কালভার্ট ভাঙা, বাড়ছে দুর্ঘটনা

ফটিকছড়ির নানুপুর-খিরাম সড়কের প্রেমপুর এলাকায় কালভার্টটি মেয়াদোত্তীর্ণ হয়েছে অনেক আগেই। তিন টনের ওপরে যানবাহন চলায় নিষেধাজ্ঞাও আছে। কিন্তু কে শোনে কার কথা। দিব্যি পাঁচ থেকে ১০ টনের ইট ও মাল বোঝাই গাড়ি চলাচল করছে। ফলে দিনে দিনে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে চলাচল।
সরেজমিনে দেখা গেছে, প্রায় ১৫ ফুটের কালভার্টের একাংশ ভেঙে গেছে। ভাঙা অংশে গাছ ফেলে চলাচল করছে গাড়ি। যেকোনো ওই অংশ পার হচ্ছে সতর্ক হয়ে। কিন্তু এর মধ্যে কাঠ ও ইট বোঝাই গাড়ি চলাচল করছে। এ ছাড়া যাত্রীবাহী জিপ ও সিএনজিচালিত অটোরিকশাও চলাচল করে।
নানুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ ওসমান গণি বলেন, ওই কালভার্টে গত দুই মাসে যাত্রীবাহী ছোট-বড় ছয় থেকে সাতটি গাড়ি দুর্ঘটনায় পড়ে। এতে অন্তত ১০ জন যাত্রী আহত হন। দ্রুত সংস্কার না করলে এটি যেকোনো মুহূর্তে ভেঙে পড়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যেতে পারে।
খিরাম গ্রামের বাসিন্দা পত্রিকা বিক্রেতা মানু চন্দ্র মহাজন বলেন, ‘বেশির ভাগ দুর্ঘটনা ঘটছে রাতে। তখন এক পাশের গাড়ি বিপরীত দিক থেকে আসা গাড়িকে পাশ কাটাতে গিয়ে পাশের ধান খেতে পড়ে যায়।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ফটিকছড়ি উপজেলা কার্যালয় সূত্র জানায়, স্বাধীনতা পরবর্তী সময়ে কালভার্টটি নির্মাণ করা হয়। অব্যাহতভাবে ভারী যানবাহন চলাচল করায় এটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। ওই সড়কের ওপর দিয়ে উপজেলার বর্মাছড়ি, লক্ষ্মীছড়ি, দৌলত মুন্সিরহাট, খিরাম, চৌমুহনী, নানুপুর, উত্তর ধর্মপুর, হচ্ছারঘাট, কমিটিহাট বাজার, রাউজানের হলদিয়াসহ অন্তত ১৫টি আন্তসংযোগ সড়কের যানবাহন চলাচল করে।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী ম. বিল্লাল হোসেন বলেন, কালভার্টটি সংস্কারের জন্য ১৬ লাখ টাকা চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর প্রকল্প প্রাক্কলন তৈরি করে পাঠিয়েছি। এখনো বরাদ্দ মেলেনি। বরাদ্দ পেলে সংস্কার কাজ শুরু হবে। তিনি আরও বলেন, দুই বছর আগে কালভার্টটির একাংশ ভেঙে গেলে স্থানীয় লোকজন ভাঙা অংশে গাছ বিছিয়ে যোগাযোগ সচল রাখে।