কালভার্ট না মরণ ফাঁদ

চট্টগ্রামের ফটিকছড়ির গহিরা-হেঁয়াকো সড়কের লেলাং নয়াহাটে এলাকায় ঝুঁকিপূর্ণ কালভার্টে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে আংশিক দেবে যায় ওই কালভার্টটি। অতিরিক্ত ওজনের যানবাহন চলাচলের কারণে সম্প্রতি আরও কয়েক দফা ক্ষতি হয় কালভার্টটির। বেশ কয়েকবার সংস্কার করা হলেও এটি ঝুঁকিপূর্ণ রয়েই গেছে।
সওজ ফটিকছড়ি কার্যালয় সূত্র জানায়, গহিরা-হেঁয়াকো সড়কের লেলাং নয়াহাট–সংলগ্ন এলাকায় স্বাধীনতা–পরবর্তী সময়ে একটি বক্স কালভার্ট নির্মাণ করা হয়। এর দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট। ওই সড়কের ওপর দিয়ে লেলাং, রাঙ্গামটিয়া, ধুরং, চৌমুহনী, নানুপুর, ঢালকাটা, বিনাজুরী, চাড়ালিয়াহাট, শাহনগর, নয়াহাটসহ অন্তত ২৫টি এলাকায় যানবাহন নিয়মিত চলাচল করে থাকে। নিয়মানুযায়ী ওই কালভার্টের ওপর দিয়ে সর্বোচ্চ পাঁচ টন ধারণক্ষমতার যানবাহন চলাচল করার কথা। কিন্তু সেই নিয়ম উপেক্ষা করে কালভার্টের ওপর দিয়ে ২০-২৫ টন ওজনের গাড়ি চলে। এ কারণে কালভার্টটি ক্ষতিগ্রস্ত হয়।
অন্যদিকে, ২০১৪ সালের বন্যা ও পাহাড়ি ঢলে এ কালভার্টের পূর্ব পাশ আরও খানিকটা দেবে যায়। পরে সওজ কালভার্টটি সংস্কার করে। গত ২০১৫ সালের ঈদুল ফিতরের সময় আবারও কালভার্টটি দেবে গেলে সেখানে একটি লোহার পাটাতন দিয়ে যানবাহন চলাচল সচল রাখা হয়।
এলাকার লোকজন বলেন, ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের পর কালভার্টটি সঠিকভাবে সংস্কার করা হয়নি। দায়সারাভাবে সংস্কারের কারণে গাড়ি চলাচলের সময় এটি নড়তে থাকে। ফলে দুর্ঘটনায় ঘটছে প্রতিনিয়ত। সম্প্রতি ওই কালভার্ট দিয়ে চলাচল করতে গিয়ে মাহালিয়া টিলার সাহাবুদ্দিন, রহিম উল্লাহ ও শহিদুল আলম নামের তিন ব্যক্তি আহত হন। এ ছাড়া লেলাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জয়নব, লিটন, মহিবুল্লাহ ও তাজিনসহ এলাকার আরও অনেকে আহত হয়েছে বলে এলাকাবাসী জানান। লেলাং নয়াহাটের ব্যবসায়ী জোনায়েদ হোসেন বলেন, গত দুই মাসে কালভার্ট পার হতে গিয়ে সাত-আটটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে।
২ অক্টোবর সরেজমিনে দেখা যায়, ভাঙা কালভার্টের ওপর পাটাতন লাগিয়ে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। এই সময় একটি সিএনজি চালিত অটোরিকশা পাটাতনে আটকে থাকতে দেখা যায়। অটোরিকশা চালক মো. সেলিম উদ্দিন বলেন, পারাপারের সময় গাড়ির পাটাতনটি বেঁকে গিয়ে গাড়ি আটকে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় গাড়িটি উদ্ধার করা হয়।
লেলাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার উদ্দিন চৌধুরী বলেন, কালভার্টটি এলাকাবাসীর জন্য বিষফোড়া। এটি পুনর্নির্মাণের জন্য সংশ্লিষ্ট কার্যালয়ে লিখিতভাবে জানানো হয়েছে। তারা আশ্বাস দিলেও দীর্ঘদিনেও কোনো কাজ হয়নি।
সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী রাশেদুল আলম বলেন, নিয়মনীতি উপেক্ষা করে অতিরিক্ত ওজনের গাড়ি চলাচল করায় বারবার মেরামতের পরও কালভার্টটি নষ্ট হয়ে যাচ্ছে। বর্তমানে তহবিল না থাকায় কালভার্টটি সংস্কার করা যাচ্ছে না।