভাযাত্রা শেষে বিকেলে ডিসি হিল মুক্তমঞ্চে অনুষ্ঠেয় আলোচনা সভায় অংশ নেবেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক। উদ্বোধনী দিনে চট্টগ্রামের আঞ্চলিক গানের গীতিকার ও সুরকার আবদুল গফুর হালী, গীতিকার সৈয়দ মহিউদ্দিন ও কথাসাহিত্যিক হরিশংকর জলদাসকে রশীদ আল ফারুকী সম্মাননা জানানো হবে। এ ছাড়া ওই দিন সকালে অনুষ্ঠিত হবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে রক্তকরবী, ত্রিপুরা গাইরিং কালচারাল ফোরাম, সঞ্জয় রায় কক্সবাজারের এস্তফা খানম, জয়পুরহাটের উচাই আদিবাসী সাংস্কৃতিক দল ও ক্লোজআপ ওয়ান তারকা মশিউর রহমান ওরফে রিংকু।সমাপনী দিন (শনিবার) আলোচনা করবেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ও কবি আবুল মোমেন। শনিবার সাংস্কৃতিক অনুষ্ঠানে গান করবেন বারি সিদ্দিকী, শিমুল শীল, বিশ্বনাথ মোহন্ত, অনন্ত কুমার দেব, ফারুক মিয়া ও আবদুর রশিদ। নৃত্য পরিবেশন করবেন সিলেটের সান্ত্বনা দেবী ও তাঁর দল।