কাল পর্দা নামছে চট্টগ্রাম পর্বের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে স্টেডিয়ামমুখী দর্শকের এমন উচ্ছ্বাস, কোলাহল থেমে যাচ্ছে আগামীকাল সোমবার থেকে  সৌরভ দাশ
চট্টগ্রামে স্টেডিয়ামমুখী দর্শকের এমন উচ্ছ্বাস, কোলাহল থেমে যাচ্ছে আগামীকাল সোমবার থেকে সৌরভ দাশ

এবার ভাঙছে মিলনমেলা। ভাঙছে ক্রিকেটযুদ্ধ, হাসি, কান্না, উল্লাস হই-হুল্লোড়। বিশ্বকাপ নিয়ে মাতামাতি, বাজি ধরা, টিকিট নিয়ে কাড়াকাড়ি, প্রিয় দলের জন্য গলা ফাটিয়ে চিৎকার—সবই থামছে। টি-টোয়েন্টি বিশ্ব আসরের চট্টগ্রাম পর্বের পর্দা নামবে আগামীকাল সোমবার।
এই কদিন বিশ্বকাপে বুঁদ হয়ে ছিল নগরবাসী। ১৫ দিনের বিশ্বকাপ পর্বের প্রস্তুতি থেকে আমেজটা শুরু হয়। আর তখন থেকে বিশ্বকাপ নিয়ে মানুষের ভাবনা, মাতামাতি। বাছাই পর্বসহ মোট ১৫টি ম্যাচ এখানে হয়েছে। ছিল বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচও। এখন বিদায়ের করুণ সুর বাজছে।
তবে এবারের চট্টগ্রাম পর্ব খুব একটা সুখকর হয়নি স্বাগতিকদের জন্য। প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে বিশাল জয়ের আনন্দ দুদিনের মাথায় মিলিয়ে যায় হংকং লজ্জায়। হংকংয়ের সঙ্গে পরাজয় বেদনাহত করেছে দর্শকদের। তবু চট্টগ্রাম থেকেই বাংলাদেশ মূল পর্বের টিকিট পেয়েছিল এটিই সান্ত্বনা।
অথচ ২০১১তে এক দিনের সীমিত ওভারের বিশ্ব আসরে স্বাগতিক দল শতভাগ সাফল্য নিয়ে চট্টগ্রাম ছেড়েছিল। ক্রিকেট বিশ্বের সেরা দল ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর হল্যান্ডকেও হারিয়েছিল তখন। ওই তুলনায় এবারের আসরটি চট্টগ্রামের জন্য একটি দুঃখগাথা।
তবে এবার চট্টগ্রাম নতুন অনেক রেকর্ড দেখেছে। সিলেটে কমলা রূপকথার জন্ম দেওয়া হল্যান্ড চট্টগ্রামে এসে ভূপাতিত হওয়া, ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলসের রেকর্ড গড়া শতক, আহসান মালিকের পাঁচ উইকেট আরও কত কী।
শ্রীলঙ্কার বিপক্ষে হল্যান্ড ৩৯ রানে অলআউট হয় এই মাঠে। আবার এটি দেখে যাঁরা হল্যান্ডের পরবর্তী ম্যাচ পানসে হবে বলে ভেবেছিলেন, তাঁরা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দ্বৈরথ মিস করেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরবর্তী ম্যাচে প্রায় জিতেই গিয়েছিল হল্যান্ড।
এ ছাড়া এই বিশ্বকাপ দিয়েছে আরও কিছু উত্তেজনাকর স্মৃতি। ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচটিই ধরুন। শ্রীলঙ্কান ১৮৯ রান তাড়া করতে গিয়ে প্রথম ওভারে দুই উইকেট হারিয়ে ফেলা ইংলিশরা চার বল বাকি থাকতেই ম্যাচটি জিতে যায়। সেটি অ্যালেক্স হেলসের ব্যাটে ভর করে। তিনি এই বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিয়ান। ৬৪ বলে অপরাজিত ১১৬ ইনিংসটি তাঁর ব্যক্তিগত প্রথম শতকও।
দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ম্যাচটিও আরেকটি টি-টোয়েন্টির সফল রূপকথা। যেটিতে শ্রীলঙ্কার জয় মাত্র পাঁচ রানে।
আর ডেইল স্টেইনের গতির ঝড় তোলা সেই ম্যাচটির কথা তো মনে রাখবেই ক্রিকেটামোদীরা। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওভারে অবিশ্বাস্য বোলিংয়ে যে ম্যাচটি বের করে আনেন স্টেইন। শেষ ওভারে সাত রান দরকার ছিল কিউইদের। হাতে রস টেলরেরটিসহ পাঁচ উইকেট। নিশ্চিত জয় ধরেই নিয়েছিল কিউই সমর্থকেরা। এই অবস্থায় দক্ষিণ আফ্রিকার কী আর করণীয়। বল তুলে দেওয়া হলো স্টেইনের হাতে। আর প্রথম তিন বলে কোনো রান দিলেন না তিনি। তিনটি উইকেটও গেল ওই ওভারে। শেষ পর্যন্ত চার রান তুলতে সক্ষম হলো নিউজিল্যান্ড। গতির ঝড় তুলে জিতিয়ে দিল দলকে।
আর ওই একটি জয়ের পর স্টেইন নিজেই বলেছেন, ‘ওই ওভার শুরুর আগে আমি নিজেও বিশ্বাস করিনি আমরা ম্যাচটি জিতব। প্রথম তিন বল ডট হওয়ার পর মনে হলো জেতা সম্ভব।’
এসব উত্তেজনাকর মুহূর্তই তো ক্রিকেটের প্রাণ। এই কারণেই কি স্মরণীয় হয়ে থাকবে না টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের চট্টগ্রাম পর্ব!