কালের সাক্ষী রামুর কাঠের বাড়ি
রামু উপজেলার পূর্ব মেরংলোয়া গ্রামের মহাজন বাড়িটি পর্যটকদের অন্যতম আকর্ষণ। প্রায় দেড় শ বছর আগে মিয়ানমার থেকে হরিগাছ (কাঠ) এনে রেঙ্গুনের কারিগর দিয়ে দোতলা বিশাল বাড়িটি তৈরি করিয়েছিলেন মুতি সিং বড়ুয়া মহাজন। টিনের ছাউনি এবং কাঠের বেড়া দিয়ে তৈরি বাড়িটির নিচতলায় ১০টি এবং দ্বিতীয়তলায় ১০টি বড় কক্ষ রয়েছে। সম্প্রতি রামুর এই মহাজন বাড়ি পরিদর্শন করে দেখা গেছে, কয়েক একরের বিশাল ভিটার মধ্যে এই কাঠের বাড়িটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দেড় শ বছরের পুরোনো বাড়িটির পূর্ব-দক্ষিণ অংশ কিছুটা হেলে পড়লেও এখনো শক্ত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। তবে বাড়ির বিভিন্ন অংশের কাঠের বেড়া, পাটাতন ও একাধিক খুঁটিতে পচন ধরেছে। বাড়ির চারদিকে রয়েছে সারি সারি সুপারি, নারকেল, আম, কাঁঠাল, জলপাই, জামগাছ। বাড়ির বাসিন্দা রাজু বড়ুয়া (৪৩) জানান, ‘দাদার তৈরি এই বাড়িতে আমার জন্ম। আমার ছয় চাচা-জ্যেঠা এই বাড়িতে বহুকাল সংসার করেছেন। এটি জেলার সবচেয়ে বড় কাঠের বাড়ি। দাদা আমাদের গল্পের ছলে বলতেন— রেঙ্গুন থেকে কারিগর এনে এই বাড়িটি তৈরি করতে তাঁর প্রায় দুই লাখ টাকা খরচ হয়েছিল।’ রাজু বড়ুয়ার স্ত্রী ও স্থানীয় ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডের নারী সদস্য সোনিয়া বড়ুয়া জানান, ‘২০০৬ সালে বউ হিসেবে এসে প্রথম এই বিশাল কাঠের বাড়িটি নজর কাড়ে। এখনো দূরদূরান্তের বহু লোক বাড়িটি দেখতে আসেন। জেলার একমাত্র ঐতিহ্যবাহী কাঠের বাড়ি হিসেবে এটির সংরক্ষণ দরকার।’ চিত্তরঞ্জন বড়ুয়া (৭৮) জানান, একসময় রামুর মগপাড়া, শ্রীকুল, ফতেখাঁরকুল, হাইটুপিসহ বিভিন্ন গ্রামে এ রকম ছোট-বড় ৫০টির বেশি কাঠের বাড়ি ছিল। এখন তিন-চারটি ছাড়া সব কাঠের বাড়ি ধ্বংস হয়ে গেছে। কাঠের অভাবে সংস্কার করা সম্ভব না হওয়ায় অনেকে ঐতিহ্যবাহী কাঠের ঘরগুলো ভেঙে ফেলেছেন। মহাজন বাড়ির পাশাপাশি হাইটুপি বড়ুয়াপাড়ায় সাবেক ফুটবল খেলোয়াড় বিজন বড়ুয়া ও ফতেখাঁরকুলের সুলতান আহমদ চৌধুরীর কাঠের বাড়িটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখনো ছিমছাম, সুনিপুণ কারুকাজ করা আসবাবপত্র মানুষের নজর কাড়ে। বিজন বড়ুয়ার বড় ভাই তরুণ বড়ুয়া জানান, ‘শত বছর আগে প্রয়াত বাবা নিবারণ বড়ুয়া শখ করে এই কাঠের বাড়িটি তৈরি করেছিলেন। এই বাড়িতেই আমাদের জন্ম। শত বছর পেরিয়ে গেলেও এখনো বাড়িটি শক্ত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে।’