কালরাত স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিশিজাগা পাখির দু-একটা ডানা ঝাপটানোর শব্দ ছাড়া রাতটা নিশ্চুপই ছিল। রোজকার মতো পড়ালেখা, আড্ডাবাজি আর কাজ শেষে যে যার কক্ষে ফিরে গেছেন ছাত্ররা। কেউ কেউ এতক্ষণে তলিয়ে গেছেন গভীর ঘুমে। ২৫ মার্চ একাত্তর। খাকি পোশাক পরা পাকিস্তানি সেনারা অতর্কিতে হামলে পড়েছে জগন্নাথ হলে। উত্তর আর দক্ষিণ ভবন থেকে আসছে ছাত্রদের ভয়ার্ত চিৎকার। ১৯৭১ সালের ২৫ মার্চের বীভৎস সেই কালরাতের এভাবেই সূচনা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে।স্বাধীনতার ৪০ বছর পূর্ততে ২৪ মার্চ দিবাগত রাত ১১.৩০ মিনিটে জগন্নাথ হলের উত্তর ভবনে সে রাতের রূপটি নাটকে ফুটিয়ে তোলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাত্র ও নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা।১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যাসহ নারকীয় তাণ্ডবলীলা স্মরণে ২৩ ও ২৫ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ হল পরিবার আয়োজন করে এ অনুষ্ঠানের।২৩ মার্চ সন্ধ্যা ছয়টায় কালরাত একাত্তরের থিম ধরে চলে বিতর্কের আয়োজন। প্লানচ্যাট বিতর্কের বিষয় ছিল ‘আমাদের যা বলার ছিল বলছে না তা বাংলাদেশ’। ওঝারূপী জগন্নাথ হলের ছাত্র অঞ্জন ও সমীরের বিড়বিড় মন্ত্রে একে একে এসে হাজির হন কর্নেল তাহেররূপী গণিত বিভাগের ছাত্র আলিমুজ্জামান, ২৫ মার্চের শহীদরূপী রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র অমিতাভ কুণ্ড। বঙ্গবন্ধু শেখ মুজিবরূপী আল-আমীন চৌধুরী এবং রাজাকাররূপী প্লাবন গাঙ্গুলি। ২৫ মার্চ সন্ধ্যা সাতটা থেকে প্রদর্শিত হয় ২৫ মার্চ কালরাতের মূর্ত-বিমূর্ত স্থাপনাশিল্প।‘আমাদের স্বাধীনতা দিবস, বিজয় দিবস শুধু উৎসব নয়, এগুলো আমাদের অস্তিত্বের জায়গাও। তাই আমরা চাই, আজকের তরুণ প্রজন্মের ভেতর এগুলো নাড়া দিক। ২৫ মার্চের সেই বিভীষিকাকে তাই আমরা তুলে আনতে চেয়েছি আমাদের স্থাপনাশিল্পে।’ কথাগুলো বলেন বিমূর্ত স্থাপিত চিত্রের অন্যতম পরিকল্পনাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ও চারুকলা অনুষদের শিক্ষার্থী চঞ্চল কর্মকার।বাস্তবিকই তা-ই। ২৫ মার্চের রাতের ধ্বংসযজ্ঞ খেলার ছাপটি উত্তর ভবনের পাশের প্রবেশপথ থেকেই পাওয়া গেছে সেদিন। রক্তাক্ত পোশাকে উপুড় হয়ে পড়া এক ছাত্রের লাশ। এর কিছু দূর এগোনোর পর পথের পাশে ঝোপে আরও দুজন ছাত্রের লাশ। গণকবরের পাশে রক্তাক্ত নিশ্চুপ কয়েকজন।পুকুরের ঘাট, দক্ষিণ ভবন, মাঠ—সবখানেই ছিল ছাত্র-কর্মচারীর ওপর রক্তাক্ত নৃশংসতার প্রতিচ্ছবি। চারুকলার ছাত্র সেতু, সনদ, আবীর, অনিক, প্রিন্স, মানব, নির্মলসহ আরও অনেকে মিলে ফুটিয়ে তোলেন এ বিভীষিকাময় রূপ।