কালপুরুষের নাট্যত্রয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মঞ্চে পর পর তিনটি নাটক। একই সেটে তিন নাটকে তিনভাবে প্রদর্শন। এমনটাই দেখা গিয়েছিল ৫ নভেম্বর নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে। সেদিন সন্ধ্যায় এখানে ‘স্কেচ নাট্যত্রয়ী’ সন্ধ্যার আয়োজন করে কালপুরুষ নাট্য সম্প্রদায়। এটি কালপুরুষের পঞ্চম প্রযোজনা। নাট্যত্রয়ীর অনুবাদ, আবহ ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন শান্তনু বিশ্বাস। নির্দেশনা দিয়েছেন শুভ্রা বিশ্বাস।
ইংরেজ নাট্যকার অ্যালেন আইকবোর্নের মাদার ফিগার, হ্যারল্ড পিন্টারের অ্যাপ্লিক্যান্ট ও এন এফ সিম্পসন রচিত ওয়াজ হি অ্যানিওয়ান এ তিনটি ছোট নাটক নিয়ে মঞ্চায়িত হয়েছে কালপুরুষের নাট্যত্রয়ী। এসব নাটকের নামকরণ করা হয়েছে মাতৃচরিত (মাদার ফিগার), প্রার্থী (অ্যাপ্লিক্যান্ট) ও খোলা হাওয়া (ওয়াজ হি অ্যানিওয়ান)। এসব নাটকে উঠে এসেছে সমাজের নানা চিত্র। প্রেক্ষাপট ভিন্ন হলেও তিনটি নাটক যেন ছিল একই সুতোয় গাঁথা। একজন নারীর মা ও স্ত্রী হিসেবে দায়িত্ব পালনের নানা ঘটনা নিয়ে আবর্তিত হয়েছে মাতৃচরিত নাটকের কাহিনি।
নাটকে দেখা যায়, সারাক্ষণ জীবিকার প্রয়োজনে ঘরের বাইরে থাকেন সেই নারীর স্বামী। আর নারী মা ও স্ত্রী হিসেবে সংসারের জন্য নিবেদিত প্রাণ। প্রায় সময় কাটে একা একা। এক সময় একাকিত্বকে ভুলে হাতের সামনে যেটুকু আছে তা নিয়ে ভালো থাকার চেষ্টা করেন তিনি।
প্রশ্ন উত্তরের পালা নিয়ে তৈরি হয়েছে নাটক প্রার্থী। এই নাটকে পুরুষশাসিত সমাজ ব্যবস্থাকে খানিকটা আড়চোখে দেখা হয়েছে। অন্যদিকে ‘খোলা হাওয়া’ নাটকে ফুটে উঠেছে এক দম্পতির নিঃসঙ্গতার চিত্র। যারা নিজেদের নিঃসঙ্গতা দূর করতে খোলা হাওয়ার আশ্রয় নেওয়ার জন্য উদগ্রিব হয়ে উঠেছেন।
নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শুভ্রা বিশ্বাস, সাহিদ উদ্দিন আহমেদ, প্রবীর পাল, মিশফাক রাসেল, মিতাশা মাহরিন, অমৃতা নন্দিনী ও ফারজানা মুনমুন।