পাহাড়ি এলাকা টাঙমার্গ। চারদিকে ঘন পাহাড়ি বন। শুধু পাহাড় আর পাথুরে পথ। শুভ্র বরফে ঢাকা পড়েছে চরাচর। কয়েক দিন ধরে তুষারঝড়ে পুরো এলাকা ডুবে গেছে বরফে। আমরা খুব ভোরে পৌঁছে যাই সেখানে। অন্ধকার তখনো পুরোটা কাটেনি। আমাদের গন্তব্য গুলমার্গ। টাঙমার্গ থেকে অনেকটা পাহাড়ি পথ পাড়ি দিয়ে পৌঁছাতে হয় গুলমার্গের চূড়ায়। আকাশ ভেঙে যেমন করে বৃষ্টি নামে তেমন ধারায় পড়ছে তুষার, একনাগাড়ে। কিছুক্ষণ পর পর গাভর্তি হয়ে যাচ্ছে বরফে। হাঁস যেমন জল থেকে উঠে গা ঝাড়া দিয়ে পরিষ্কার হয়, আমরাও খানিক বাদে বাদে তুষার ঝাড়ছি। এই দুর্যোগের সকালে তুষারবৃষ্টি মাথায় করে খানিক বাদে হাজির এক পাহাড়ি তরুণ। বয়স সর্বোচ্চ ১৯-২০ হবে হয়তো। পেটা শরীর। পাহাড়ি গড়ন। কাছে এসে জানালেন তাঁর নাম হোসেন। পুরো এলাকা তাঁর হাতের তালুর মতোই চেনা। সামান্য কিছু অর্থ দিলে তিনি আমাদের সঙ্গী হতে পারেন। আমরা বিকল্প কোনো পথ না থাকায় সারা দিনের জন্য হোসেনকে ভাড়া করে ফেললাম। বনপথে আমরা পাহাড়ের গা-ঘেঁষে উঠছি। খানিক দূরে যেতেই ছিপছিপে গড়নের এক পাহাড়ি তরুণীও সঙ্গী হলেন আমাদের। হোসেন জানালেন এই মেয়েটি তাঁর খুব বন্ধু, আমাদের যদি কোনো সমস্যা না হয় তাঁকেও তিনি সঙ্গে নিতে চান। তথাস্তু বলে ছোট্ট দলটা নিয়ে আমরা পাইন বনের মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকি। হোসেন আর তাঁর বন্ধু মারিয়া খুনসুটি করতে করতে এটা-সেটা দেখান। পথে মস্ত এক পাহাড়ি ঝরনা দেখালেন। একসময় হয়তো এটি জীবিত ঝরনা ছিল, এখন খুব ভালোভাবে খেয়াল করলে শুধু বোঝা যায়। পাইনগাছের সবুজ ডালগুলো তুষারের ভারে নুয়ে পড়েছে। যে গাছগুলোতে পাতা নেই, তুষার জমে জমে এখন দিব্যি তারা বরফের গাছ। বরফের মাঝে চড়াই-উতরাই পেরোতে পেরোতে খুব ক্লান্তি ভর করে। হোসেন আর মারিয়া হেসেখেলে আমাদের বারবার পেছনে ফেলে যান। তাঁদের ধরে রাখতে আলাপ জুড়ে দিই। এটা-সেটা বলতে বলতে হোসেনকে তাঁর বাড়ির কথা বলতে বলি। তাঁর হাত ধরে মারিয়াও গভীর আগ্রহ নিয়ে হোসেনের মুখ চেয়ে থাকেন। একটু দম নিয়ে হোসেন শুরু করেন, ‘বাবা ছিলেন গাইড। বাবার কাঁধে চেপেই এসব জায়গা ঘুরে বেড়িয়েছি। তিনি সূর্য ওঠার আগেই বেরিয়ে যেতেন বাড়ি থেকে। ফিরতেন ভরসন্ধ্যায়। বাবার জন্য আমরা সবাই পথ চেয়ে থাকতাম। তারপর এক দুর্যোগের দিনে বাবা কাজে বের হলেন। তারপর সে সন্ধ্যায় আর ফিরলেন না। আর কোনো দিনই ফিরলেন না।’ মনে হলো, হোসেনের গলাটা একটু ধরে এসেছে। মারিয়া পরম মমতায় হোসেনকে ধরে রাখেন। সিংহি তার বাচ্চাকে আগলে রেখে যেভাবে হায়েনার দিকে তাকায়, সে রকম মারিয়া তাকিয়ে থাকে আমাদের দিকে। হোসেনের দুঃখের স্মৃতি উসকে দিয়েছি বলেই হয়তো তাঁর দৃষ্টি ছিল এমন খ্যাপাটে। হোসেন ঘটনাটি হাত দিয়ে উড়িয়ে দেওয়ার ভঙ্গি করে বলেন, ‘চলো সামনে এগোই।’ নিজেদের বড় অপরাধী লাগে, পুরোনো ক্ষত আবার খুঁচিয়ে তোলার জন্য। পরিবেশটা বরফশীতল বাতাসের মতোই আরও ভারী হয়ে যায়। আজকেও বড় দুর্যোগ। হু হু করে বাতাসের বেগ বাড়তে থাকে। তুষারঝড়ে দুই হাত সামনেও তেমন কিছু দেখা যায় না। হোসেন আর মারিয়া বেশ খানিকটা এগিয়ে গেছেন। তাঁদের একান্তে কিছু সময় দেওয়ার জন্যই আস্তে পা চালাই। খানিকটা এগোতেই দেখি রাস্তার ধারে শোয়ানো এক পাইনগাছের আড়ালে হোসেন মারিয়াকে ধরে হু হু করে কাঁদছেন। বাতাসে ভেসে সে শব্দ কেমন করে যেন বুকে এসে লাগে। ওঁদের না দেখার ভান করে জোরে হাঁটি এবার। আহা, কাঁদুক না ছেলেটা...।