কালভার্টটি মেরামত হয়নি ৫ বছরেও
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি-জনতাবাজার সড়কে সিডরে বিধ্বস্ত একটি কালভার্ট গত পাঁচ বছরেও মেরামত হয়নি। ফলে ওই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে ভোগান্তি পোহাচ্ছেন মাতারবাড়ি ও ধলঘাটা ইউনিয়নের লক্ষাধিক মানুষ। বন্ধ হয়ে আছে সড়ক যোগাযোগ।উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা থেকে বিচ্ছিন্ন উপদ্বীপ মাতারবাড়ি ও ধলঘাট এলাকার মানুষের যাতায়াতের জন্য মাতারবাড়ি কুহেলিয়া নদীর ওপর প্রায় চার কোটি টাকা ব্যয়ে গত ২০০৪ সালে মাতারবাড়ি-মহেশখালী সেতু নির্মাণ করা হয়। পরে ২০০৫ সালের শেষ দিকে তিন কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ওই সেতুর সংযোগ সড়ক। এরপর থেকে উপজেলা সদরের সঙ্গে মাতারবাড়ি ও ধলঘাটার সড়ক যোগাযোগ স্থাপিত হয়। কিন্তু ২০০৭ সালের নভেম্বর মাসে সিডরের আঘাতে ওই সড়কের একটি কালভার্ট বিধ্বস্ত হয়ে পড়লে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।সরেজমিনে দেখা গেছে, মাতারবাড়ি-মহেশখালী সেতুর পূর্ব পাশে সড়কের মাঝখানে কালভার্টটি ভেঙে পড়ে আছে। স্থানীয় লোকজন কালভার্ট পার হচ্ছেন হেঁটে। কালভার্টের গোড়ায় বিছানো ইট উঠে গিয়ে সৃষ্টি হয়েছে গর্ত। মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক চৌধুরী বলেন, ‘কালভার্টটি সংস্কারের জন্য উপজেলা মাসিক সমন্বয় সভায় অনেকবার বলা হলেও কোনো কাজ হয়নি। ফলে জনগণের স্বার্থে আমার ব্যক্তিগত তহবিল থেকে সংস্কারের উদ্যোগ নিয়েছি।’ এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, কালভার্টটি মেরামতের জন্য বেশ কয়েকবার দরপত্র আহ্বান করলেও কেউ দরপত্রে অংশ নেননি। এ কারণে এটি এত দিন মেরামত করা সম্ভব হয়নি। তবে বিধ্বস্ত কালভার্টটি সরিয়ে ফেলে ওই স্থানে মাটি ভরাট করে চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বলা হয়েছে।