কাল সফটওয়্যার মুক্তি দিবস
বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে মুক্ত সফটওয়্যার ব্যবহূত হচ্ছে। তবে মুক্ত সফটওয়্যারের ক্ষেত্রে কিছু বিষয় রয়েছে। যেমন মুক্ত সফটওয়্যার মানে শুধু লিনাক্স অপারেটিং সিস্টেমকেই বোঝানো হয় এমনটি নয়। তা ছাড়া এটি সব ক্ষেত্রে বিনা মূল্যে পাওয়া যাবে এ কথাটিও ঠিক নয়। মুক্ত সফটওয়্যার বলতে কম্পিউটারে ব্যবহার উপযোগী সব ধরনের সফটওয়্যারই হতে পারে। বর্তমানে বহুল ব্যবহূত মুক্ত সফটওয়্যারগুলোর মধ্যে জনপ্রিয় হচ্ছে ওয়েবসাইট দেখার সফটওয়্যার মজিলা ফায়ারফক্স, ভিএলসি মিডিয়া প্লেয়ার, ওপেন অফিস ইত্যাদি।বিশ্বে মুক্ত সফটওয়্যার আন্দোলন একটি সামাজিক আন্দোলন হিসেবে হয়ে আসছে। যার অন্যতম উদ্দেশ্য কম্পিউটার ব্যবহারকারীদের অধিকার সংরক্ষণ করা। আর এ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য মুক্ত সফটওয়্যার আন্দোলন, মুক্ত সফটওয়্যার তৈরি করতে ও ব্যবহার করতে উৎসাহ প্রদান করা হয়। আশির দশকের শুরুর দিকে মুক্ত সফটওয়্যার আন্দোলনের প্রবক্তা রিচার্ড স্টলম্যানের জিএনইউ কার্যক্রমের মাধ্যমে এগিয়ে চলছে এ আন্দোলন। আন্দোলনকে ত্বরান্বিত করতে ২০০৪ সাল থেকে প্রতি বছরের সেপ্টেম্বর মাসের তৃতীয় শনিবার পালন করা হয় ‘সফটওয়্যার মুক্তি দিবস’ হিসেবে। চলতি বছরের এ দিনটি হচ্ছে আগামীকাল ১৭ সেপ্টেম্বর। ২০০৪ সালের জানুয়ারির শুরুর দিকে ম্যাট ওকুয়েস্ট নামের একজন প্রোগ্রামার মুক্ত সফটওয়্যার বিতরণের জন্য একটি আন্তর্জাতিক দিন ঘোষণার প্রস্তাব করেন। সে সময় ‘দি ওপেন ডিস্ক’ নামের একটি প্রকল্প শুরু করা হয়েছিল, যার মাধ্যমে মাইক্রোসফট উইন্ডোজে ব্যবহার উপযোগী মুক্ত সফটওয়্যারগুলো একত্রে বিতরণ করা হচ্ছিল। খুব দ্রুত তার এ প্রস্তাব অনুযায়ী ‘সফটওয়্যার মুক্তি দিবস’ নামের দিবসটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং প্রথম বছরই বিশ্বের ৭০টি স্থানে এ দিবসটি পালন করা হয়। এ দিবসটি পালনের মূল উদ্দেশ্যকে তুলে ধরতে প্রতিবারই আয়োজনে ভিন্নতা আনা হয়। আয়োজনের মধ্যে থাকে মুক্ত সফটওয়্যারবিষয়ক আলোচনা, আড্ডা, কর্মশালা, মুক্ত সফটওয়্যার ক্যাম্প ইত্যাদি। সফটওয়্যার ফ্রিডম ইন্টারন্যাশনাল (www.softwarefreedomday.org/en/sfi) নামের একটি প্রতিষ্ঠান সর্বপ্রথম এ দিবসটি পালনের উদ্যোগ নেয় এবং বর্তমানে এটি একটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। এ আয়োজনের বিস্তারিত রয়েছে http://wiki.softwarefreedomday.org ঠিকানার ওয়েবসাইটে। চলতি বছর সারা বিশ্বের ১০০টিরও বেশি দেশে নানা আয়োজনের মাধ্যমে পালিত হবে এ আয়োজন। দিবসটি পালনের ক্ষেত্রে বিশ্বসেরা গুগল, নকিয়া, রেড হ্যাট, জুমলা, ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশন পৃষ্ঠপোষকতা করে আসছে। বিশ্বের মতো বাংলাদেশেও এ উৎসবটি পালন করা হবে। ২০০৬ সাল থেকে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) নিয়মিত এ দিবসটি পালন করে আসছে। এবারও বিডিওএসএনের প্রধান কার্যালয়ে দিবসটি উপলক্ষে একটি আলোচনা অনুষ্ঠান এবং একটি আড্ডার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। বিডিওএসএন ছাড়াও বাংলাদেশ লিনাক্স ইউজার্স অ্যালায়েন্স (বিএলইউ) ও ফাউন্ডেশনের ওপেন সোর্স সলিউশন বাংলাদেশ (এফওএসএস) নানা আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করবে। বাংলাদেশের পাশাপাশি বিশ্বে আর কারা কারা এ দিনটি উদ্যাপন করছে তা জানা যাবে http://wiki.softwarefreedomday.org/categoryteam2011 ঠিকানায়। এ ঠিকানায় নিবন্ধন করা বিশ্বের বিভিন্ন আয়োজনের মধ্য থেকে সেরা আয়োজকদের দেওয়া হবে পুরস্কার।