কাশের পেলবতা নিয়ে

মা দুর্গার বোধনের সঙ্গে সঙ্গে ‘ঢ্যাম কুরকুর ঢ্যাম কুরকুর’ ঢাকের বাদ্যি বেজে ওঠে। নতুন জামা গায়ে চাপিয়ে পাড়ার ছেলেরা সব সাঁজ নামতেই মণ্ডপে জড়ো হয় ধুনুচি নাচের প্রস্তুতি নেওয়ার জন্য। স্পঞ্জের মতো নরম শোলা আর শুচিশুভ্র কাশফুলের ডাঁটিতে তৈরি হয় রং-বেরঙের মুখোশ। কেউ সাজে ভুঁড়িঅলা গণেশ ঠাকুর, কেউ সুদর্শন কার্তিক, আবার কেউ বা নামে শিবের ভূমিকায়। কিন্তু শুধু গণেশ সাজলেই হবে না, সঙ্গে তার প্রিয় বাহন ইঁদুরও চাই। কে সাজবে ইঁদুর?
ছলছল চোখ তুলে তাকায় পাঁচ-ছয় বছরের একটি ছেলে। গেলবার সে ইঁদুর সেজেছিল। দুর্দান্ত পাট করেছিল কাজল। কিন্তু উত্সবের দিনে ও কাঁদছে কেন! খোঁজ নিয়ে জানলাম এবার পুজোয় ওর জন্য কোনো খুশির খবর নেই। জ্বরের ঘোরে মা বেহুঁশ। ওষুধ জোটেনি, পথ্য পড়েনি পেটে। কাজল পায়নি নতুন জামা। এতেও কোনো দুঃখ নেই ওর। কেবল ভাবছে, দেবী দুর্গার দয়ায় ওর মা বাঁচবে তো!
মুখোশ ফেলে আমরা ছুটে যাই কাজলের বাড়ি। মাকে দেখি। ইশ্ জ্বরে গা পুড়ে যাচ্ছে! এক্ষুনি ডাক্তার ডাকা দরকার। কাজল আমাদের খুদে অভিনেতা। ওকে ছাড়া মা দুর্গার আরতি কী করে হবে! আতশবাজির খরচ বাঁচিয়ে কাজলকে নতুন জামা কিনে দিলাম। ধীরে ধীরে সুস্থ হলেন মা। কাজলের ঠোঁটে এবার মধুর হাসি। যেন কাশের পেলবতা নিয়ে মা দুর্গা গালে টোল ফেলে হাসছেন।
পাড়ার মেয়েরা সব ঘিয়ে জমিন-লালপাড় শাড়ি ও টিপ পরে আমাদের সঙ্গে দেবীর ভাসানযাত্রী হলো। মণ্ডপে মণ্ডপে মাথা ঠেকিয়ে প্রণাম। মুড়ি-মুড়কি, হরেক রকম নাড়ু, খই-বাতাসা, নারকেল, টসটসে ক্ষীরের সন্দেশে ভরে উঠেছে মুখ। কপালে ধান-দূর্বা ছুঁইয়ে মা-জেঠিদের আন্তরিক আশীর্বাদ—বেঁচে থাকো বাবা, দীর্ঘায়ু হও।