কালরাত থেকে আলোর প্রহরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করেছে পুব আকাশ। হাতে হাত ধরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সবাই প্রতীক্ষা করছে। কখন উঠবে নতুন সূর্য। কালো পতাকা নামানো শেষ হতেই মাইকে বেজে উঠল সেই পরিচিত সুর, আমাদের জাতীয় সংগীত। জাতীয় সংগীত বাজছে, একটু একটু করে উঠছে লাল-সবুজের পতাকা। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষের চোখ তখন জাতীয় পতাকায়। ২৬ মার্চ ভোরবেলা। রাতভর অনুষ্ঠানের শেষদৃশ্য এটি।২৫ মার্চ কালরাতকে শ্রদ্ধাভরে স্মরণ ও শহীদদের সম্মানে আয়োজন করা হয় রাতভর গণসংগীত, প্রমাণ্যচিত্র প্রদর্শন, কবিতা আবৃত্তি, পারফরমিং আর্টস ও দীর্ঘতম পথচিত্রাঙ্কনের। তবে পথচিত্রাঙ্কনই এ আয়োজনের প্রধান অংশ। অনুষ্ঠানটি ২৫ মার্চ সন্ধ্যায় শুরু হয়ে ২৬ মার্চ সকালে শেষ হয়। জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে এ অনুষ্ঠানের আয়োজক সিফাদের অঙ্গপ্রতিষ্ঠান সোডা, কোডা ও ইউডার শিক্ষার্থীরা। প্রতি বছরই এমন আয়োজন করে থাকেন তাঁরা। এর ব্যাপ্তিকাল মাত্র একটি রাত হলেও আয়োজন করতে সোডা, কোডা ও ইউডার শিক্ষক-শিক্ষার্থীদের করতে হয় হাড়ভাঙা পরিশ্রম। এ রাতকে সামনে রেখে শিক্ষার্থীরা আলাদা আলাদাভাবে প্রস্তুত হন, তবে গুরুদায়িত্ব পড়ে ইউডার চারুকলা অনুষদের শিক্ষার্থীদের ওপর। এ বিষয়ে ইউডার চারুকলা অনুষদের সমন্বয়কারী শাহ্জাহান আহমেদ বলেন, ‘আমরা মূলত নতুন প্রজন্মকে ২৫ মার্চের কালরাত সম্পর্কে জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করি। এ অনুষ্ঠান সফলভাবে শেষ করার সম্পূর্ণ কৃতিত্ব আমাদের শিক্ষার্থীদের।’মূলত ২৪ মার্চ সকাল থেকেই শুরু হয় এ অনুষ্ঠানের কাজ। রং, তুলি, ক্যানভাস, ব্রাশ, বালতি ইত্যাদি কেনাকাটা শেষ করা করা হয় ওদিনই। ২৫ তারিখ সকালে রং তৈরি করে প্রস্তুত হয় শিক্ষার্থীরা। রং তৈরির তত্ত্বাবধানে থাকা কামরুজ্জোহা রঙের বিষয়ে বলেন, ‘আমরা মূলত তিনটি রং ব্যবহার করি। সাদা, কালো ও লাল। এ তিনটি রং ব্যবহারের একটি বিশেষ কারণ আছে। সাদা হলো পবিত্রতা ও শান্তির প্রতীক। আমরা শান্তির জন্য একটি পবিত্র কাজ করছি। কালো হলো শোক ও গাম্ভীর্যের প্রতীক। আমরা গাম্ভীর্যের মধ্য দিয়ে শোক পালন করছি। লাল প্রতিবাদের রং। এ লাল রং ব্যবহারের মাধ্যমে ২৫ মার্চের গণহত্যাসহ সব গণহত্যার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’দুপুরের পর থেকেই শুরু হয় রাস্তায় মাপ দিয়ে দিয়ে কালো রাস্তায় সাদা রঙের ক্যানভাস তৈরি। আমন্ত্রিত শিল্পীদের জন্য ইজেলে ক্যানভাস লাগানো ও রঙের ব্যবস্থা করা। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা নামিয়ে কালো পতাকা তোলা হয়। এদিকে শিক্ষার্থীরা গাইতে থাকেন ’৭১-এর গণসংগীত। আর এপাশে শিল্পী মনিরুল ইসলাম ও হাশেম খান ক্যানভাসে ছবি এঁকে শুরু করেন বরেণ্য শিল্পীদের ছবি আঁকা। এ দুজন ছাড়াও ৫০ জন খ্যাতিমান শিল্পী এ কালরাত সম্পর্কে তাঁদের মনোভাব ফুটিয়ে তোলেন ক্যানভাসে। অপরদিকে শিল্পী রুহুল আমিন রাস্তায় রং-তুলির আঁচড়ের মাধ্যমে রাস্তায় ছবি আঁকার উদ্বোধন করেন। তাঁর দেখাদেখি সোডা, কোডা ও ইউডার বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা আঁকতে থাকেন রাস্তায়। অনুষ্ঠান উদ্বোধনের পর পরই একটি পারফরমিং আর্টস প্রদর্শিত হয়। এটি আয়োজন করেন চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। এর নাম দেওয়া হয় স্টপ জেনোসাইড। এটি পরিচালনা করেন ১১তম ব্যাচের অং রাখাইন। তাঁর সহকারী হিসেবে কাজ করেন এস এম এহ্সান। এ প্রদর্শনীর শিল্প-নির্দেশনায় ছিলেন কুন্তল বাড়ৈ। মধ্যরাত থেকে শুরু হয় প্রামাণ্যচিত্র প্রদর্শনী। এ প্রমাণ্যচিত্রের সঙ্গে বেশ কিছু দেশাত্মবোধক চলচ্চিত্রও প্রদর্শিত হয়। এবার মানিক মিয়া এভিনিউতে ২৫ শ বর্গফুট রাস্তায় ছবি আঁকা হয়। এ সম্পর্কে শেষ সেমিস্টারের শিক্ষার্থী শিহাব নুরুন্নবী জানান, ‘আমার জানা মতে এটিই সবচেয়ে বড় পথচিত্রাঙ্কন। আমি গর্বিত স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে।’