ব্ল্যাক স্প্যারোর ডাকেই ঘুম ভাঙে জেরিনের। ব্ল্যাক স্প্যারো অনেকটা চড়ুইপাখির মতো ছোট, তবে ধূসরকালো, গলার স্বর মিষ্টি। ভোর হয়ে এল। উঠতে হবে। শীতসকালে আড়মোড়া ভেঙে উঠতে ইচ্ছে করে না। তবু উঠে পড়ে জেরিন। ভার্সিটিতে যেতে হবে। দরকারি ক্লাস আছে। বোটানির শেষ বর্ষ চলছে, ক্লাস মিস করা ঠিক হবে না। তার ওপর টিউটোরিয়াল জমা দিতে হবে। অনেক রাত জেগে শেষ করেছে টিউটোরিয়ালটা, তাই ঘুম হয়নি। তৈরি হয়ে কাঁধে ব্যাগটা ঝুলিয়ে বের হয়েই দেখে চারদিক সাদা-শুভ্র। তুষারপাত হয়েছে রাতে, পাতাঝরা গাছের ডালে ঝুলছে জমে যাওয়া বরফ। হালকা ঠান্ডা বাতাস। বাতাসের মাথায় বরফকণা; চোখেমুখে ঝাপটা দিয়ে এসে গলে পানি হয়ে যায়। রাস্তার পাশের সবুজ ঘাস বাতাসের ঝাপটায় নুয়ে পড়ছে। তুষার জমছে ঘাসের ডগায়। ভার্সিটির লম্বা করিডরে পা দিতেই অরনের সঙ্গে দেখা।এড়িয়ে যায় জেরিন। ছেলেটা অনেক দিন ধরে লেগে আছে পেছনে। অভির কথা মনে হয়। ভার্সিটির শিক্ষা সফরে গিয়েছিল গ্রিসে। ইতিহাস বিভাগের অভিও ছিল সঙ্গে। গ্রিস সফরে মজা হয়েছিল অনেক। সফরের শেষ দিন ভূমধ্যসাগরের তীরে একটা জায়গা দেখতে গিয়েছিল ওরা। সমুদ্রপৃষ্ঠ থেকে দুই শ ফুট ওপরে অপূর্ব প্রাকৃতিক পরিবেশে পাহাড়ের ওপর যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছে সমুদ্রদেবতা পসেইডনের দেবালয়। দেবতা জিউসের ভাই পসেইডন সমুদ্র, নদী ও ভূমিকম্পের দেবতা, যেকোনো সময় হাতের ত্রিশূল দিয়ে ঝড়ের সৃষ্টি করতে পারত। দেবালয়ে ছিল ৩৪টি স্তম্ভ। বর্তমানে মাত্র ১৫টি স্তম্ভ নিয়ে মহাকালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে দেবালয়টি। স্থাপত্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল জেরিন। আরও বেশি মুগ্ধ হয়েছিল সাগরের নীল জল দেখে। চারদিকে নীল সমুদ্র। নীল জলে সূর্যের আলো প্রতিবিম্বিত হচ্ছে। ঝোড়ো হাওয়া ছুটে আসছে সমুদ্র থেকে। মুগ্ধ হয়ে একটা স্তম্ভে হেলান দিয়ে দাঁড়িয়েছিল জেরিন। জল এত নীল হয়! হালকা নীল জিন্স আর কালো টি-শার্ট, দুই কানে ঝোলানো লম্বা হালকা পাথরের দুল, ডান হাতে বাজু আর গলায় পাথরের মালা। বাঁ হাতে পাথরের ব্রেসলেট, ঠোঁটে হালকা লিপস্টিক আর চোখে গগল্স পরা ধ্যানমগ্নাকে দেখে অভি মুগ্ধ হয়ে তাকিয়ে ছিল। জেরিনের ডান গালের ছোট বিন্দুর মতো কালো তিল আর ডান হাতের কবজিতে রিবনের মতো করে বাঁধা লাল-সবুজ স্কার্ফ দেখে অভিভূত হয়ে এগিয়ে গিয়েছিল অভি। স্কার্ফটা দেখিয়ে বলেছিল, ‘ওটা আমায় দেবে?’ চোখ তুলে তাকিয়েছিল জেরিন। অভি ওই একটা জিনিসই চেয়েছিল। কিন্তু জেরিন চেয়েছিল আরও বেশি। হাসতে হাসতে বলেছিল, ‘তোমার মনের প্লট কি ইজারা হয়ে গেছে? একটা দাও না, কুঁড়েঘর বানিয়ে থাকি!’ শুনে হাসিতে ফেটে পড়েছিল অভি। এমন বিষয় ছিল না যা নিয়ে অভির সঙ্গে আলাপ হতো না। জেরিনই বলত বেশি। বলতে বলতে লক্ষ করত, অভির চোখে কেমন যেন এক দূরত্ব। মাঝে মাঝে অনুযোগ করে বলত, ‘নিজেকে কেন আড়াল করে রাখো? আলোয় আসতে পারো না!’ অভি কিছু বলত না। সেদিন ওরা হাঁটছিল বরফের ওপর দিয়ে। তুষারপাত হচ্ছিল। চলতে চলতে পেছন ফিরে তাকায় অভি। ওদের ফেলে আসা পায়ের চিহ্ন হারিয়ে গেছে তুষারে। ‘আমার জন্য ভেবো না, কর্কটক্রান্তিরা এভাবেই হারিয়ে যায়।’ বলেছিল অভি। কুয়াশার আড়ালেই হারিয়ে গেল অভি। কর্কট বলতে ও কি আসলে ক্যানসার বুঝিয়েছিল? ফুঁপিয়ে কেঁদে ওঠে জেরিন। লিয়াকত হোসেনস্টকহোম, সুইডেন [email protected]