কাল রাঙামাটিতে প্রথম আলো ও রবির কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
কাল শুক্রবার রাঙামাটি জেলায় ২০১০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের প্রথম আলো ও মুঠোফোন কোম্পানি রবির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে। রাঙামাটি শহরের রাজবাড়ি এলাকার আশিকা মানবিক উন্নয়নকেন্দ্র মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে থাকবে প্রথম আলো রাঙামাটি বন্ধুসভা। এ অনুষ্ঠানে শিক্ষা বোর্ড নির্ধারিত তিনটি সেরা শিক্ষাপ্রতিষ্ঠানকেও সম্মাননা দেওয়া হবে। রাঙামাটি জেলার যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে যারা নিবন্ধিত হয়নি তাদেরও যথাসময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। কাপ্তাই উপজেলার কৃতী শিক্ষার্থীদের অনুষ্ঠানে আসার জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে। ওই দিন সকাল আটটায় বড়ইছড়ির কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে থেকে রাঙামাটির উদ্দেশে বাস ছাড়বে।