কালো টিপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুলগুলো বারবার পিছলে চোখের ওপর নেমে আসছে, টেনে সরিয়ে দিলাম। আজকে কপালটা দেখে খুব টিপ পরতে ইচ্ছে করছে। আমার কপালে টিপ দেখলে বাবার ছোটখাটো একটা স্ট্রোক হয়ে যেতে পারে। তবু আজকে একবিন্দু শিশির কণার মতো টিপ পরতে ইচ্ছে করছে। মা আমার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছেন। আজকাল প্রায়ই মা এভাবে আমার দিকে তাকিয়ে থাকেন। আগে সামান্য সাজগোজ করতে দেখলেই মা একটু বিচলিত হয়ে যেতেন। : ক্লাসে যাচ্ছিস?: হ্যাঁ মা, কেন?: তূর্য এসেছে, তোকে নিয়ে আংটি কিনতে যাবে। তূর্য হলো সেই ব্যক্তির নাম, যাঁর কাছে কিছুদিনের মধ্যে আমাকে গছিয়ে দেওয়া হবে। যাঁর সকালের নাশতা বানিয়ে দেওয়ার জন্য আমার চাকরি করার ওপর নিষেধাজ্ঞা জারি হবে। আজ পর্যন্ত তাঁকে তিন দিন দেখেছি। এর মধ্যে দুই দিন একই শার্ট। আজকেও নিশ্চয়ই সাদা শার্টটা পরে এসেছেন।একটা সময় ছিল যখন ক্লাস ফাঁকি দেওয়ার কথা বললে মা তেড়ে আসতেন। মনে হচ্ছে, পর পর তিনবার ফার্স্ট হওয়ার জন্য পাওয়া গোল্ড মেডেলটা মা আমার শাশুড়িকে দেখানোর জন্যই জমিয়ে রেখেছেন। আজকালের মধ্যে নিশ্চয়ই বলবেন ভার্সিটিতে যাওয়ার কী দরকার! বিরক্তমুখে বসার ঘরে ঢুকলাম। আজকেও সেই সাদা শার্ট। শার্টটা তো দেখছি ইউনিফর্ম বানিয়ে ফেলেছে। : আপনি চলে যান, আমার ক্লাস আছে। : তা হলে আমি তোমাকে দিয়ে আসি।আমি দুই ভ্রু এক করে বললাম—: কেন? আমাকে দিয়ে আসতে হবে কেন?তূর্য হেসে দিলেন।: আসলে আমি তোমাকে দেখতেই এসেছি। আংটি-ফাংটি কিছুই না। আমি কড়া ধমক লাগাতে গিয়েও থেমে গেলাম। তূর্যর চোখের দিকে তাকিয়ে হঠাত্ দৃষ্টি শিথিল হয়ে এল। কী ভয়ানক! বাড়ির সবার মতো নিশ্চয়ই আমিও পাগল হয়ে যাব। একসঙ্গে রিকশায় ওঠা কী স্বাভাবিক একটা ঘটনা! অথচ এমন এক সাধারণ ঘটনার কথা ভেবেই আমার অন্য রকম অনুভূতি হচ্ছে। সাধারণ একটা ছেলে, সাধাসিধে কথা, এলোমেলো ভঙ্গি। অথচ একে সবচেয়ে আলাদা, অসাধারণ মনে হচ্ছে। যে কবার আমার দিকে তাকিয়ে হেসেছে, আমার ভেতরের সবকিছু এলোমেলো হয়ে গেছে। আমার কাঠিন্যের ভিত্তিপ্রস্তর নড়ে উঠেছে। একা একা বাসায় ফিরছি। এখন সাদা শার্টের চশমা পরা যুবককে দেখতে প্রচণ্ড ইচ্ছা করছে। সন্ধ্যার সময় একটা নরম আলো চারদিকে, এখন চিত্কার করে পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসির ছেলেটার নাম ধরে ডাকাটা কি খুব সিনেমাটিক হয়ে যাবে? আবছা আলোয় কয়েকটা ছায়ামূর্তি স্পষ্ট হলো। রিকশাওয়ালার পথ আটকে ধরায় রিকশা থেমে গেল। আমার চিত্কার করে রিকশা টেনে নিয়ে যেতে বলতে হবে, কিন্তু গলা দিয়ে এতটুকু শব্দ বের হচ্ছে না। এই জন্তুগুলো কী চায়? অন্ধকার একটা জগত্। আমার বোধহয় চেতনা নেই। কিন্তু একটু আগে মায়ের ব্যাকুল গলায় ডাকাডাকি শুনতে পেয়েছি। মায়ের চেঁচামেচি অসহ্য বোধ হচ্ছে। জগত্টা সম্পূর্ণ আলোকহীন, শব্দহীন হয়ে যাক। তবু আমাকে দাঁতে দাঁত চেপে বাঁচতে হবে। পশুগুলোকে মুক্ত রেখে আমি কীভাবে চলে যাব? আজকে কত দিন পার হয়েছে? দুই দিন হয়তো বা। তূর্যকে এখনো দেখিনি। হয়তো বা দেখবও না। এখন আমি কথা বলতে পারি। তূর্যকে কিছু কথা বলতে ইচ্ছে করছে। যদি একবারের জন্য সে আসতো, তাহলে আমি অবশ্য বলতাম, ‘আমার সারা শরীরে অসহ্য ব্যথা। মা আমাকে দেখে ভয়ে কুঁকড়ে যাচ্ছেন। বাবা আমার চোখে চোখ পড়তেই চোখ নামিয়ে নিচ্ছেন। পত্রিকায় আমার ঘটনার বর্ণনা বের হয়েছে। কিন্তু এসব কোনো কিছুই আমাকে স্পর্শ করবে না। তুমি একবার আগের মতো করে শুধু বলো, “আসলে আমি তোমাকে দেখতেই এসেছি।” এ মুহূর্তে আমার আর কিছুই চাই না।’কেউ আমার চোখের পানি মোছার চেষ্টা করছে।আমি চমকে তাকালাম। তূর্য আবার সেই ভিত্তিপ্রস্তর নাড়ানো হাসি দিল। ‘তুমি টিপ পরো না কেন? আমার ধারণা, তোমাকে ছোট একটা টিপ পরলে খুব মায়াবতী লাগবে। তোমার চেহারাটা একটু নির্দয় ধরনের।’আমার পুরো শরীর কাঁপিয়ে কান্না পাচ্ছে। এই চিরচেনা শার্টে মুখ গুঁজে চিত্কার করে কাঁদতে ইচ্ছে করছে। সুহী আহমেদ শাহজাহানপুর, ঢাকা।