কাশমেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হালকা মেঘে ধীর আবেগে শুভ্র খেলা
নদীর তীরে বসেছে আজ কাশের মেলা
শ্যামল দেশের কুসুম কোমল দৃশ্যখানি
কী মনোরম! ঢেউয়ে ঢেউয়ে কানাকানি
মায়ের হাসি মুখটি দেখে নায়ের মাঝি
উদাস গলায় মেলে ধরে গানের সাজি
আম কাঁঠালের বনে ছায়া ধোঁয়া ধোঁয়া
ঘাসে ঘাসে শারদীয় হিমেল ছোঁয়া
কাশের বনে চুপটি করে বকের ছানা
মাছরাঙা নাচ চলছে ভালো খাদ্যখানা
বৃষ্টিকুঁড়ি ইলশেগুঁড়ি পাপড়ি ঝরা
ফেনায় ফেনায় স্রোতস্বিনী কাব্যছড়া
মৃদু হাওয়ায় ফুলের রেণু যাচ্ছে উড়ে
স্বপ্ন দেখার ক্ষণটি আসে ঘুরে ঘুরে
আয় ছেলেরা আয় মেয়েরা নদীর কূলে
পড়াশোনার কষ্ট যাবি সবাই ভুলে
নীল আকাশে উড়াল দিতে কোথায় বাঁধা
কাশের মতো হোক না সবার হৃদয় সাদা!