কালার টেলিভিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার ছোট ভাই শাওন, এবার ঈদের দিন ঠিক করেছিল সে সেমাই খাবে না। কারণ হিসেবে যা জানলাম—তা হলো, আমাদের সাদা-কালো টেলিভিশনে সে এবার ঈদের কোনো অনুষ্ঠানই দেখবে না। সেমাইও খাবে না। আমার বাবা সামান্য একটা প্রাইভেট চাকুরে, এবার ঈদে তিনি বেতনছাড়া হাজার আটেক অতিরিক্ত টাকা পেয়েছেন। এর মধ্যে আমার ছোট ভাই ঠিক করে রেখেছে, সে ওই টাকা দিয়ে একটা কালার মনিটর এবং টিভি কার্ড কিনে রঙিন টেলিভিশনে এবারের ঈদের অনুষ্ঠান দেখবে। শহরের দোকান থেকে সে রকম কথাও নাকি সেরে এসেছে। কিন্তু মাঝে চীনের প্রাচীরের মতো দেয়াল হয়ে দাঁড়িয়েছেন আমার আম্মা। তিনি কোনোমতেই এ টাকা খরচ করবেন না। তার কারণ অবশ্য আমি। সামনে আমার বাংলাদেশ ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে মৌখিক পরীক্ষা। আমার এমন কোনো ভালো প্যান্ট-শার্ট নেই, যা পরে পরীক্ষা দিতে যাব। তাই আম্মা আমার জন্য যে টাকা রেখেছেন, তা বাদ দিয়ে টিভি কার্ড হয়তো হয়, কিন্তু মনিটর হয় না। শাওন বারবার আমার সামনে ঘুরঘুর করছে। আমি আম্মাকে বোঝালাম যে ভাইভা তো অনেক দেরি আছে। সেপ্টেম্বরের ১৩ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংক বরাবর দরখাস্ত পাঠাতে হবে, তারপর ওরা যে কবে ডাকে? অনেক সময় আছে, এর মধ্যে আমি প্যান্ট-শার্ট বানিয়ে নেব। কিন্তু আম্মা কোনো কথা শুনতেই রাজি নন। বেচারা শাওন, অনেক মন খারাপ করেছে, ইচ্ছে করছিল ওকে ডেকে কংকা টেলিভিশনের বিজ্ঞাপনটা শোনাই—‘সাধ্যের মধ্যে সবটুকু সুখ।’ কিন্তু ওর তো আর কার্টুন দেখার বয়স না যে ওই বিজ্ঞাপনের কথায় তার মন ভালো হবে। ওর এখন ইমেজ ধরে রাখার বয়স, গ্রামের সবার বাড়িতে রঙিন টেলিভিশন আছে—শুধু আমাদের বাড়িতেই নেই। এ মুহূর্তে আমার নিজের ওপর রাগ হলো। কেন যে ঈদ করতে বাড়ি এলাম। আমাদের বাড়িটা এত দূরে যে বাড়ি আসতে বাসভাড়াই দিতে হয় প্রায় হাজার দুয়েক টাকা। এ টাকা হলে ঢাকায় অনেক কিছু করা যেত। ইশ্! বাড়িটা যদি ময়মনসিংহ, শেরপুর অথবা বগুড়ায় হতো। যা-ই হোক, আমার ছোট ভাই অবশ্য ঈদের দিনের অভিমান সন্ধ্যা পর্যন্ত ধরে রেখেছিল। জানি না, আমার বাবা তাকে কোনো কথা দিয়েছিলেন কি না।আমার ঢাকায় ফেরার সময় হয়েছে। আমার বন্ধু মমিন আমাকে বাস কাউন্টার পর্যন্ত পৌঁছে দিতে সাইকেল নিয়ে এসেছে। আমি তার সাইকেলের পেছনে। রাত ১০টায় গাড়ি। দুই বন্ধু অনেক এলোমেলো গল্প করতে করতে কাউন্টারে পৌঁছালাম। মমিন আমাকে বাসে উঠিয়ে দিল, আমি দেখছি যে ওর চোখ ভেজা। ‘কী রে, কাঁদছিস যে। আমি আজীবনের জন্য যাচ্ছি নাকি? ছেলেমানুষ কাঁদে? এ কারণে রাতে আসি, যাতে পিছু ফিরলে আম্মা, দাদির ভেজা চোখ দেখতে না হয়। তুই আবার?’ সে আমাকে ধমক দেয়, ‘ছেলেমানুষ কাঁদে না, তোরেও আমি কাঁদতে দেখছি, চুপ কর?’ আমি বললাম এই সময়েও ঝগড়া করবি, ‘আচ্ছা শোধবোধ। দেখি কত দিন এভাবে কাঁদিস?’ বিদায়পর্ব শেষ। বাস চলতে শুরু করেছে। ইদানীং কুড়িগ্রামের বাসগুলো দেখি সময়মতো ছাড়ে। জানালা দিয়ে হু হু করে বাতাস আসছে, কখন যে কাঁঠালবাড়ি পার হয়েছি, খেয়ালও করিনি। এ মুহূর্তে আমার বন্ধু অ্যানির একটা কথা খুব মনে পড়ছে। সে প্রায়ই আমার সম্বন্ধে একটা কথা বলে—পৃথিবীতে কারও কাছে তিনটি জিনিস থাকলে সে নাকি পৃথিবী জয় করতে পারবে। তা হলো—মেধা, মুখের হাঁসি আর নাকি ভালোবাসা। আর এ তিনটি জিনিস নাকি আমার কাছে আছে। মেধা, আমার মুখের হাসির কথা আমি জানি না, তবে ভালোবাসা দিয়ে যদি কিছু হয়। আমার আম্মা, দাদির ভেজা চোখ, বন্ধুর অশ্রুসিক্ত বিদায়, ‘বিশ্বাস—শাওন দেখিস, আমি এ পৃথিবীর এক কোনা জয় করতে পারি বা না-পারি, সামনের ঈদ ঠিকই রঙিন টেলিভিশন কিনে করব। একটু সবুর কর, ভাই আমার।’শাকিল আহমেদ