কাশকন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনীল আকাশ বিমল বাতাস

ভাসমান সাদা মেঘ

আবেগের ছটা কথা ঘনঘটা

তিরোহিত উদ্বেগ।

স্রোত কুলকুল নদীর দুকূল

ফুলে ফুলে সয়লাব

ঘাসের ওপরে সাদা থরে থরে

পরিদের জয়লাভ।

কন্যা তোমার শোভা বেশুমার

সাদা আঁচলের ভাঁজ

নদীকূলে বসে তোমার পরশে

আকুল হওয়াই কাজ।

মাঝি গান গায় পরান জুড়ায়

ঢেউয়ে দোল খায় নাও

কী যে অপরূপ সাদা বক চুপ

কাশনাচ দেখে যাও!

কন্যা যে তুমি মনোবনভূমি

শিশিরে ঝলক তাই

কুয়াশা সভাতে সন্ধ্যা প্রভাতে

তোমাকেই কাছে পাই।