কালের গর্ভে হারিয়ে যাচ্ছে পর্তুগিজ ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালের গর্ভে হারিয়ে যাচ্ছে হাজী মুহম্মদ মুহসীন কলেজের ঐতিহাসিক পর্তুগিজ ভবন। আগাছা আর শেওলায় ছেয়ে গেছে ষোড়শ শতাব্দীর এই ভবন। ফাটল ধরেছে দেয়ালে। ভেঙে গেছে দরজা-জানালা ও সিঁড়ি। খসে পড়ছে পলেস্তারা। ঐতিহাসিক এই ভবনে পর্তুগিজরা দরাবার বসাতেন। নগরে কয়েক শতাব্দী ধরে বসবাস করলেও এই একটি ভবন ছাড়া পর্তুগিজদের বলার মতো তেমন কোনো নিদর্শন নেই। তাই ভবনটি সংরক্ষণ করা জরুরি বলে মনে করেন ঐতিহ্যপ্রেমীরা। ছোটবড় প্রায় ২০টির মতো কক্ষবিশিষ্ট এই দ্বিতল ভবনটির অবস্থান মুহসীন কলেজের পাহাড়ের চূড়ায়। দুর্গের মতো গোলাকার কাঠামোর এই ভবনটির দুই দিকে দুটি স্তম্ভ রয়েছে। এ ছাড়া তিন দিকে আরও তিনটি সিঁড়ি রয়েছে দোতলায় ওঠার জন্য। দোতলা এবং নিচ তলার প্রত্যেকটিতে মধ্যখানে একটি কেন্দ্রীয় কক্ষ রয়েছে যার চার পাশে অন্য কক্ষগুলোর অবস্থান। ২০০৯ সালে মুহসীন কলেজ কর্তৃপক্ষ ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহযোগিতায় পরিচালিত সমীক্ষা থেকে জানা যায় প্রায় ৩৩০ বছরেরও (২০০৯ সাল থেকে) বেশি সময় আগে পর্তুগিজরা এটিকে তাদের দুর্গ হিসেবে ব্যবহার করত। ভবনটির নির্মাণশৈলীর সঙ্গে, আধুনিক কাল, ব্রিটিশ আমল এমনকি মুঘল আমলের স্থাপত্যরীতির কোনো মিল নেই। এ কারণে এটিকে পর্তুগিজদের তৈরি ভবন বলে মনে করা হয়।ইতিহাস ঘেঁটে জানা যায়, ১৫১২-১৬ সালে পর্তুগিজরা চট্টগ্রাম আসে। স্থানীয় ভাষায়, তারা ফিরিঙ্গি নামে পরিচিতি লাভ করে। পর্তুগিজরা নিজেদের নিরাপদ আশ্রয়ের জন্য চট্টগ্রামের বিভিন্ন পাহাড় ও জঙ্গলে আস্তানা এবং দুর্গ নির্মাণ করে। এখানে নির্মিত ভবনটি দুর্গ ও দরবার ভবন হিসেবে ব্যবহার করত তারা।মুহসীন কলেজে সংরক্ষিত নথি থেকে জানা যায়, এই ভবন থেকে কর্ণফুলী নদী পর্যন্ত মাটির তলা দিয়ে একটি সুড়ঙ্গ পথ ছিল। যা পরে বন্ধ করে দেওয়া হয়। পর্তুগিজ জলদস্যুরা তাদের লুট করা বিভিন্ন মালামাল সুড়ঙ্গের মধ্য দিয়ে এনে এখানে জমা রাখত। এখানে পর্তুগিজদের আমোদ-প্রমোদের জন্য একটি প্রমোদশালাও ছিল। প্রতি রাতে সেখানে নাচ গানের আসর বসত। এই ভবনটির আশপাশে আরও কয়েকটি ভবন ছিল, যেগুলোর কোনো অস্তিত্ব এখন আর নেই। তবে পশ্চিম পাশে একটি একতলা ভবন এবং পূর্ব পাশে কয়েকটি ছোট ছোট ঘর রয়েছে। যেগুলো পর্তুগিজদের সময়ে তৈরি বলে ধারণা করা হয়। ইংরেজরা এ দেশে আসার পর পর্তুগিজরা বিতাড়িত হয়। পর্তুগিজদের অনেক স্থাপনার মতো এই ভবনটিও তাঁরা দখল করে নেয়। ব্রিটিশ আমলেও এই ভবনটি কিছুদিন আদালত হিসেবে ব্যবহার করা করা হয়। পরে আদালত ভবন বর্তমান পরীর পাহাড়ে স্থানান্তর করা হয়। ১৮৩৫ সালে দানবীর হাজী মুহম্মদ মুহসীনের ওয়াকফ সম্পতি থেকে গঠন করা হয় মুহসীন ফান্ড। মুহসীন ফান্ডের টাকায় ১৮৭৪ সালের ২০ জুলাই চট্টগ্রামে একটি মাদ্রাসা (বর্তমান মুহসীন কলেজ) প্রতিষ্ঠা করা হয়। পাঁচ বছর এটি একটি ভাড়া ঘরে কার্যক্রম পরিচালনা করে। ১৮৭৯ সালে ৩০ হাজার টাকার বিনিময়ে ব্রিটিশ সরকার থেকে পর্তুগিজ ভবনসহ পাহাড়টি কিনে নেয় মাদ্রাসা কর্তৃপক্ষ। বর্তমানে মাদ্রাসার স্থানে ১৯২৭ সালে কলেজ চালু হলে বেশ কিছুদিন পর্তুগিজ ভবন ছাত্রাবাস হিসেবেও ব্যবহূত হয়। হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয়ও আগে এই ভবনে ছিল। বর্তমানে এটি তত্ত্বাবধানের দায়িত্ব মুহসীন কলেজের হাতে।তবে এটি এখন কোনো কাজে ব্যবহার করা হয় না। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক পরিত্যক্ত ঘোষণার পর এটি খালি পড়ে আছে বলে কলেজ সূত্রে জানা যায়। তবে এই ভবন ভেঙে এখন শ্রেণীকক্ষ নির্মাণের পরিকল্পনা করছে কলেজ কর্তৃপক্ষ। মুহসীন কলেজের অধ্যক্ষ মো. আবদুল গোফরান এ বিষয়ে বলেন, ‘শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এটিকে পরিত্যক্ত ঘোষণা করেছে। এই কলেজে ছাত্রছাত্রীর তুলনায় শ্রেণীকক্ষ খুবই কম। আমাদের নতুন ভবন তৈরির জন্য জায়গাও নেই তাই এটি ভেঙে সেখানে একটি নতুন ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে।’