কাশ্মীর সতর্ক প্রত্যাশার সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীনগরগামী বিমানগুলো এখন পর্যটকে ঠাসা। সেখানে পুরোদমে নির্মাণকাজ চলছে। দরজি, হস্তশিল্পী, হোটেল-মালিকেরা যারপরনাই খুশি বিক্রি-বাট্টাতে। নিকট অতীতে এমন সুদিন তাঁদের আসেনি। রাস্তায় দিনের বেলা পুলিশ ও সেনাবাহিনীর ব্যারিকেড থাকে না। নতুন নতুন হোটেল ও কফিশপ উঠেছে শহরে। সব মিলিয়ে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের চেহারা এখন অন্য রকম।গত বছর ১০ লাখেরও বেশি পর্যটক (মূলত ভারতীয়) কাশ্মীর ভ্রমণ করেছে। এ সংখ্যা আগের বছরগুলোর তুলনায় অনেক বেশি। এ থেকে অবশ্যই একটি মাত্রায় স্থিতিশীলতা ফিরে আসার ইঙ্গিত পাওয়া যায়। তবে কাশ্মীর সত্যিই স্থিতিশীল হয়ে উঠছে জোরগলায় সে কথা বলার সময় হয়তো এখনো আসেনি। দুই দশকের জঙ্গি সহিংসতা, সরকারি বাহিনীর নির্যাতন, সহিংস প্রতিবাদ-বিক্ষোভে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে প্রায় ৫০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। আশ্রয়হীন হয়েছে কাশ্মীরী পণ্ডিত সম্প্রদায়ের (স্থানীয় হিন্দু) মানুষসহ অনেক লোক। গভীর অসন্তোষ রয়েছে অসংখ্য গণকবর নিয়ে। সেনাবাহিনীসহ সরকারি লোকজন বলেন, এগুলো মূলত পাকিস্তান থেকে অনুপ্রবেশ করা জঙ্গিদের। কিন্তু কাশ্মীরিদের দাবি, গণকবরে ঠাঁই হওয়া অনেকেই খুন হওয়া স্থানীয় তরুণ-যুবক।এসব কারণে মনে হওয়া স্বাভাবিক শ্রীনগরের এই স্থিতিশীলতা সাময়িক। অভিজ্ঞতা বলছে, অতীতে একাধিকবার এমন শান্তি ফিরে এলেও তা স্থায়ী হয়নি। কোনো না কোনো ঘটনাকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে শ্রীনগর। ২০১০ সালের আগের তিনটি গ্রীষ্মের কথাই ধরা যাক। এ সময়ে স্বাধীনতার দাবিতে ব্যাপক গণবিক্ষোভ হয়। স্থবির হয়ে পড়ে শ্রীনগর ও আশপাশের শহরগুলোর জনজীবন। ‘অনভিজ্ঞ’ মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর নেতৃত্বাধীন সরকার পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ হয়। পুলিশের গুলিতে ২০১০ সালেই মারা যায় ১১০ জনের বেশি বিক্ষোভকারী। বিচ্ছিন্নতাবাদীদের জারি করা ‘কারফিউয়ের’ কারণে ক্ষতিগ্রস্ত হয় ব্যবসা-বাণিজ্য। সংশয়বাদীরা সতর্ক করে দিয়ে বলছেন, কাশ্মীর উপত্যকায় সহিংসতা বরাবরই ঘুরে ঘুরে আসে। বিক্ষুব্ধ স্থানীয় অধিবাসী ও জঙ্গিরা উভয়েই হয়তো আর্থিক অবস্থা আবার একটু গুছিয়ে নেওয়ার জন্য সাময়িক বিরতি নিচ্ছে। স্থানীয় সহনশীল সুফি ইসলামকে ধীরে ধীরে কোণঠাসা করে কট্টরপন্থী ইসলামের প্রসারের প্রবণতাও উদ্বেগজনক। আসলে কাশ্মীরের ভাগ্য সব সময়ই বাইরের শক্তির হাতে নির্ধারিত হয়ে আসছে। ভারত-পাকিস্তানের বর্তমান তুলনামূলক উষ্ণ সম্পর্ক আবার তিক্ত হয়ে উঠলে তা কাশ্মীরের জন্য বিপজ্জনক হয়ে উঠবে। লস্কর-ই-তাইয়্যেবার মতো জঙ্গিরা আবারও সক্রিয় হয়ে উঠতে পারে। তাদের ইন্ধন দেওয়ার জন্য পাকিস্তানের একশ্রেণীর গোয়েন্দা কর্মকর্তা তো আছেনই। আফগানিস্তান থেকে ন্যাটোবাহিনী চলে গেলে প্রতিবেশী রাষ্ট্রটির পরিবর্তিত পরিস্থিতিও কাশ্মীরের জন্য হুমকি হয়ে উঠতে পারে। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ নিজেও সাময়িক এ শান্তি নিয়ে অতিরিক্ত আশাবাদী না হতে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, পর্যটকদের আগমন বৃদ্ধি মানে এই নয় যে ‘প্রধান ইস্যুর’ সমাধান হয়ে গেছে। ভারতে কাশ্মীরের সাংবিধানিক মর্যাদা এখনো বিতর্কিত। অন্যদিকে পাকিস্তান-শাসিত কাশ্মীরের মর্যাদাও অস্পষ্ট। