ছাদ চুইয়ে বৃষ্টির পানি পড়ছে। খসে পড়েছে পুরো ভবনের দেয়াল ও ছাদের পলেস্তারা। সব কটি জানালার কাঠ ভাঙা। জানালার লোহার শিকগুলোর বেশির ভাগই মরিচা ধরে ভেঙে গেছে। তিনটি জানালায় পলিথিন দিয়ে বৃষ্টির পানি আটকানোর চেষ্টা চলছে। কক্ষের দেয়ালগুলোতেও ধরেছে ফাটল। বৃষ্টিতে ভেজা ভাঙাচোরা আসবাব ছড়িয়ে-ছিটিয়ে আছে সেমিনার বা বিচার-কক্ষের মেঝেতে। মেঝের আস্তরণ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে একাধিক গর্ত। বাইরে থেকে মনে হবে যেকোনো মুহূর্তে ধসে পড়বে ভবনটি। ৩ জুলাই সরেজমিন সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়ন পরিষদে (ইউপি) গিয়ে এমন চিত্রই দেখা গেছে। ঝুঁকিপূর্ণ এ ভবনে চলছে কালিয়াইশ ইউনিয়ন পরিষদের দৈনন্দিন কাজ। ভবনের একটি কক্ষ ইউনিয়ন সচিবের একটি গুদাম হিসেবে ব্যবহূত হয়। আরেকটি ইউপি সদস্যদের। মাঝখানে বেশ বড় একটি কক্ষ। মূলত এখানে চলে ইউনিয়ন পরিষদের দৈনন্দিন কাজ। অন্য সারিতে চেয়ারম্যানের কার্যালয়। ইউপি সচিব ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায়, ভবনটি নির্মাণ করা হয় ১৯৭৩ সালে। এরপর ভবনটির আর কোনো সংস্কার না হওয়ায় বর্তমানে এটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। প্রয়োজনীয় জায়গার অভাবে নতুন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ করা সম্ভব হচ্ছে না। ইউপি সচিব আবদুল মালেক বলেন, ‘দীর্ঘদিনের পুরোনো ভবন, ভাঙাচোরা আসবাব। দুর্ঘটনার ভয় নিয়েই এখানে কাজ করি। বিচারকাজ পরিচালনার সময় বাদী-বিবাদীর লোকজন এলে চেয়ারম্যান ও সদস্যদের ঠাসাঠাসি করে বসে কাজ করতে হয়।’ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মোর্শেদ আলম বলেন, বর্ষা মৌসুমে এই ইউনিয়ন পরিষদের কার্যালয়ে বসার অবস্থা থাকে না। এখানকার শৌচাগারটিও ব্যবহারের অযোগ্য। ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা দরকার। ইউনিয়নের চেয়ারম্যান সাব্বির আহমদ ওসমানী বলেন, ‘ইউনিয়ন পরিষদের নতুন কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য চেষ্টা চলছে। কিন্তু প্রয়োজনীয় জায়গা না পাওয়ায় তা সম্ভব হচ্ছে না।’ এ ব্যাপারে জানতে চাইলে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল ইসলাম প্রথম আলোকে বলেন, সরকারি কোষাগারে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের জন্য পর্যাপ্ত টাকা বরাদ্দ রয়েছে। কিন্তু প্রয়োজনীয় জায়গার অভাবে নতুন ভবন নির্মাণ করা সম্ভব হচ্ছে না। কালিয়াইশ ইউনিয়ন পরিষদ ছাড়াও উপজেলায় আরও কয়েকটি ঝুঁকিপূর্ণ ইউনিয়ন পরিষদ ভবন রয়েছে বলে তিনি জানান।