
কালভার্টটির এক পাশ ভেঙে গর্ত তৈরি হয় চার বছর আগে। এরপর দিনে দিনে গর্ত বড় হয়েছে, কিন্তু ভাঙা অংশ সংস্কার হয়নি। দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছেন যাত্রীরা।
এই হাল কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের কালামিয়া বাজার এলাকার একটি কালভার্টের। কালামিয়া বাজার-নতুন বাজার সড়কে এটির অবস্থান। তিন কিলোমিটারের এই সড়ক দিয়ে যাতায়াত করেন ১০ গ্রামের ২০ হাজার মানুষ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মহেশখালী উপজেলা কার্যালয় সূত্র জানায়, ২০১৩ সালের জুন মাসে মালবোঝাই ট্রাক যাওয়ার সময় দেবে যায় কালভার্টটি। এরপর সেখানে সৃষ্টি হয় গর্ত।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, ৩৬ ফুট দৈর্ঘ্য ও ১৪ ফুট প্রস্থের কালভার্টের ভাঙা অংশে কাঠ বিছিয়ে দেওয়া হয়েছে। এসব কাঠ নড়বড়ে। যেকোনো মুহূর্তে ভেঙে পড়ে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। চালকেরা এই অংশ পার হচ্ছেন সাবধানে।
কুতুবজোম ইউনিয়নের লাল মোহাম্মদ সিকদারপাড়ার বাসিন্দা নুরুল আলম ও খোরশেদ আলম জানান, এই সড়ক দিয়ে চলাচল করে ইউনিয়নের লালমোহন সিকদারপাড়া, খন্দকারপাড়া, নয়াপাড়া, বটতলা, তাজিয়াকাটা, সাইটপাড়া, ঘটিভাঙা, তৈলারপাড়া, মেহেরিয়াপাড়া ও চান্দাকাটার এলাকার বাসিন্দারা। কালভার্ট ভাঙা হওয়ায় বড় গাড়ি চলে না। এখন শুধু সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল করে।
মহেশখালী আইল্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক আজিজুল করিম বলেন, ওই সড়ক দিয়ে শিক্ষার্থীরা প্রতিনিয়ত বিদ্যালয়ে আসা-যাওয়া করে। ভয়ে থাকি কে কখন দুর্ঘটনায় পড়ে। কালভার্টটি কী পুরোপুরি ভেঙে পড়লে তখন সংস্কার হবে?
কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, কালভার্ট সংস্কারের জন্য উপজেলা প্রকৌশলীকে বলা হয়েছে। তিনি সংস্কারের আশ্বাস দিয়েছেন।
জানতে চাইলে এলজিইডির মহেশখালী উপজেলা প্রকৌশলী সৈয়দ জাকির হোসেন বলেন, ইতিমধ্যে ভাঙা কালভার্ট সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।