কালের সাক্ষী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেছনের দিকে বাঁধা দুটি হাত তখনো মুষ্টিবদ্ধ। আর পাশবিক উল্লাসে উপড়ে তোলা চোখের নিখোঁজ মণিটার কোটরে লাল পিঁপড়ের নির্বিকার ঘোরাফেরা।ডাকসু সংগ্রহশালার দেয়ালে সাঁটা শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের হূদয়বিদারক এ দৃশ্য দেখে আঁতকে উঠেছিল ছোট্ট মেয়েটি। ওর নাম নোলক। নব্বইয়ের দশকের ছাত্রনেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র বকুলের মেয়ে নোলক। বাবার হাত ধরে বিশ্ববিদ্যালয় ঘুরতে এসে ডাকসু সংগ্রহশালায় এভাবেই ঘৃণায় রি রি করে উঠেছিল তার মুখ। ছোট্ট এ মেয়েটির স্বপ্নের রাজা-রানির দেশের দত্যি-দানবের হানাহানির চেয়েও অনেক বেশি পাশবিক হয়তো ছিল এ দৃশ্য।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু সংগ্রহশালাটি এমনি নিশ্চুপ এক ইতিহাসের সাক্ষী। ’৫২ সালের ভাষা আন্দোলন, ’৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ’৬২ সালের সামরিক আইনবিরোধী আন্দোলন, ’৬৬ সালের ছয় দফা, ’৬৯ সালের গণ-অভ্যুত্থান, ’৭১ সালের স্বাধীনতা আর ’৯০ সালের গণ-অভ্যুত্থানের কথাগুলো গেঁথে আছে ডাকসুর দেয়ালজুড়ে পোস্টার আর ছবিতে।এ ইতিহাস খুঁজতে প্রতিদিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভিড় জমান ডাকসু সংগ্রহশালায়। আমতলার সামনে পাওয়া গেল আসাদকে। সেই ঐতিহাসিক আমতলা। যে আমতলায় ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে হয়েছিল ১৪৪ ধারা ভঙ্গের প্রতিবাদী সমাবেশ।কালের সাক্ষী সে আমগাছটি সযতনে সংগৃহীত আছে এখানে। রয়েছে ভাষাসৈনিকদের নানা স্মৃতিচিহ্নও। ভাষাসৈনিক খুরশীদ সালেকের শার্ট আর গলাবন্ধনীটি দেখছিলেন নাতাশা। ‘একুশ মানে মাথা নত না করা’ স্লোগান যেন ধ্বনিত হচ্ছিল তাঁর মননে। ‘ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ দেখার সৌভাগ্য হয়নি আমাদের। তবে এখানে এসে এই স্মৃতিচিহ্ন দেখে খুব চেনা মনে হয় সব কিছু।’ এভাবেই বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থী মনোয়ার।ডাকসু সংগ্রহশালায় রয়েছে মুক্তিযুদ্ধের নানা স্মৃতিচিহ্ন। প্রাক-মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের স্মৃতি এ দুই ভাগে সজ্জিত স্মৃতিদৃশ্যপট।মুক্তিযুদ্ধের সময়কার পোস্টারগুলো সযতনে শোভা পাচ্ছে দক্ষিণ দিকের দেয়ালজুড়ে। সদা জাগ্রত বাংলার মুক্তিবাহিনী। এই জানোয়ারদের হত্যা করতে হবে। এর পাশেই দ্য কনসার্ট ফর বাংলাদেশের একটি পোস্টার। যেখানে জর্জ হ্যারিসনের মিলবে দেখা। আরও আছে মুক্তিযুদ্ধের সময়কার নানা ছবি। সাতজন বীরশ্রেষ্ঠের ছবি, পরিচিতি। একাত্তরের দিনগুলি শহীদ জননী জাহানারা ইমামের শুভ্র শাড়ির ওপর ধুলামাখা চশমাটা একটা কাচের বাক্সে বন্দী এখানেই। বাংলাদেশের ইতিহাসকে সংগ্রহ করা হয়েছে ডাকটিকিটেও। ব্রিটিশবিরোধী আন্দোলনের নেত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী লীলা নাগের একটি ছবি দেখতে পাবেন উত্তর পাশের দেয়ালে। বিখ্যাত ব্যক্তিদের কোলাজ আর বহু দুর্লভ তথ্য পত্রিকায় দেখা পেতে ইতিহাস বিভাগের ছাত্রী জেনী প্রায়ই চলে আসেন এখানে। এসেই বসে পড়েন গোপালদার সঙ্গে গল্পে।আমাদের ডাকসুর গোপালদা, যাঁর পুরো নাম গোপাল দাস। তাঁর কাছেই জানা গেল, ডাকসু সংগ্রহশালার পথচলা ১৯৯১ সালে। একদিনের পত্রিকার পাতাটির ভুলে যাওয়া ইতিহাসকে স্মৃতিস্তম্ভে ধরে রাখতে যিনি এখনো রয়েছেন ডাকসুর সঙ্গে। ডাকসু সংগ্রহশালার অনেক কাজই তাঁর নিজের হাতে করা। ১৯৫২ সালের সেই ঐতিহাসিক আমগাছটি তিনি নিজে হাতে তুলে এনেছিলেন। তাঁর মাকে দেওয়া বঙ্গবন্ধুর ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের আমন্ত্রণপত্রটিও ডাকসুর দেয়ালেই রেখে দিয়েছেন। ডাকসু সংগ্রহশালায় রয়েছে বঙ্গবন্ধুর একটা প্রতিকৃতি।রবীন্দ্র-নজরুল উৎসব। ’৮৯ সালের পোস্টারের তরুণ দুই কবিকে যেন আজও জানাচ্ছে তারুণ্যকে অভিনন্দন। শিক্ষাঙ্গন সন্ত্রাসীদের প্রতিবাদে পথে নামা তরুণ রাজুর স্মৃতিকথা বলবে আপনার সঙ্গে এখানেই।রক্তের আলপনায় লেখা যে দেশের নাম, তার নাম বাংলাদেশ। এ দেশের শহীদদের রক্তে কেনা স্বাধীনতা বৃথা যেতে দেব না আমরা। আর তাই সন্ত্রাসমুক্ত বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের দাবি, আমাদের সবার কথাগুলো গড়গড় করে বলে যাচ্ছিল নৃবিজ্ঞানের শিক্ষার্থী প্লাবন। ডাকসুর সেই দেয়ালে দেয়ালে প্রতিধ্বনি হচ্ছিল সে শব্দগুলো।