কালভার্টের মাটি সরে গেছে আলী হায়দার খান সড়কের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাইয়ের আলী হায়দার খান সড়কের কালভার্টের দুই প্রান্তের মাটি সরে গিয়ে গভীর খাদের সৃষ্টি হয়েছে। কালভার্টটি বর্তমানে শূন্যে ঝুলছে। একটু অসতর্ক হলেই কালভার্টের নিচে পড়ে জান-মালের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন। কালভার্টটি পুনর্নির্মাণের দাবিতে শিক্ষার্থীরা ইতিমধ্যে আন্দোলনে নেমেছে। আলী হায়দার খান সড়কে নির্মিত ওই কালভার্ট দিয়ে নুরুল হুদা কাদেরী উচ্চবিদ্যালয় ও কর্ণফুলী কলেজের শত শত শিক্ষার্থী প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। গত ২৫ জুলাই সরেজমিনে দেখা গেছে, নুরুল হুদা কাদেরী উচ্চবিদ্যালয়ের ছাত্ররা কালভার্টের ওপর উঠতে গিয়ে থমকে যায়। পরে ভয়ে ভয়ে কালভার্ট পার হয় তারা। নুরুল হুদা কাদেরী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হানিফ বলেন, ‘আমরা অনেক কষ্টে ভাঙা কালভার্টের ওপর দিয়ে যাতায়াত করছি। দীর্ঘ দুই বছর ধরে কালভার্টটির করুণ অবস্থা।’ ছাত্র-শিক্ষকসহ অনেক পথচারী এ কালভার্টে দুর্ঘটনার শিকার হয়েছেন বলেও তিনি জানান। কর্ণফুলী কলেজের অধ্যক্ষ মোমিনুল ইসলাম জানান, ‘কালভার্ট সংস্কারের দাবিতে ছাত্ররা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রাঙামাটি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে তারা।’ কলেজের ছাত্র বিপুল বিশ্বাস বলেন, ‘এক মাসের মধ্যে কালভার্ট সংস্কারের উদ্যোগ না নিলে কঠিন আন্দোলনের ডাক দেওয়া হবে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাজেরা খাতুন কালভার্ট সংস্কারের দাবিতে ছাত্রদের দেওয়া স্মারকলিপি পেয়েছেন স্বীকার করে বলেন, ‘জেলা প্রশাসক কালভার্ট পরিদর্শন করেছেন। শিগগির সড়ক ও কালভার্ট সংস্কারের কাজ শুরু হবে।’ রাঙামাটি জেলা প্রশাসক সৌরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, ছাত্র-শিক্ষক এবং সর্বসাধারণের চলাচলের অসুবিধার কথা বিবেচনা করে দ্রুত সড়কটি সংস্কার এবং নতুন কালভার্ট নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে, অল্প সময়ের মধ্যে কাজ শুরু হবে।