কালভার্ট নির্মাণে ধীরগতি ভোগান্তিতে এলাকাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং বাজার-দূরছড়ি সড়কে কালভার্ট নির্মাণকাজ চলছে ধীরগতিতে। প্রায় এক কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে কালভার্টটির নির্মাণকাজ গত ৩০ জুনের আগে শেষ হওয়ার কথা থাকলেও এখনো মাটি ভরাটসহ ২৫ ভাগের বেশি কাজ বাকি রয়েছে। বর্তমানে মাটি না পাওয়ায় কালভার্টটির নির্মাণকাজ কখন শেষ হবে, তা নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে।

ওই সড়কে তিন বছর ধরে যানবাহন চলাচল বন্ধ থাকায় কাচালং বাজারসহ আশপাশের লোকজনকে বিকল্প সড়ক দিয়ে গন্তব্যে যাতায়াত করতে হচ্ছে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে সংশ্লিষ্ট সবাই। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারের অবহেলার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছর তিন নভেম্বর কাচালং বাজার-দূরছড়ি সড়কে বক্স কালভার্ট নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। ৬১ দশমিক ৪ মিটার দৈর্ঘ্য ও সাড়ে তিন মিটার প্রস্থের কালভার্টটির নির্মাণকাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান কপোতেশ্বর এন্টারপ্রাইজ। কাজ শেষ করার কথা ৩০ জুনের মধ্যে।

কাচালং বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক পঞ্চম কর্মকার বলেন, ‘কালভার্টটি নির্মাণ না হওয়ায় আমাদের বিকল্প হিসেবে মারিশ্যা বাজার-পৌরসভার বেইলি সেতু হয়ে উপজেলা সদরে যাতায়াত করতে হয়। এতে দুর্ভোগ পোহানো ছাড়াও দুই মিনিটের জায়গায় ১৫ থেকে ২০ মিনিট সময় লাগে।’

জানতে চাইলে ঠিকাদার মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে জানান, কালভার্টের মূল কাজ জুন মাসে শেষ হয়েছে। তবে কালভার্টের দুপাশে মাটি ভরাটসহ আনুষঙ্গিক কিছু কাজ বাকি রয়েছে। এখন স্থানীয়ভাবে মাটি না পাওয়ায় মাটি ভরাটের কাজ করা যাচ্ছে না। এ ছাড়া তিনি জানান, দরপত্রে মাটি ভরাট খাতে বরাদ্দ রাখা হয়েছে মাত্র ছয় লাখ টাকা। কিন্তু বাইরের এলাকা থেকে মাটি আনতে হলে ১৫ লাখ টাকার বেশি খরচ হবে।

বাঘাইছড়ি স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলী মুহাম্মদ জিয়াউল হক বলেন, ‘আমরা কাজটি তাড়াতাড়ি বুঝিয়ে দেওয়ার জন্য ঠিকাদারকে একাধিকবার তাগাদা দিয়েছি। কিন্তু ঠিকাদার কালভার্টের দুপাশে মাটি ভরাটে সমস্যার কথা বলছেন। সম্প্রতি তাঁরা কাচালং নদ থেকে বালু আনার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এ ব্যাপারে এলাকার লোকজনের আপত্তি থাকায় সেখান থেকে বালু আনা যাচ্ছে না। এ কারণে কাজ থেমে আছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উপজেলা প্রকৌশলীকে বলা হয়েছে।