কাল বাদে পরশু ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কী মজা! এক দিন পরই পবিত্র ঈদুল আজহা। মানুষ, গরু-ছাগল সবাই ব্যস্ত। আর এই অতিরিক্ত ব্যস্ততার কারণেই গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার জনসাধারণের চোখ এড়িয়ে গেছে। হাটের কথাই ধরা যাক। প্রায় প্রতিটি হাটের গেটে লেখা আছে বিরাট গরু-ছাগলের হাট অথবা গরু-ছাগলের বিরাট হাট। কিন্তু ভেতরে গিয়ে দেখা যায় গরু-ছাগলের পাশাপাশি আকাশ ছুঁয়ে ফেলা লম্বা লম্বা উট, গম্ভীর টাইপের মহিষ, দুম্বা—এগুলো আরামে বসে বসে ঘাস চিবাচ্ছে। এর মানে কী? উট, ভেড়া, দুম্বা ও মহিষেরা বুড়িগঙ্গার আবর্জনার মতো ভেসে আসেনি। গরু-ছাগলের মতো তারাও পাঁচ টনি ট্রাকে চড়ে হাটে ল্যান্ড করেছে। অথচ তাদের নামটা হাটের গেটে লেখা হয় না। খুবই দুঃখজনক কাহিনি। তারা বোবা পশু বলে কিছু বলে না। তবে শুধু পশু নয়, কোরবানির পশু সাইজ করার জন্য যারা নিয়োজিত, সেই কসাই সম্প্রদায়কে নিয়েও রয়েছে জটিলতা। সার্টিফিকেট ছাড়া কোথাও কিছু হয় না। অথচ কসাইদের কোনো সার্টিফিকেট নেই। সাইজ করতে আসা লোকটি আসলেই পেশাদার কসাই, না কি পার্টটাইম কসাই, তার নিশ্চয়তা কে দেবে? এ ক্ষেত্রে বাংলাদেশ কসাই অ্যাসোসিয়েশন টাইপের একটি প্রতিষ্ঠানের দরকার ছিল, যারা কসাইদের অনুমোদন দেবে। যা-ই হোক, এখন আর এসব ভাবার সময় নেই। তবে ভবিষ্যতে যাতে এ ধরনের বিষয় চোখ এড়িয়ে না যায় সে ব্যাপারে সরকারকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এই মুহূর্তে বেশি কথা বলার সময় নেই। আমি জানি, আপনারা ঈদের শুভেচ্ছা এবং দু-একটা ভালো ভালো কথার জন্য অপেক্ষা করছেন। তাই আমি চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে বলে যাচ্ছি, ঈদ মোবারক! উপভোগ করুন রস+আলোর রস। আর আশা করি, আপনাদের ঈদ এবং ঈদ উপলক্ষে কেনা কোরবানির পশু—দুটোই ভালোভাবে কাটবে। সময় সংক্ষেপ। আমাকে আবার খাসি কিনতে যেতে হবে। বিদায়।