কালভার্টের গোড়ায় হাঁ
গহিরা-হেঁয়াকো সড়কের নয়াহাট এলাকায় কালভার্টের গোড়া থেকে মাটি সরে গিয়ে সৃষ্টি হয়েছে গর্ত। দিন দিন বড় হচ্ছে গর্তের হাঁ। এর মধ্যে প্রতিদিন চলাচল করছে বিভিন্ন যানবাহন। কালভার্টটি ধসে যেকোনো মুহূর্তে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ফটিকছড়ি কার্যালয় সূত্র জানায়, গহিরা-হেঁয়াকো সড়কের লেলাং নয়াহাট-সংলগ্ন এলাকায় স্বাধীনতা পরবর্তী সময়ে একটি বক্স কালভার্ট নির্মাণ করা হয়। এর দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট। নিয়মানুযায়ী ওই কালভার্টের ওপর দিয়ে সর্বোচ্চ পাঁচ টন ধারণক্ষমতার যানবাহন চলাচল করার কথা। কিন্তু এখন কালভার্টের ওপর দিয়ে ২০ থেকে ২৫ টন ওজনের ইট ও বালু বোঝাই গাড়ি চলে। ফলে কালভার্টটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ ছাড়া এবারের বন্যা ও পাহাড়ি ঢলে কালভার্টের পূর্বপাশ দেবে যায়। পরে সওজ কালভার্টটি সংস্কার করে। কিন্তু গত মাসে কালভার্টটির গোড়া থেকে মাটি সরে আবার গর্তের সৃষ্টি হয়। সরেজমিনে দেখা গেছে, কালভার্টের পূর্ব পাশে গোড়া থেকে মাটি সরে বিরাট গর্ত সৃষ্টি হয়েছে। সওজ কর্তৃপক্ষ একটি লোহার পাটাতন ফেলে যানবাহন চলাচল সচল রেখেছে। পাটাতনের ওপর দিয়ে গাড়ি চলাচল করতে গিয়ে হিমশিম খাচ্ছেন চালকেরা। প্রায় সময় ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।স্থানীয় লোকজন জানান, এই সড়ক দিয়ে লেলাং, রাঙ্গামাটিয়া, ধুরং, চৌমুহনী, নানুপুর, ঢালকাটা, বিনাজুরী, চাড়ালিয়াহাট, শাহনগর, নয়াহাট এলাকার লোকজন যাতায়াত করেন। অন্তত ২৫টি সড়কের যানবাহন নিয়মিত চলাচল করে থাকে।্রনয়াহাট এলাকার ব্যবসায়ী মো. জোনায়েত হোসেন বলেন, গত এক মাসে কালভার্টের ওপর বসানো পাটাতনটিতে আক্রান্ত হয়ে সাত-আটটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে।্রএ ছাড়া স্থানীয় কয়েকজন ব্যক্তিও আহত হয়েছেন। ৩ সেপ্টেম্বর ওই এলাকায় গিয়ে কালভার্টের ওপর পাটাতন লাগানো স্থানে একটি সিএনজিচালিত অটোরিকশা আটকে পড়ে। লেলাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুব উদ্দিন মুহুরী বলেন, কালভার্টটি এলাকাবাসীর জন্য এখন বিষফোড়া।্রএটি নির্মাণের জন্য সওজ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন কার্যালয়ে লিখিতভাবে জানানো হয়েছে। তারা আশ্বাস দিলেও কোনো কাজ হচ্ছে না।এ ব্যাপারে সড়ক ও জনপদ বিভাগের ফটিকছড়ির দায়িত্বপ্রাপ্ত উপবিভাগীয় প্রকৌশলী শফিউল্লা খান প্রথম আলোকে বলেন, অর্থসংকটের কারণে কালভার্টটির নির্মাণকাজ করা যাচ্ছে না। তিনি আরও বলেন, ‘কালভার্টটি ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের সময় নষ্ট হয়। পরে আমরা সংস্কার করে চলাচল সচল করি। কিন্তু নিয়মনীতি উপেক্ষা করে অতিরিক্ত ওজনের গাড়ি চলাচল করায় এটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।’