কাল লড়বেন বলীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর ঘুরে আবার এল ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলা। শতবর্ষী এই বলীখেলার আসর বসবে আগামীকাল শুক্রবার বিকেলে লালদীঘি মাঠে।

তার আগে আজ বৃহস্পতি থেকে শুরু হচ্ছে তিন দিনের বৈশাখী মেলা। মেলার আয়োজন বড় হলেও মূল আকর্ষণ বলীখেলা। এতে প্রতিবছর চট্টগ্রামসহ সারা দেশের বলীরা অংশ নেন। পেশাদার বলীর পাশাপাশি খেলায় অংশ নেন অনেক শৌখিন তরুণও।

এবারের বলীখেলায় অংশ নেওয়ার আগ্রহ জানিয়ে ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানের অন্তত ১০০ জন বলী আয়োজকদের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানা গেছে। আবদুল জব্বার স্মৃতি বলীখেলা ও বৈশাখী মেলা উদ্যাপন কমিটি ইতিমধ্যে খেলার প্রস্তুতি সম্পন্ন করেছে।

বলীখেলাকে সামনে রেখে লালদীঘি মাঠে প্রস্তুত করা হয়েছে একটি রিং। এ ছাড়া চারপাশে বাঁশের বেষ্টনী তৈরি করা হয়। এবার বলীখেলা শুক্রবার হওয়ায় দর্শকের ভিড় বাড়বে বলে মনে করছেন আয়োজকেরা।

উদ্যাপন পরিষদের সভাপতি ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী বলেন, ‘বলীখেলা নিয়ে আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি। খেলার জন্য ইতিমধ্যে অনেকে যোগাযোগ করেছেন। নিরাপত্তার জন্য আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবকের পাশাপাশি পুলিশ মোতায়েন থাকবে।’

বলীখেলার এবার ১০৫তম আসর। ১৯০৯ সালে বদরপাতির ব্যবাসয়ী আবদুল জব্বার সওদাগর বলীখেলার প্রবর্তন করেছিলেন। ব্রিটিশবিরোধী আন্দোলনে তরুণদের উদ্বুদ্ধ করতে এই বলীখেলার প্রচলন হলেও এখন এটি চট্টগ্রামের মানুষের প্রাণের মেলায় পরিণত হয়েছে। জব্বারের বলীখেলার আদলে এখন বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন স্থানেও একই ধরনের কুস্তি বা বলীখেলার আয়োজন হয়।

খেলায় অংশ নিতে আজই চট্টগ্রামে আসছেন গতবারের চ্যাম্পিয়ন রামুর দিদার বলী। তিনি গতবার ব্রাহ্মণবাড়িয়ার অলি বলীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন। এবারও শিরোপা ধরে রাখার জন্য লড়বেন বলে জানিয়েছেন। দিদার মুঠোফোনে বলেন, ‘আমি আবারও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে এবার লড়ব। এ জন্য প্রস্তুতিও নিয়েছি।’

এ পর্যন্ত দিদার বলী জব্বারের বলীখেলায় যৌথ ও এককভাবে আট বার চ্যাম্পিয়ন হয়েছেন। জব্বারের বলীখেলার বড় বিজ্ঞাপন এই দিদার বলী।

ঢোল ও বাদ্যযন্ত্রের তালে তালে বলীরা রিংয়ে ওঠে খেলায় অংশ নেবেন। বলীখেলায় রেফারির ভূমিকায় প্রতিবারের মতো দেখা যাবে ওয়ার্ড কাউন্সিলর আবদুল মালেককে। তার সঙ্গে থাকবেন আরও কয়েকজন। বলীখেলায় চ্যাম্পিয়নকে ক্রেস্টের পাশাপাশি নগদ টাকাও দেওয়া হবে।