কালা মেঘ দেলে ছুটি অয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলা সাড়ে ১১টা। চতুর্থ শ্রেণীর সোহেল চাকমা, তৃতীয় শ্রেণীর স্মৃতিকা চাকমা, কালোময় চাকমা বিদ্যালয় থেকে ছুটি পেয়ে বাড়ি ফিরছে। তাড়াতাড়ি ছুটি হলো কেন? জানতে চাইলে স্মৃতিকা চাকমা ও সোহেল চাকমা জানায়, ‘স্যার, দেবাবো হাক্কে ঝড় দিব। ঝড় দিলে রুমত থেই ন আরি। বইউনও ভিজি যান। স্যারদাগিও রুমত পরান বাজেই ন আরন। বেক্কান ভিজি যায়। সেনত্তেই কালা মেঘ দেলে আমার ছুটি অয়।’ (কিছুক্ষণ পর বৃষ্টি হবে। বৃষ্টি হলে কক্ষে থাকা যায় না। বইগুলোও ভিজে যায়। সে কারণে মেঘ দেখলেই ছুটি হয়) পুরো বর্ষা মৌসুমে এভাবেই চলছে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের রামকানাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। পথে দেখা হয় প্রধান শিক্ষক সুবোধ বিকাশ চাকমার সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘বৃষ্টি হলে কক্ষেও থাকা যায় না। পুরো বিদ্যালয় পানিতে একাকার হয়ে যায়। ভিজে যায় কার্যালয়ের আসবাবসহ প্রয়োজনীয় কাগজপত্র। তাই আকাশে মেঘ দেখলেই ছুটি দিতে হয়। এ ব্যাপারে কর্তৃপক্ষকে অনেকবার বলেছি। কাজ হয়নি।’ বিদ্যালয়ে তিনজন শিক্ষকসহ শতাধিক শিক্ষার্থী রয়েছে বলে তিনি জানান। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুশান্ত মুনি চাকমা বলেন, বিদ্যালয়টি ১৯৭৩ সালে স্থাপিত হয়। ১৯৮৯ সালে উপজেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে দেড় লাখ টাকা ব্যয়ে তিন কক্ষের একটি বেড়ার ঘর নির্মাণ করা হয়। ওই ঘরে পাঁচটি শ্রেণীর পাঠদান দেওয়া সম্ভব না হওয়ায় অভিভাবকেরা উদ্যোগ নিয়ে পাশে দুই কক্ষের আরেকটি বেড়ার ঘর তৈরি করেন। অভিভাবক শান্তি জীবন চাকমা বলেন, প্রতিবছর ঘরগুলোর বেড়া নষ্ট হয়ে যায়। তাই সংস্কার করতে হয়। কিন্তু এ বছর বাঁশের সংকটের কারণে তা-ও সম্ভব হয়নি। তবুও অনন্যোপায় হয়ে অভিভাবকেরা উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে ছেলেমেয়েদের বিদ্যালয়ে পাঠান। আর ছাত্র-শিক্ষকেরা শ্রেণীর কাজ করেন ঝুঁকি নিয়ে। এ ব্যাপারে উপজেলা শিক্ষা কার্যালয়, উপজেলা প্রশাসনকে অনেকবার বলা হয়েছে।ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুর রহমান বলেন, বিদ্যালয়ের সার্বিক অবস্থা খুবই খারাপ। জরুরি ভিত্তিতে নতুন ভবন নির্মাণ করা প্রয়োজন।উপজেলা নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, বিদ্যালয়ের ভবনটি নির্মাণ করার ব্যাপারে তালিকায় নাম দেওয়া হয়েছে। উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা বলেন, ‘বিদ্যালয়ের ভবনটি নির্মাণ করব বলে আমি নির্বাচনী ওয়াদা করেছিলাম। আগামী অর্থবছরে বিদ্যালয়টি নির্মাণ করা হবে।’