কাস্টমস কর্তৃপক্ষের অনিয়মের প্রতিবাদে নিলাম বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কাস্টম নিলাম ব্যবসায়ী সমিতি গত ২৯ নভেম্বর কাস্টমসের নিলাম বয়কট করেছে বলে জানিয়েছে। ওই দিন বিকেলে সমিতির কার্যালয়ে সভাপতি মো. ইকবালের সভাপতিত্বে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা অভিযোগ করেন, চট্টগ্রাম বন্দরের কাস্টমস নিলাম একটি নির্দিষ্ট নীতিমালায় পরিচালিত হলেও এ বছরের নিলাম দরপত্রগুলোতে জাতীয় রাজস্ব বোর্ডের স্থায়ী আদেশ পালন হচ্ছে না। উপরন্তু তারা নানাভাবে ব্যবসায়ীদের হয়রানি করছে। বক্তারা বলেন, ব্যবসায়ীদের হয়রানির বিষয়ে কাস্টম কমিশনারের কাছে তাঁরা লিখিত আবেদন করেছেন। কিন্তু এতে কোনো রকম সাড়া না পাওয়ায় তাঁরা নিলাম বয়কট করেছেন। নিলামে অংশগ্রহণ করার জন্য সহকারী কমিশনার অব কাস্টমস (রপ্তানি) বিনোদ বিহারী ভৌমিকের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের কয়েক দফা বৈঠক হলেও শেষ পর্যন্ত কোনো প্রকার সিদ্ধান্ত ছাড়াই বৈঠক স্থগিত হয়। সভায় বক্তারা দাবি করেন, কাস্টমস নীতিমালা অনুসরণ না করে নিলাম সম্পন্ন করা ও নিলাম কমিটির সভাপতির নানা রকমের অনিয়মের প্রতিবাদে কমিশনার অব নিলাম (রপ্তানি) শাখার প্রধান মোহাম্মদ জামাল উদ্দিনের সঙ্গে বৈঠক করে কোনো প্রকার নিলামে অংশগ্রহণ করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। আলোচনা সভায় বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, মাহতাব উদ্দিন চৌধুরী ও মোহাম্মদ সেলিম। উল্লেখ্য, কোনো কারণে নির্ধারিত সময়ে আমদানি পণ্য আমদানিকারক সরবরাহ নিতে ব্যর্থ হলে জাতীয় রাজস্ব বোর্ডের বেঁধে দেওয়া নীতি অনুসরণ করে কাস্টম কর্তৃপক্ষ তা নিলামের ব্যবস্থা করে। সে ক্ষেত্রে নিলামযোগ্য আমদানি পণ্যের দামসহ যাবতীয় বিষয় নিলামের আগেই ঠিক করা হয়। নির্ধারণ করা দামের সর্বনিম্ন ৬০ শতাংশ দাম নিলে নিলামের জন্য নিলাম ব্যবসায়ীদের (বিডার) আহ্বান জানানো হয়। এ ক্ষেত্রে বিডারকে নির্ধারিত দামের ১০ শতাংশ মূল্যসম্বলিত পে-অর্ডার জমা দিয়ে বিডিংয়ে অংশ নিতে হয়। কোনো বিডার এ ধরনের মালামাল নিলামে পাওয়ার জন্য নির্বাচিত হলে তাঁকে স্বল্পতম সময়ে নিলামকৃত পণ্য সরবরাহ দেওয়ার নির্দেশ রয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সব থেকে গুরুত্বপূর্ণ নির্দেশনা হচ্ছে—নিলামে পণ্য ওঠা এবং নিলাম হওয়ার পর কোনো পক্ষই কোনো অজুহাতে পণ্য নিতে কিংবা দিতে অস্বীকার করতে পারবে না। বিজ্ঞপ্তি।