কালির ছড়া খাল দখলমুক্ত করার দাবি

চট্টগ্রাম সিটি করপোরেশনের নয় নম্বর উত্তর পাহাড়তলী ও ১০ নম্বর উত্তর কাট্টলি ওয়ার্ডের মাঝে প্রবাহিত কালির ছড়া খাল দখলমুক্ত করার দাবি জানিয়েছে এলাকাবাসী। গত মঙ্গলবার সকালে নগরীর সিটি গেট এলাকায় অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এই দাবি জানান তাঁরা।
‘কালির ছড়া খাল অবমুক্তকরণ সংগ্রামী জনতা’ নামের একটি সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে। কর্মসূচিতে বক্তারা বলেন, দুই ওয়ার্ডের মধ্য দিয়ে প্রবাহিত খালটি দখলের কারণে প্রশস্ততা হারিয়ে সরু নালায় পরিণত হয়েছে। প্রায় আড়াই কিলোমিটার লম্বা এবং ২৫ থেকে ৪০ ফুট প্রস্থের খালটির প্রশস্ততা পাঁচ থেকে ১৫ ফুটে এসে ঠেকেছে। দখলদাররা অনেক এলাকায় খালের গতিপথও পরিবর্তন করেছেন।
বক্তারা বলেন, খালের পাশে বিশ্বব্যাংক কলোনি আবাসিক এলাকা, শাহের পাড়া, লেকসিটি, জয়ন্তিকা, রামপুরা, ভূমিহীন, ছিন্নমূল, যমুনা, সবুজ বাংলা, শাপলা ও কর্নেলহাট সিডিএ আবাসিক এলাকা অবস্থিত। এসব এলাকার পানি প্রবাহের একমাত্র পথ কালির ছড়া খাল। খালটি দখল হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে এসব এলাকা পানিতে তলিয়ে যায়। ৎ
জলাবদ্ধতার মধ্যে পড়ে শত শত বাসিন্দাকে অবর্ণনীয় দুর্ভোগে পড়তে হয়। গত বছর বর্ষার পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় একটি শিশুর মৃত্যু হয়। এ কারণে আগামী বর্ষার আগেই এই খাল দখলমুক্ত করার দাবি জানান তাঁরা।
এ ছাড়া খালের উভয় পাশে দেয়াল নির্মাণেরও দাবি জানান তাঁরা।
কর্মসূচিতে বক্তব্য দেন এ এইচ এম আবুল খায়ের, আবদুস সাত্তার, রেহান উদ্দিন, রফিক চৌধুরী, নাসির উদ্দিন, লেয়াকত আলী, হাবিবুর রহমান প্রমুখ।