কালো জোছনা
ক.একটা সোনামুখ দেখলাম!মাসুকের চোখ কথা বলে উঠেছিল পুতুলকে দেখে। সেটা ছিল প্রথম দেখা।তারপর দিন গেছে, মাস গেছে, বছর গেছে ভালোবাসাবাসিতে। সেটা ছিল বড় ভালোবাসাবাসির কাল।সেই কাল পার হয়েছে সেই কবে। পুতুল আজ মাসুকের সোনাবউ। পুতুলকে সে খুব-খুব-খুব ভালোবাসে।ইদানীং কী যে হয়েছে পুতুলের! প্রায়ই যন্ত্রণায় ছটফট করে। মাসুকের ভালো লাগে না। সে পীড়াপীড়ি করে। কিন্তু পুতুল যেতে চায় না ডাক্তারের কাছে।কিছুদিন গেলে যন্ত্রণা তীব্র হলো। আর সইতে পারল না মাসুক। পুতুলের কোনো আপত্তি মানল না। এক রকম জোর করেই নিয়ে গেল ডাক্তারের কাছে।ভয়ানক একটা অসুখ পুতুলের শরীরে! পুতুলের জীবনকে ঈশ্বর কেটে একেবারে ছোট করে দিয়েছেন। ডাক্তার বললেন, পুতুলের আয়ু হয়তো বছর দুই, বড়জোর তিন।শুনে বিশ্বাস করতে চাইল না মাসুক। মনে হলো, ডাক্তারের কথা পুরোপুরি মিথ্যে।রাতে শুয়ে পুতুলকে শক্ত করে জড়িয়ে ধরল মাসুক। যেন কোনো কিছুতেই তার আগল থেকে পুতুলকে বের হতে দেবে না। পুতুল অবাক চোখে জিজ্ঞেস করল, ‘কী হয়েছে তোমার?’মাসুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল!পুতুলকে কিছুই বলতে পারল না।খ.মাসুকের মন্দ কপাল। কপালে জুটেছে ছোট একটা চাকরি। সেই সূত্রে সামান্য কিছু সঞ্চয়। তাতে পুতুলের চিকিৎসা চলে না।আশা দিয়েছেন ডাক্তার। পুতুল সুস্থ হবে, অস্ত্রোপচারে। টাকা লাগবে ৪০ লাখ। অপারেশনটা যত তাড়াতাড়ি করা যায়, ভালো।বড়লোক আত্মীয়স্বজন অথবা বন্ধুবান্ধবের কমতি নেই মাসুকের। গেল তাদের দরজায় দরজায়। গায়ে বসা মাছির মতো দূরে সরিয়ে দিল তারা। যেন একটা ছেঁড়া টাকাও হাতছাড়া করবে না কেউ।হতোদ্যম হয়ে গেল মাসুক। কী করবে, বুঝে উঠতে পারে না।কোনো কোনো মাঝরাতে ঘুম ভেঙে যায় মাসুকের। অপলক চেয়ে থাকে পুতুলের মুখের দিকে। একটা শূন্যতার শঙ্কায় মনটা আকুলিবিকুলি করে ওঠে। এমনই এক রাতে যন্ত্রণায় ছটফট করতে লাগল পুতুল। অস্ফুট স্বরে মাসুকের নাম ধরে ডাকতে লাগল। মাসুকের মনে হলো, পুতুল যেন ওপারের ডাক শুনতে পাচ্ছে। স্পষ্ট দেখতে পেল, মৃত্যুযন্ত্রণার সময় তার নামটি ধরে পুতুল ডাকছে। মনে হলো যেন পুতুল নয়, সে নিজে তীব্র একটা কষ্ট পাচ্ছে!খ্যাপার মতো হয়ে গেল মাসুক। টাকা তার চাই-ই। পুতুলকে সে বাঁচাবেই।গ.ভরা জোছনার এক রাত।নিপাট জোছনায় ধুয়ে যাচ্ছে আকাশ! এ রকম জোছনা কি মাসুক দেখেছে কোনো দিন?মাসুক ঘুমন্ত পুতুলের দিকে তাকায়। কী নিষ্পাপ পবিত্র একটা মুুখ! অন্য জগতের এক জোছনা খেলা করছে পুতুলের মুখে। সাধ্য কার, এই মুখ থেকে মুছে ফেলে থোকা থোকা জোছনার ছাপ! মাসুক পুতুলের গালে আলতো একটা চুমু দেয়। ঘুমের মধ্যেই একটু ঠোঁট ফাঁক করে হাসে পুতুল! মাসুক ব্যথিত চোখে তাকিয়ে থাকে পুতুলের দিকে। মুহূর্ত পর লেখার টেবিলে গিয়ে বসে।‘প্রিয় পুতুল,কিছুক্ষণ পরই আমি মারা যাচ্ছি। চমকে উঠলে? আমি নিজেই চমকে উঠেছি লিখতে গিয়ে।এ ছাড়া আমার কোনো উপায় ছিল না। তোমাকে আমি হারিয়ে যেতে দেব না পুতুল। অথচ তোমার অসুস্থতা। তোমাকে বলা হয়নি, বলতে পারিনি। এখন বলি, ওটা এক ধরনের ক্যানসার। অপারেশন করাতে হবে। এ জন্য কিছু টাকা দরকার। অথচ এতটা অক্ষম আমি! তাই ভাড়াটে খুনির হাতেই তুলে দিয়েছি আমার জীবন।আমার মৃত্যুতে তুমি ব্যাংক থেকে কিছু টাকা পাবে। জীবনবিমার টাকা। ওই টাকা আর সঞ্চয়ের টাকাটা দিয়ে চিকিৎসা নিয়ো। তুমি সুস্থ হোয়ো।জীবনটা কত সুন্দর। কেন অসুস্থতা তোমাকে জীবন থেকে ছিনিয়ে নেবে? আমি তা হতে দেব না। আমার কষ্ট শুধু এটুকুই, তোমাকে ছেড়ে চলে যেতে হচ্ছে। আমার আনন্দও এটুকুই, স্বর্গ থেকেও তোমার সোনামুখটি আমি দেখতে পাব।তুমি ভালো থেকো, পুতুল।’মাসুক চিঠিটি সন্তর্পণে রেখে দেয় ঘুমন্ত পুতুলের বালিশের পাশে। পরম মমতায় তাকায় পুতুলের মুখের দিকে। চুপিস্বরে বলে, ‘ভালো থেকো।’তারপর বেরিয়ে আসে বাইরে। জোছনার আলোয়। একবার আকাশের দিকে তাকায়। জোছনা কি একটু ফিকে হয়ে এসেছে?হোক ফিকে। তবু জোছনা তো! মাসুক অপেক্ষা করে ঘাতকের পদশব্দের।সামিউল হাসাননর্থ সার্কুলার রোড, ধানমন্ডি ঢাকা।