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নির্দেশে দুই বছর আগে কাশ্মীর নিয়ে যে একটি নিরপেক্ষ পর্যালোচনা প্রতিবেদন করা হয় তা এ বছর প্রকাশিত হয়েছে। কিন্তু এ পর্যন্ত এর সুপারিশ মানা হয়নি। স্থানীয় রাজনীতিবিদেরা অবহেলিত। অন্যদিকে বিচ্ছিন্নতাবাদী নেতারা গৃহবন্দী। এমনকি সীমিত আকারে যে সংস্কারের কথা বলা হয়েছিল তাও বাস্তবায়িত হয়নি। প্রস্তাবিত সংস্কারের মধ্যে ছিল সেনাদের কর্মকাণ্ডের বিষয়ে দায়মুক্তি আইনটি প্রত্যাহার করা। ফারুক আবদুল্লাহ আইনটি প্রত্যাহারের অঙ্গীকার করলেও সেটি এখনো বহাল তবিয়তে রয়েছে। আগামী দুই বছর পর অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনে ফারুক আবদুল্লাহর জনপ্রিয়তা পরীক্ষা হবে। পরিস্থিতি বিবেচনা করলে ওই নির্বাচন অনুষ্ঠান করতে পারাটাও হবে বিশাল একটা সফলতা। আরও একটি সফলতা হচ্ছে, ১৯৯০-এর দশকে পাকিস্তান-শাসিত কাশ্মীরে জঙ্গি প্রশিক্ষণের উদ্দেশে পাড়ি জমিয়েছিলেন এমন অনেকে অস্ত্র ছেড়ে ফিরে আসতে শুরু করেছেন। পাকিস্তানি কাশ্মীরের মুজাফফরাবাদ থেকে ফিরে শ্রীনগরের একটি আশ্রয়শিবিরে পরিবার নিয়ে উঠেছেন জাহাঙ্গীর ভাট। ১৯৯০ সালে ভারত ছেড়ে গিয়েছিলেন জাহাঙ্গীর। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৪ বছর। ‘সপ্তাহদুয়েকের মধ্যেই’ কাশ্মীর স্বাধীন হবে—এ আশায় দেশ ছেড়েছিলেন কিশোর জাহাঙ্গীর। সেই থেকে ঝিলাম নদীতে বয়ে গেছে অনেক পানি। অবশেষে গত এপ্রিলে তিনি নিরাপত্তার আশ্বাস পেয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন। জাহাঙ্গীর বলেন, ‘আরও আগে শ্রীনগরে এলে আমাকে হত্যা করা হতো।...ভারত এখন তার নীতি পরিবর্তন করেছে।’জাহাঙ্গীর ভাট বলেন, গত তিন বছরে তাঁর মতো ১৭০টি পরিবার পাকিস্তান থেকে ফিরে এসেছে। আরও ছয় হাজার লোক ফিরে আসার অপেক্ষায় রয়েছে। তবে পাকিস্তান সরকার এ ব্যাপারে খুব উৎসাহ দেখাচ্ছে না। কারণ ভারতীয় কাশ্মীরি শরণার্থীদের শিবিরগুলো এ সমস্যার দিকে আন্তর্জাতিক মনোযোগ টানার এক কার্যকর উপায়।শেষ পর্যন্ত কতজন জন্মভূমি ভারতে ফিরবে তা অনেকাংশে নির্ভর করবে ইতিমধ্যে ফিরে আসাদের অবস্থার ওপর। ফিরে আসা অনেকেরই ভাগ্যের পরিবর্তন হয়নি। জাহাঙ্গীর ভাট বলেন, শ্রীনগরের জীবন কষ্টের হলেও এ নিয়ে তাঁর কোনো দুঃখবোধ নেই। তবে তাঁর মুজাফফরাবাদে জন্ম নেওয়া স্ত্রী অনেকটাই হতাশ। কাজকর্ম না পেয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন মহিলা। তাঁর মতে, পাকিস্তানি কাশ্মীরিদের তুলনায় ভারতীয় কাশ্মীরের মানুষ বেশি বস্তুবাদী আর সংকীর্ণমনা।ফিরে আসা কাশ্মীরিদের মধ্যে যাঁরা শ্রীনগরের কাছের বাদগাম এলাকায় থাকেন তাঁদের অভিজ্ঞতা আরও খারাপ। বাদগামের জামিল আহমেদ মীর নামের একজন বলেন, ভারতের সাম্প্রতিক অর্থনৈতিক সাফল্য তাঁকে টেনে এনেছে। ২২ বছর পর দেশে ফিরেছেন। কিন্তু এরই মধ্যে তাঁর মোহভঙ্গ হয়েছে। জামিল বলেন, ‘ভেবেছিলাম, ভারতে সুন্দরভাবে বাঁচতে পারব। কিন্তু এখানে রুটিরুজির ব্যবস্থা করতে বা সন্তানদের স্কুলে পাঠাতে খুব কষ্ট হচ্ছে।’ জামিলের মতে, সবচেয়ে যা খারাপ তা হলো, ফারুক আবদুল্লাহর সরকার চাকরি ও আর্থিক সহায়তার যেসব আশ্বাস দিয়েছিল তা বাস্তবায়িত হচ্ছে না।  মনিরুল ইসলাম, সূত্র: দি ইকোনমিস্ট