কাস্টমার সার্ভিস, কাজ শেখার বড় জায়গা
প্রথম আলো জবস্ ও এবিসি রেডিওর নিয়মিত আয়োজন ‘প্রথম আলো জবস্ হতে চাই, পেতে চাই’ অনুষ্ঠানে এসেছিলেন মোবাইল ফোন কোম্পানি রবির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা বিদ্যুত্ কুমার বসু। তাঁর সাক্ষাত্কারের নির্বাচিত অংশ ‘স্বপ্ন নিয়ে’র পাঠকদের জন্য। প্রশ্ন: বড় একটি মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আপনি। আপনার সফলতার গল্পটা শুনতে চাই শুরুতেই।উত্তর: আমার জন্ম নিতান্তই একটা গ্রামে, যার মতো সুন্দর কোনো গ্রাম আমি পৃথিবীতে খুঁজে পাই না। সেটি হচ্ছে কুষ্টিয়ার কুমারখালীর একটি প্রত্যন্ত গ্রাম। গ্রামের পাশে একটা নদী ছিল—গড়াই। প্রাথমিক পর্যায়টা আমার ওখানে। তার আগেও যে কিছু শেখার আছে, সেটা আমার দাদু ও দিদিমার কাছ থেকে শিখেছি। কেউ রামায়ণ-গীতা শিখিয়েছে, কেউ আবার কীভাবে ফসল হয় জমিতে তা শিখিয়েছে। আবার কখনো ভোরে নদীর পাড়ে নিয়ে গিয়ে সৌন্দর্য উপভোগ করা শিখিয়েছে। পরে আমাদের এক শিক্ষক নিয়ে গিয়েছিলেন স্কুলে। তিনি শুনেছিলেন, আমি আমার বড় ভাইবোনদের বই পড়ি; তাই সরাসরি দ্বিতীয় শ্রেণীতে ভর্তি। ওখান থেকে কুষ্টিয়া মুসলিম হাইস্কুলে পড়া, তারপর ঢাকা সিটি কলেজে, সবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিসাববিজ্ঞানে। সেখান থেকেই ক্যারিয়ারের পথে চলা। আর যদি কাজের কথা বলেন, তাহলে, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় টিউশনি করতাম। সেই টিউশনিও আমাকে অনেক কিছু দিয়েছে। যেমন, ছাত্রদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হওয়া ছাড়াও অনেক কিছু শেখাও যায়। তো, এমন করতে করতে আমার এক বন্ধু একদিন বিশ্বব্যাংকের একটা প্রজেক্টে এক সপ্তাহের জন্য কাজ করার কথা বলল। সেই কাজটি এক সপ্তাহ থেকে দুই মাস পেরিয়ে দেড় বছরও পার হয়ে গেল। বলা চলে, আমার কাজের একটা ভিত্তি তৈরি হলো তা থেকে।প্রশ্ন: আপনার কর্মময় জীবনে টেলিকমে পদযাত্রাটা কীভাবে?উত্তর: ওই যে প্রজেক্টটার কথা বলেছি, ওখানেই আমার পরিচয় হলো এক সহকর্মীর সঙ্গে। সে একদিন আমাকে বলল, সিটিসেল নামের একটা টেলিকম কোম্পানি বাজারে আসছে। ওরা এমন একজনকে খুঁজছে যে হিসাববিজ্ঞান পড়েছে, কম্পিউটার জানে, আবার লোকজনের সঙ্গে ভালো কথাও বলতে পারে। তো, এরপর সিটিসেলে সিভি দেওয়া হলো। পরীক্ষা দিলাম। চাকরিটা হয়ে গেল। সেখানে ভালোও করলাম। সেটা ১৯৯৫ সালের কথা। সেখানে দুই বছর কাজ করলাম। এরপর গ্রামীণফোন এল। সেখানে যোগ দিলাম। এর পর থেকে বিভিন্ন জায়গায় কাজ করলাম। টেলিনরের একটা অপারেশনে পর্তুগালে গিয়েছি। বাংলাদেশে প্রথম প্রিপেইড আমি আনলাম প্রজেক্ট ম্যানেজার হিসেবে। এরপর মালয়েশিয়া। সেখান থেকে আবার দেশে ফিরে এলাম। ১০ বছরের বেশি গ্রামীণফোনের বিভিন্ন বিভাগে কাজ করলাম। এরপর একটেলে যোগ দিই; এখন যেটা রবি। প্রশ্ন: এবার রবি প্রসঙ্গে আসি। আপনারা ‘একটেল’ থেকে কেন ‘রবি’ নাম দিলেন?