কালো মেঘে আর ভয় নেই
আকাশে কালো মেঘ দেখলেই আর ছুটি পাবে না পানছড়ি উপজেলার রামকানাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ভিজবে না বিদ্যালয়ের আসবাবপত্রও। কারণ সংস্কার হচ্ছে বিদ্যালয় ভবন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে তিন লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।গত ৭ জুন আলোকিত চট্টগ্রামে বিদ্যালয়টি নিয়ে সংবাদ ছাপা হয় ‘কালা মেঘ দেলে ছুটি অয় !’ এ সংবাদ প্রকাশ হওয়ার পর পানছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুর রহমান ও উপজেলা নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন স্কুলটি সংস্কার করার উদ্যোগ নেন। তাঁরা বরাদ্দ চেয়ে ঢাকায় স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরে আবেদন করেন। পানছড়ি উপজেলা নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, ‘আমাদের আবেদনে সাড়া দিয়েছে ঊধ্বর্তন কর্তৃপক্ষ। খাগড়াছড়ির পানছড়ি রামকানাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাম শিং দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংস্কারের জন্য তিন লাখ টাকা করে ছয় লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। বিদ্যালয় দুটির সংস্কার কাজ ৩১ জানুয়ারির মধ্যে শেষ করার নির্দেশ রয়েছে। সে অনুযায়ী পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে দরপত্রের আহ্বান করা হয়েছে।’স্কুলঘর সংস্কারের খবর শুনে উচ্ছ্বসিত বিদ্যালয়রে প্রধান শিক্ষক সুবোধ বিকাশ চাকমা। তিনি বলেন, ‘এবার থেকে বৃষ্টি আসলেও ভয়ে আর ছুটি দিতে হবে না। শিক্ষার্থীরা শিক্ষার সুযোগ পাবে। পাঠদানে কোনো ব্যাঘাত ঘটবে না। স্কুলের ফাইলপত্রগুলো আর বাড়ি নিয়ে যেতে হবে না।’