কালের সাক্ষী কোয়েলাসান্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফ্রিকা উপকূল অঞ্চলের সাগরতলের মাছ কোয়েলাসান্থের জিনগত গোপন তথ্য প্রকাশিত হয়েছে। গবেষকেরা বলছেন, এই মাছের সঙ্গে ৩০ কোটি বছর আগে বিদ্যমান (সাত কোটি বছর আগে বিলুপ্ত) পূর্বসূরি প্রজাতির আশ্চর্য মিল রয়েছে। সুদীর্ঘ এই সময়ে বিবর্তনের পরও প্রাণীটির পরিবর্তন খুবই সামান্য।দক্ষিণ আফ্রিকার একজন জেলে ওই প্রজাতির একটি মাছের দেহাবশেষ ১৯৩৮ সালে উদ্ধার করেন। এই প্রজাতির মাছের বৈশিষ্ট্য কোটি কোটি বছরেও তেমন বদলায়নি। বিজ্ঞানীরা মনে করছেন, জিনগত কারণেই কোয়েলাসান্থের বৈশিষ্ট্য অপরিবর্তনশীল অবস্থায় রয়ে গেছে। প্রাণীটির ডিএনএ সংকেতে রয়েছে ৩০০ কোটি ‘অক্ষর’। কয়েকটি জিন খুব ধীরগতিতে পরিবর্তিত হয় বলেই এখনো আদি বৈশিষ্ট্য ধারণ করে আছে মাছটি। সম্ভবত এটিই ছিল স্থলচর প্রাণীর সঙ্গে সম্পৃক্ত প্রথম প্রজাতি। নেচার সাময়িকীতে প্রকাশিত গবেষণা নিবন্ধে বিজ্ঞানীরা জানান, কোয়েলাসান্থের জিনোমের পূর্ণাঙ্গ বিশ্লেষণে প্রাণীটির বিবর্তনে অস্বাভাবিক ধীরগতি শনাক্ত করা হয়েছে। মেরুদণ্ডী অন্যান্য প্রাণীর তুলনায় এই মাছের জিন ‘প্রতিস্থাপনের’ হারও কম। প্রাণীটি সাগরতলে তুলনামূলক অপরিবর্তনীয় পরিবেশে শিকারি প্রাণীদের কবল থেকে অনেকটা নিরাপদে বসবাস করে বলেই হয়তো তাদের জিনগত পরিবর্তনের হার এতটা কম। সংশ্লিষ্ট গবেষক লিন্ডব্লাড-টো বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে প্রাণীর বিবর্তন নিয়ে আমরা কাজ করি। কিন্তু এই পৃথিবীতে এমন কিছু প্রাণী রয়েছে, যাদের ওপর সময় তেমন একটা প্রভাব ফেলতে পারে না। আর কোয়েলাসান্থ সে রকম প্রাণীরই উদাহরণ। এটি সাগরতলের চরম প্রতিকূল পরিবেশেও নিজ বৈশিষ্ট্য অটুট রাখতে পারে যুগ যুগ ধরে। দুই মিটার লম্বা কোয়েলাসান্থের শরীরে চারটি বড় ও মাংসল পাখনা রয়েছে। বিজ্ঞানীদের ধারণা, আদিকালে এসব পাখনা অন্য কোনো রূপে ছিল। তবে নতুন গবেষণায় বলা হচ্ছে, স্থলচর স্তন্যপায়ী, পাখি ও টিকটিকির সঙ্গে কোয়েলাসান্থের অন্তত ২৫১টি জিনের সাদৃশ্য রয়েছে। ফরাসি গবেষণা প্রতিষ্ঠান আঁদ্রোমদ ওশেনোলজি ও প্যারিসের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম জাদুঘর কর্তৃপক্ষ যৌথ উদ্যোগে মাছটির গতিবিধির ত্রিমাত্রিক (থ্রিডি) ছবি ধারণ করবে। টেলিগ্রাফ ও বিবিসি।