উত্তর: বাংলাদেশ ও তার মানুষের প্রেক্ষাপট চিন্তা করে ‘রবি’ নাম দেওয়া হয়েছে। আর রবি—প্রথমত, বাংলা নাম; দ্বিতীয়ত, রবি এমন একটা জিনিস যেটা সবাই চিনে। রবি মানে সূর্য, রবি হচ্ছে রবিবার, রবি মানে রবিশস্য, রবি রবিউল আউয়ালও হয়, রবি মানে রবীন্দ্রনাথ ঠাকুর। অর্থাত্ বাঙালি বা বাংলাদেশি মানুষ এমন কেউ নেই যে এই শব্দটির সঙ্গে পরিচিত নয়। সব ক্ষেত্রের মানুষের কথা মাথায় রেখে, পুরো বাংলাদেশ সামনে রেখে এই নামটা রাখা হয়েছে। আমি যে বাংলাকে ধারণ করছি, সেই অনুযায়ী যদি এগোতে চাই, তার একটা প্রতিফলন পাওয়া গেল। সেই সঙ্গে এমন একটা নাম, যেটা সবাই উচ্চারণ করতে পারছে, সেই সঙ্গে এর অর্থও বুঝতে পারছে। প্রশ্ন: কেউ বিপণন কর্মকর্তা হতে চাইলে তার জন্য নেটওয়ার্কিংটা কতটা গুরুত্বপূর্ণ?উত্তর: মানুষে মানুষে যে নেটওয়ার্কিং, সেটা সব সময়ের জন্যই দরকার। আমরা তো নেটওয়ার্কিং ঘরের মধ্যেই করি। যেদিন জন্ম হলো, সেদিন তো আমার মায়ের সঙ্গেই নেটওয়ার্কিং করি। এভাবেই কিন্তু নেটওয়ার্কিংটা আমরা ছোট ক্ষেত্রে বা বড় ক্ষেত্রে করি। এটাকেই যখন আমরা সমাজ কিংবা দেশের ক্ষেত্রে নিয়ে আসি—আর বাজার তো সমাজ বা দেশের ক্ষেত্রে বিচ্ছিন্ন কিছু্ না—তখন এটা খুবই গুরুত্বপূর্ণ। মানুষে মানুষে যোগাযোগ তো যেকোনো কিছুর জন্যই উপযোগী।প্রশ্ন: যাঁরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, তাঁদের ক্ষেত্রে টেলিকম কোম্পানিগুলোতে চাকরির ক্ষেত্রে সুযোগটা কেমন?উত্তর: চাকরির ক্ষেত্রে যোগ্যতা থাকলে কোন বিশ্ববিদ্যালয় বা কোথা থেকে এল, সেটা দেখে বিবেচনা করা হয় না। করা উচিতও নয়। প্রার্থী যদি প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রতিষ্ঠানকে কিছু দেওয়ার ক্ষমতা রাখে তবে সরকারি-বেসরকারি বিষয়টি গুরুত্বপূর্ণ নয়।প্রশ্ন: টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের জীবনের শুরুতে কী লক্ষ্য থাকতে হবে?উত্তর: আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। আমরা কী হতে চাই, সেটা আমাদের স্বপ্নের সঙ্গে অনেক সময় মেলে না। আমরা পরিবর্তনটা মেনে নিতে পারি না। কিন্তু মেনে নিতে হবে। যা পেয়েছি, তাকে আন্তরিকতার সঙ্গে গ্রহণ করতে হবে। প্রশ্ন: টেলিকমের ক্ষেত্রে কাস্টমার সার্ভিস অনেক গুরুত্বপর্ণ। এ বিষয়ে কেমন মনোভাব থাকা উচিত?উত্তর: ‘কাস্টমার’ বললে তো খুব ছোট হয়ে যায়। যারা কাস্টমার এবং যারা এখনো কাস্টমার হয়নি, পুরো জনসংখ্যাকেই আমাদের বিবেচনা করতে হবে। কাস্টমারের কথা শুনতে হবে। সমাধানগুলো হাতের কাছে রাখতে হবে। যেটা পারি না তা স্বীকার করতে হবে এবং বলতে হবে যে আমি আপনাকে এই সময়ের মধ্যে সমাধানটা দেব। তাহলেই মানুষ আপনার অসুবিধাটা বুঝবে এবং আপনার প্রতি ধৈর্যশীল হবে। সততার সঙ্গে কাস্টমারের সঙ্গে অংশীদারি তৈরি করতে হবে।প্রশ্ন: এ ক্ষেত্রে কাজ করতে হলে কী রকম যোগ্যতা আশা করেন?উত্তর: কোন অংশে নিজে কাজ করতে চান, সেটা হচ্ছে প্রথম বিষয়। যেকোনো পেশায় কাজ করার শুরুতে তরুণ মেধাবীদের কাস্টমার সার্ভিসে কাজ করতে হবে। এটাই শেখার বড় জায়গা। ভেতরে থাকলে একজন শিক্ষক হবেন। সামনে থাকলে গ্রাহকেরাই আপনার শিক্ষক। কীভাবে বলতে হবে, শুনতে হবে, কীভাবে প্রতিক্রিয়া করতে হবে—সবই শেখাবে এই কাস্টমার সার্ভিস। প্রশ্ন: চাকরির ক্ষেত্রে সহশিক্ষা কার্যক্রম কতটা ভূমিকা রাখে?উত্তর: যে ছেলে প্রথমে অচেনা পরিবেশে নিজের জড়তা ভাঙতে পারে, সে অবশ্যই পারবে। আর সহশিক্ষা কার্যক্রমে যারা ভালো, তাদের যোগাযোগের ক্ষমতাও ভালো। এ পেশায় যোগাযোগের ক্ষমতাটাও অনেক গুরুত্বপূর্ণ। অনুলিখন: সাইফ উদ্দিন