কালের সাক্ষী শতবর্ষী বানীগ্রাম সাধনপুর উচ্চবিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষার্থীদের পদচারণায় মুখর ঐতিহ্যবাহী বানীগ্রাম সাধনপুর উচ্চবিদ্যালয়। এ বছর শতবর্ষে পা দিয়েছে বিদ্যালয়টি l ছবি সংগৃহীত
শিক্ষার্থীদের পদচারণায় মুখর ঐতিহ্যবাহী বানীগ্রাম সাধনপুর উচ্চবিদ্যালয়। এ বছর শতবর্ষে পা দিয়েছে বিদ্যালয়টি l ছবি সংগৃহীত

শত বছর ধরে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বানীগ্রাম সাধনপুর উচ্চবিদ্যালয়। বাঁশখালী উপজেলার বানীগ্রামে নয়নাভিরাম ছোট্ট টিলার ওপর ছয় একর জায়গাজুড়ে অবস্থিত এই বিদ্যালয়। শতবর্ষী এই বিদ্যাপীঠ বহু শিক্ষাব্রতী মানুষের প্রচেষ্টার ফসল। গত এক শতাব্দীতে এই প্রতিষ্ঠান অনেক কীর্তিমান শিক্ষার্থীর জন্ম দিয়েছে। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় এখানকার শিক্ষার্থীরা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। এককথায় বিদ্যালয়টি দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক ইতিহাসের অংশ হয়ে দাঁড়িয়েছে।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষক ও গ্রামবাসী জানান, বানীগ্রামের সম্ভ্রান্ত রায় পরিবারের তিন ভাই গিরিন্দ্র চন্দ্র রায়, সুরেন্দ্র চন্দ্র রায় ও নগেন্দ্র কুমার রায় ১৯১৭ সালের ২ জানুয়ারি এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়ের যাত্রার সময় যোগেশ চন্দ্র দাস ও কালী কুমার আচার্য শিক্ষক হিসেবে যোগ দেন। সেই সময় ছাত্র ছিল মাত্র সাতজন। ১৯২০ সালে দশম শ্রেণি খোলার পর এটি পূর্ণাঙ্গ উচ্চবিদ্যালয়ে রূপ নেয়। ১৯১৯ সালে বিদ্যালয়টি বাঁশখালীর প্রথম মাধ্যমিক বিদ্যালয় হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি লাভ করে। ১৯২১ সালে বিদ্যালয় থেকে প্রথম বছরের মতো কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় সাতজন অংশগ্রহণ করেন।
বাঁশখালী মূল সড়কের পাশে অবস্থিত শহীদ মিনার থেকে মাত্র ১০০ মিটার পূর্বে পাহাড়ের চূড়ায় বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়ে রয়েছে ছোট–বড় ছয়টি ভবন, কম্পিউটার ল্যাব একটি, বিজ্ঞানাগার দুটি, ছাত্রাবাস দুটি, মসজিদ একটি, মিলনায়তন একটি ও একটি খেলার মাঠ। এই বিদ্যালয়ের ৪২ জন ছাত্র ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। বিদ্যালয়টি তৎকালীন মুক্তিযোদ্ধাদের কার্যালয় ছিল। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের খবর পেয়ে ২৩ ফেব্রুয়ারি তৎকালীন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিক্ষোভ মিছিল এবং প্রতীকী ধর্মঘট করেন।
বিদ্যালয়টি অনেক মানুষের দানে গড়ে উঠেছে। বিদ্যালয়ের খেলার মাঠের জন্য তৎকালীন বিদ্যালয়ের কর্মপরিষদ সদস্য ক্ষিরোদ রঞ্জন দাশের অক্লান্ত চেষ্টার ফলে ১৯৩৩ সালে তৎকালীন ভারতীয় বঙ্গীয় আইন সভার সদস্য বৈলছড়ি নিবাসী খান বাহাদুর বদি আহম্মদ চৌধুরী জমি কিনে খেলার মাঠের জন্য দান করেন। পশ্চিমবঙ্গের বর্ধমান নিবাসী খান বাহাদুর আব্দুল মমিনও বিদ্যালয়ের জন্য জায়গা দান করেন। ১৯৩৬ সালে এই বিদ্যালয় প্রথম সরকারি সহযোগিতা পায়। ১৯৬২ সালে গৌবিন্দ্র প্রসন্ন চৌধুরী ডাক বিভাগের চাকরির অবসরের সম্পূর্ণ টাকা বিদ্যালয়ে দান করেন।
১৬, ১৭ ও ১৮ মার্চ তিন দিনব্যাপী এই বিদ্যালয়ের ‘শতবর্ষ’ উদ্যাপন উৎসব অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রাক্তন ছাত্রছাত্রীরা বহুদিন পর প্রিয় সহপাঠী ও বন্ধুদের দেখা পাবে। এ উপলক্ষে প্রাণখোলা আড্ডা, ক্রীড়া অনুষ্ঠান, স্মৃতিচারণা, দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ নাদেরুজ্জামান চৌধুরীকে সভাপতি ও তপন মিত্র চৌধুরীকে সদস্যসচিব করে ২১৩ জনের উদ্যাপন কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যে কয়েক হাজার প্রাক্তন ছাত্রছাত্রী নিবন্ধ করেছেন।