পুকুরের ঘাটে ছিল রাজাকারদের ফাঁসির মঞ্চ, যার দড়িটা ছিল অন্যদিকে। জগন্নাথ হলের ছাত্র দেবব্রত দাস দেবু বুঝিয়ে বলেন এ স্থাপনাশিল্পের ভেতরকার অর্থটি। এখানে যে দড়িটি, তা রাজাকারের ফাঁসির জন্য নয়; বরং আমরা বারবার যাদের ফাঁসিতে ঝুলাতে চাচ্ছি, যাদের বিচার দাবি করছি, তারা আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যাচ্ছে আমাদের চোখে ধুলো দিয়ে। তাই দড়ির মুখ অন্যদিকে ঘোরানো।পাশেই ফাঁসিতে ঝুলছিল একটি নারীমূর্তি। ‘এ নারীমূর্তি হচ্ছে আমার মা, আমার দেশ; যে দেশটা এভাবেই ঝুলে আছে আজও।’ ব্যাখ্যা করলেন চারুকলার সেতু।কামানের গোলা বর্ষণের বীভৎস দৃশ্যটি ছিল দক্ষিণ ভবনের সামনে একটি রিকশার ধ্বংসাবশেষে, যার ওপর রক্তাক্ত পাহীন দুই ছাত্র। শুধু স্থাপনাশিল্পেই নয়, জগন্নাথ হলে কী ঘটেছিল সে রাতে, তা বললেন ওই রাতের প্রত্যক্ষদর্শী ৬৩ বছর বয়সী রাজকুমারী রায়। রোজ রাতের মতো স্বামী আর তিন সন্তান নিয়ে সেদিনও ঘুমাতে যাচ্ছিলেন তিনি। হঠাৎ হলের কিছু ছাত্র হুড়মুড়িয়ে তাঁর ঘরে ঢোকেন দা আর কুড়াল চাইতে। তাঁরা আর রুমে ফিরতে পারেননি। করকর করে ছুটে আসা জিপের খাকি পোশাক পরা সেনাদের বৃষ্টির মতো ছোড়া গুলিতে পথেই লুটিয়ে পড়েন ছাত্ররা। রাজকুমারী রায় ভেবেছিলেন, তাঁরা তো কিছু করেননি! তাঁদের কিছু হবে না। কিন্তু না, পাকিস্তানি সেনারা তাঁদের ঘরে ছাত্রদের খুঁজতে এসে তাঁর স্বামীকে এবং পাশের ঘরের ভাইদের নিয়ে যায় লাশ টানতে। সারা রাত ছাত্রদের চিৎকার শুনে ভয়ে-আতঙ্কে কেটেছে তাঁর।ভোরের আলো একটু ফুটতেই মাঠের পাশে একটি ফোকরে উঁকি দিলেন কী হচ্ছে, দেখতে। মাঠের মাঝখানে তখন ছাত্রদের লাশের স্তূপ। ছাত্রদের দিয়ে লাশ টানিয়ে এনে তাঁদেরও লাইন ধরে দাঁড় করিয়ে গুলি করা হয়েছে। তাঁর স্বামীকেও সেদিন হারিয়েছিলেন তিনি।রাজকুমারী রায়ের এ কথা ফুটে উঠেছিল ২৫ মার্চের অমিতাভ, সুমন, তানভীর, সফিউল, লাবণী আক্তার, সঞ্জীব, সুশান্তের নাটকে। আয়োজন নিয়ে জগন্নাথ হলের প্রাক্তন ছাত্র ও জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব বলেন, ‘১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী নীলনকশা অনুযায়ী সামরিক স্থল আক্রমণ করে প্রথম বেসামরিক আঘাতটি হানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ও তৎকালীন ইকবাল হলে (বর্তমান জহুরুল হক হল)। একাত্তরের ২৫ মার্চ রাতে ছাত্রদের ওপর যে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়, তা তরুণ প্রজন্মের কাছে তুলে ধরে তাদের ভেতর মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম জাগাতে আমাদের এ আয়োজন।’অনুষ্ঠানে আরও ছিল জাগরণের গান, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে কবিতা, নাটিকা। সবশেষে ছিল শহীদদের স্মরণে আলোর মিছিল, যে মিছিলের প্রতিটি দীপশিখা বলে গেছে তারুণ্যের দেশপ্রেমের কথা।