কাল পরীক্ষা, আজ ঘুম...
ওমা, তাই আবার হয় নাকি! এই তো উচ্চমাধ্যমিক পরীক্ষা ঘাড়ের ওপর উঁকি দিচ্ছে, সিলেবাসই তো কত বড়, সময় যেন তত কম। দিন গড়িয়ে যত রাতই লাগুক, ঘুম চোখে হলেও সব পড়া আউড়ে নিতে হবে শেষবারের মতো—এমনটি ভেবে অনেক পরীক্ষার্থীই গভীর রাত পর্যন্ত জেগে পড়াশোনার পরিকল্পনা করে থাকে। তবে পরদিন পরীক্ষার জন্য এ রাত জাগাটা কিন্তু ভীষণ ক্ষতিকর।পড়া নয় রাত জেগে...রাত জেগে পড়ার কুফল সম্পর্কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ-বিশেষজ্ঞ খালেদা বেগম জানান, ‘পরীক্ষাটা অনেকের কাছেই একটা চাপের মতো, তার থেকে হয় দুশ্চিন্তা আর তখন এমনিই ঘুমটা একটু কম হয়। আবার অনেক পরীক্ষার্থী ভাবে যে সব পড়া আরেকবার দেখে নেওয়া যাক, তারপর সময় পেলে ঘুমানো যাবে। কিন্তু পর্যাপ্ত ঘুম না হলে মেজাজ খিটখিটে হয়ে থাকে, মনোযোগ কমে যায়। অনিয়মিত ও অপর্যাপ্ত ঘুম স্মরণশক্তিকেও কমিয়ে দেয় কিছুটা। শরীর-মনে ক্লান্তি আসে আর দুশ্চিন্তা যায় আরও বেড়ে। যতটুকু একজনের পারার কথা, ঘুম কম হলে কিন্তু তার সেই ‘‘পারফরমেন্স’’-এর মানও কমে যায়।’ তাই দেখা যাচ্ছে, ভালো করে পড়ার জন্য রাত জাগলে ফল হয় আসলে উল্টো।পরীক্ষার আগে তাই রাত জেগে পড়া নয়, ঘুমটা বেশি জরুরি। তিনি আরও জানান, পড়াশোনা করার পর, কোনো পড়া শেখার পর একটু ঘুমিয়ে উঠলে তা বেশ মনে থেকে যায়। মস্তিষ্ককে খানিক বিশ্রাম দিলে মনোসংযোগ বাড়ে, স্মরণশক্তিও বাড়ে। আর প্রাকৃতিক নিয়মেই রাতটা হলো আমাদের ঘুমের জন্য। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য তাই ঘুমটা ভালোমতো দরকার।তবে উচ্চমাধ্যমিক পরীক্ষার পড়াটা বেশি, বাঁধাধরা সময়ে পড়া শেষের চাপটাও তাই তুলনামূলক বেশি। সে কারণে স্বভাবতই পরীক্ষার আগে তো আর এত ঘুমানো সম্ভব নয়। আবার অনেকের রাতের বেলায়ই বেশি পড়ে অভ্যাস। তাই চিকিৎসক খালেদার মতে, পড়া শেষ করতে গিয়ে একদমই সময়ে না কুলালে পরীক্ষার আগের রাতে অন্ততপক্ষে চার ঘণ্টা ঘুমিয়ে নিতে হবে। আর দিনে পড়ার বিরতিতে আধা বা এক ঘণ্টার একটা ছোট্ট ঘুম দিলে আবার বেশ তরতাজা হয়ে পড়া শুরু করা যায়। তবে দিনে ঘুম না এলে বা অভ্যাস না থাকলে এ সময়টুকু স্রেফ চোখটা বন্ধ করে শুয়ে মস্তিষ্ককে শিথিল হওয়ার সুযোগটা করে দিতে হবে। পড়া হবে রাত না জেগেও...আগে থেকে ভালো করে না পড়ে রাখলে শেষ মুহূর্তে পড়া শেষ করতে রাত জাগতেই হয়। আবার সবকিছু মনে আছে কি না, এ প্রশ্নটার উত্তর আরেকবার দেখে নিই, ইস্, কখন সব পড়া শেষ হবে আর সময় নেই ইত্যাদি হরেক উদ্বেগ আর ভয় হলো পরীক্ষার্থীদের রাত জেগে পড়ার কারণ—বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক হামিদা আখতার বেগম। সুতরাং এ সমস্যাগুলোর সমাধান করে ফেললেই আর সময় ফুরিয়ে যাওয়ার দুশ্চিন্তা নেই, গভীর রাত পর্যন্ত জেগে পড়ার প্রয়োজনও নেই। সে জন্য দিনের বেলা সময় ভাগ করে নিয়ে সেই সূচিমতো পড়ে ফেলতে হবে। আর পড়তে হবে ঠান্ডা মাথায়, কোনো প্রকার উত্কণ্ঠা না করে। তাহলেই পড়া মনে থাকবে। সময়মতো পড়ে ফেলে সেটা রিভিশন দিতে পারলে পরীক্ষার্থীদের একটা আত্মবিশ্বাস তৈরি হয়। তাতে আর তাকে পড়া শেষ হয়নি—এ চিন্তায় ভুগে রাত জেগে পড়তে তো হয়ই না, ঘুমটাও ভালো হয়, মনেও থাকে সব। দীর্ঘ এক-দেড় মাস ধরে দিতে হবে পরীক্ষা। ফলে একনাগাড়ে রাত জেগে জেগে পড়লে শরীর-মন দুটোই ক্ষতিগ্রস্ত হবে নিশ্চিতভাবে। ঢাকা কলেজের অধ্যক্ষ সিরাজুদ্দিন আহমেদ পরীক্ষার্থীদের দিয়েছেন কিছু জরুরি পরামর্শ, ‘এবারকার রুটিনে দেখছি, বাংলা-ইংরেজি পরীক্ষাগুলোর মাঝে রয়েছে বেশ বড় ছুটি। পরের দিকের পরীক্ষাগুলোয় ছুটি কম, তখন সে বিষয়গুলোর সব পড়া শেষ করাটা চাপ হয়ে দাঁড়াবে। তাই এ বড় ছুটিগুলোতে সময় ভাগ করে পরের দিককার বিষয়গুলো কিছুটা পড়ে রাখা যেতে পারে। তাতে পরবর্তীকালে মানসিক চাপটা কম থাকবে বিধায় পড়া দ্রুত হবে আর রাত অবধি পড়ার দরকার হবে না। প্রশ্নোত্তরগুলোকে গুরুত্ব অনুযায়ী তিন স্তরে ভাগ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ভালো করে পড়ে রাখতে হবে আগে। এরপর বাকিগুলো দেখতে হবে। ঠিকমতো সময়সূচি অনুসারে পড়লে রাত সাড়ে ১০টা ১১টার পর আর জাগারই প্রয়োজন পড়বে না। একটানা নয়, বিরতি দিয়ে সকাল থেকে রাত অবধি এ সময়টুকুতে ৮-১০ ঘণ্টা পড়াই যথেষ্ট। আর পয়েন্ট করে অনেক প্রশ্নের উত্তর দেওয়া যায়। শেখার পর উত্তরের পয়েন্টগুলো বিশ্রামের সময় মনে মনে আউড়ানো যেতে পারে। পয়েন্ট আকারে কিছু শিখলে তা মনে রাখা সহজ হয়, নম্বরও বেশি পাওয়া যায়।’চাই অভিভাবকদের সহযোগিতাসন্তানেরা তো পরীক্ষা নিয়ে চিন্তিত হবেই। অভিভাবকদের দায়িত্ব তাদের সহযোগিতা করা। অনেকে আছেন, যাঁরা সন্তান রাত জেগে না পড়লে ভাবেন, সে ঠিকমতো পড়ছে না। ভালো ফল করতে হবে—এ চাপেও অনেকে রাখেন পরীক্ষার্থীদের। তাতে অনেক সময় সন্তান নিজের ওপর জোর খাটিয়ে, মানসিক চাপে থেকে নিজের ক্ষমতার বাইরে গিয়ে পড়াশোনায় সময় দেয়। এটি একদমই উচিত নয় বলে মনে করেন চিকিৎসক আহমেদ। ভীতিকর নয়, বরং মা-বাবার উচিত, পরীক্ষাকে সহজ ও আনন্দদায়ক করে তোলা পরীক্ষার্থীর কাছে। শরীরের যত্নও নেওয়া চাই অবশ্যই। চিকিৎসক খালেদা মনে করেন, অনেক মায়েরা ভাবেন, এত পড়াশোনায় শরীর খারাপ হবে, তাই বারবার সন্তানকে খাওয়াতে চান। এতে পরীক্ষার্থীরা বিরক্ত হয়। তাই খাওয়া নিয়ে চাপাচাপি না করে তাকে যতটুকু প্রয়োজন পুষ্টিদায়ক, শক্তিবর্ধক, প্রোটিনসমৃদ্ধ খাবার খেতে দিন। ফলমূল রাখুন খাদ্যতালিকায়। আর এ গরমে প্রচুর পানি খেতে হবে। ডাবের পানি বা শরবত বেশি করে খাওয়া যেতে পারে।তিনি আরও জানান, অনেকের পরীক্ষাভীতি (এক্সাম-ফোবিয়া) থাকে। যাদের এমন স্নায়ুদৌর্বল্য আছে, তা যদি এ পরীক্ষার আগে বেশি হয়ে দাঁড়ায়, তবে কোনো মনোবিজ্ঞানী বা মনোরোগ-বিশেষজ্ঞের পরামর্শনেওয়া যেতে পারে। ভীতি একেবারেই অনিয়ন্ত্রিত হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শে স্বল্প মাত্রার ওষুধ ব্যবহার করা যেতে পারে। চলেই তো এল পরীক্ষাটা! আর দিন নয়, এখন সময় গোনার পালা। শেষ মুহূর্তের প্রস্তুতিতে চিকিৎসক আহমেদের পরামর্শ, সবচেয়ে বড় বিষয় হলো বিচলিত ও হতাশ না হওয়া। সময়মতো রুটিন মেনে চললে সব পড়া সময়েই শেষ করা ও মনে রাখা সম্ভব। তখন অযথা রাত জেগে পড়ার মতো ক্ষতিকর কাজটি করার কোনো প্রয়োজনই নেই।