কালীকে হারিয়ে ভালো নেই সুবাসী
দাকোপ উপজেলার চুনকুড়ি গ্রামের উড়াবুনিয়া ঋষিপাড়ায় গিয়ে অনেক খোঁজাখঁুজির পর পাওয়া গেল রুহিদাশ মণ্ডলের বাড়ি। রুহিদাশের মা সুবাসী। বাড়ির বারান্দায় অনেকটা চুপচাপ বসে ছিলেন সুবাসী দাশ। বয়সের ভারে অনেকটা কাহিল তিনি। চোখেও কম দেখেন এখন। এ সময় কচ্ছপটির কথা উঠতেই যেন চোখ ছলছল করল। জানালেন, প্রায় ২১ বছর আগে তাঁর মৃত স্বামী ঠাকুর দাশ পশুর নদে বেমটি জালে মাছ ধরার সময় ওই কচ্ছপটি ধরা পড়ে। তখন এর ওজন ছিল ৫০ গ্রাম। ঠাকুর দাশ এটিকে বাড়িতে নিয়ে আসেন। তখন সুবাসী একটি মাটির হাঁড়িতে এটিকে রাখেন। এর নাম দেন কালী। একটু বড় হলে কালীকে রাখা হয় একটি চাড়িতে (মাটির বড় পাত্র)। এভাবে ছিল প্রায় পাঁচ বছর। সে সময় কালীকে খাবার হিসেবে দেওয়া হতো কুমড়া, কপির পাতা, কচুপাতা আর কলমিশাক। আস্তে আস্তে কালী বেড়ে ওঠে।
‘চাড়িতি থায়ে জহন এটটু বড় হলো তখন বাড়ির উঠোনে একটা গর্ত করে তার মধ্যি রাখতাম। একসময় সন্তানমতো হয়ে গেল ও। গর্তের মধ্যি ছিল প্রায় ছয় বছর। আমার স্বামী মরার (আট বছর আগে) সময় আমি কলাম কচ্ছম ডালে কাটে খাও। আমার স্বামী কলে ও আমাগের সন্তানের মতো। ও যত দিন বাঁচে থায়ে, তত দিন আমাগের সাথে থাক,’ বলছিলেন সুবাসী।
১০ বছর আগে তাঁর সন্তানেরা নতুন বাড়িতে ওঠে। নতুন বাড়ির পুকুরে রাখা হয় কালীকে। কিন্তু কালীর নতুন পুকুর পছন্দ হয়নি। এক রাতে উঠে সে চলে আসে পুরোনো পুকুরে। চিন্তায় পড়েন সুবাসী। ভাবেন, এভাবে যদি উঠে রাতের আঁধারে কালী পাশের পশুর নদীতে চলে যায়! এই ভেবে নতুন পুকুরে তাকে বেঁধে রাখা হতো।
কালীকে স্মরণ করে সুবাসী বলছিলেন, ‘আমার সাইজে ছেলের মায়ে সরবানির সাথে কালীর খুব ভাব ছিল। মায়েডা কালীর পিঠি উঠত আর সে ওরে পিঠি নিয়ে উঠোনে ঘুরে বেড়াত। মাঝে পুকুরি থাকত আবার উঠোনো চলে আসত।’
কথা বলতে বলতেই একসময় বৃদ্ধা ফুঁপিয়ে কাঁদেন। আঁচলে মুখ গুঁজে বলেন, ‘কালী ছিল আমার ছেলের মতো। কয়ডা টাকার জন্যি আমি ওরে বেচতি চাইনি। এক আপা আসে কলে ওরে দিয়ে বাচ্ছা-কাচ্ছা বানাবে। তারতে আমারে এটা দেবে। তা দিয়ে আমি কী করব। আমার কালী তো আর ফিরে আসবে না। কালী আমার কেমন আছে জানি না। আমি কালীরে একবার দেখতি চাই।’
আরও পড়ুন: