কালভার্ট হয়েছে সড়ক হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালভার্টের নির্মাণকাজ শেষ হয়েছে গত বছরের জুনে। কিন্তু এখনো হয়নি সংযোগ সড়ক। ফলে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের পূর্ব রাজারকুল-দরগাহমুরা সড়কে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে স্থানীয় লোকজন। সাম্প্রতিক বন্যায় কালভার্টের একপাশ ভেঙে ধসে পড়ার উপক্রম হয়েছে।স্থানীয় লোকজন জানান, কালভার্টের একপাশে পূর্বরাজারকুল, অন্যপাশে বৌদ্ধদের একমাত্র শ্মশান, কাউয়ারখোপ, মনিরঝিল, ফুলনীরচর গ্রাম ও পার্বত্য উপজেলা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি ইউনিয়ন অবস্থিত। তাই প্রতিদিন এ সড়ক দিয়ে শিক্ষার্থীসহ অন্তত ২০ হাজার মানুষ বিদ্যালয়, কলেজ, হাটবাজার,অফিস-আদালতে এবং বিভিন্ন রকমের সবজি নিয়ে রামু ফকিরা বাজারে যায়। কিন্তু কালভার্টের দুই পাশে মাটি না থাকায় গাছ-বাঁশ ফেলে পার হওয়ার সময় পড়ে গিয়ে অনেকে আহত হচ্ছে। রাজারকুল ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, পূর্ব রাজারকুল বাঁকখালী নদীর ঘাট থেকে দরগাহমুরা পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য এক কিলোমিটার। এর মধ্যে আধা কিলোমিটার ইট বিছানো এবং বাকিটা কাঁচা। কাঁচা অংশে ২০০৯ সালে থোক বরাদ্দ ও লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি) থেকে দুই কিস্তিতে এক লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে ৩৩ মিটার দৈর্ঘ্যের বক্স কালভার্টটি নির্মাণ করা হয়।রামু খিজারী বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন বড়ুয়া জানান, পূর্বরাজারকুল গ্রামবাসীর একমাত্র শ্মশানটি দরগাহমুরা এলাকায় অবস্থিত। তাই বর্ষাকালে গ্রামের কেউ মারা গেলে মরদেহ নিয়ে প্রায় আধা কিলোমিটার ধানখেত মাড়িয়ে শ্মশানে যেতে হয়। শুষ্ক মৌসুমে কাদা মাড়িয়ে চলাচল করলেও বর্ষায় ভাঙা অংশটি পানিতে সয়লাব হয়ে যায়। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য স্বপন বড়ুয়া বলেন, ‘গত বছরের জুনে কালভার্টের নির্মাণকাজ শেষ হয়। দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি মানুষের কোনো কাজে আসছে না। সাম্প্রতি বন্যার পানির স্রোতে একপাশের গাইড ওয়াল ভেঙে যাওয়ায় কালভার্টটি ধসে পড়ার উপক্রম হয়েছে।’ এ প্রসঙ্গে রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুর রহিম জানান, ‘দায়িত্ব গ্রহণের পর এখনো তেমন কোনো বরাদ্দ পাওয়া যায়নি। বরাদ্দ পেলেই প্রকল্প দেওয়া হবে।’