কালভার্ট হলেও সংযোগ সড়ক হয়নি ২০ বছরেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের পণ্ডিত ডেইল এলাকায় খালের ওপর একটি কালভার্ট নির্মাণের পর ২০ বছর অতিক্রান্ত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এর দুই পাশে সংযোগ সড়ক করা হয়নি। এ কারণে স্থানীয় লোকজন গাছের মই বসিয়ে কালভার্টের ওপর দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে। খোঁজ নিয়ে জানা গেছে, ধলঘাটা ইউনিয়নের পণ্ডিত ডেইল এলাকার লোকজন যাতায়াতের জন্য স্থানীয় প্রকৌশল অধিদপ্তর ১৯৯২ সালে খালের ওপর প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে একটি কালভার্ট নির্মাণ করে। এরপর কালভার্টের দুই পাশে কোনো সংযোগ সড়ক নির্মাণ না করায় কালভার্টটি এখন স্থানীয় লোকজনের কাল হয়ে দাঁড়িয়েছে। গত সোমবার সরেজমিন গিয়ে দেখা গেছে, খালের ওপর কালভার্ট নির্মাণ করলেও দুই পাশে সংযোগ সড়ক করা হয়নি। কালভার্টের ওপর দিয়ে পারাপার করতে স্থানীয় লোকজন গাছের মই দিয়েছে। এতে লোকজন ওঠানামা করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। পণ্ডিত ডেইল এলাকার বাসিন্দা আবদুল নবী, আনোয়ার হোসেন ও মনির হোসেন বলেন, প্রায় ২০ বছর আগে এই এলাকার লোকজন যাতায়াত করার সুবিধার্থে খালের ওপর একটি কালভার্ট নির্মাণ করা হয়। শুষ্ক মৌসুমে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে পারলেও বর্ষার মৌসুমে নৌকা দিয়ে চলাচল করতে হয়। ধলঘাটা হোছাইনিয়া দারুল উলুম দাখিল মাদ্রাসার শিক্ষক ফরিদুল আলম প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজন সংযোগ সড়ক নির্মাণের জন্য অনেক দিন ধরে দাবি জানিয়ে এলেও কোনো কাজ হয়নি।তবে ধলঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৌলভী মকবুল আহমদ বলেন, সংযোগ সড়ক করার জন্য অনেকবার কালভার্টের দুই পাশে মাটি দেওয়া হয়। কিন্তু বর্ষার মৌসুমে জোয়ার-ভাটার কবলে পড়ে তা বিলীন হয়ে যায়।তাই কালভার্টের দুই পাশে গাইড ওয়াল দিয়ে টেকসই বাঁধ নির্মাণ করা দরকার। উপজেলা প্রকৌশলী মোশাররেফ হোসেন জানান, ধলঘাটার বিভিন্ন সড়কের সংস্কার ও সংযোগ সড়ক নির্মাণের জন্য বরাদ্দ চেয়ে ইতিমধ্যে স্থানীয় প্রকৌশল অধিদপ্তরে আবেদন করা হয়েছে।এ প্রসঙ্গে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, ‘বিভিন্ন সময়ে দুর্যোগের কবলে পড়ে উপকূলীয় দ্বীপ ধলঘাটার বিভিন্ন সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ কারণে ওই এলাকার লোকজন চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে।’