কাস্ত্রোর কুমির শিশুরা

কাস্ত্রো কি এমনটি ভেবেছিলেন? তাঁর উপহার দেওয়া কুমিরের বংশধরই এক সময় কিউবায় ফিরে এর প্রজাতি রক্ষা করবে! আমেরিকান কুমিরের সঙ্গে মিশেল আর বুনো পরিবেশ কমে যাওয়ায় ক্ষীণ হয়ে এসেছে কিউবান কুমিরের বংশধারা। এক সময় রুশ মহাকাশচারী শাতালভকে কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো উপহার দিয়েছিলেন এ প্রজাতির দুটি কুমির শিশু। স্টকহোমের এক চিড়িয়াখানা থেকে সম্প্রতি এই প্রজাতির ১০টি কুমির ছানা হাভানায় পৌঁছেছে। খবর রয়টার্সের।
গত শতকের সত্তরের দশকে স্নায়ুযুদ্ধের উত্তুঙ্গ সময়ে রাশিয়া-কিউবা মৈত্রীর বন্ধন ছিল অত্যন্ত দৃঢ়। এ সময়েই রুশ নভোচারী ভ্লাদিমির শাতালভ পর পর বেশ কয়েকটি মহাকাশ অভিযানে সাফল্য পেয়েছিলেন। কিউবার বিপ্লবী নেতা ও তৎকালীন প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো নভোচারী শাতালভকে সম্মান জানাতে তাঁকে উপহার দিয়েছিলেন এক জোড়া কিউবান কুমির।
কিন্তু কুমির রাখার মতো কোনো জায়গা না থাকায় নভোচারী শাতালভ সেই কুমির দুটি দিয়ে দিয়েছিলেন মস্কো চিড়িয়াখানাকে। ১৯৭১ সালে মস্কো চিড়িয়াখানা কাস্ত্রোর কুমির দুটিকে স্থানান্তর করে সুইডেনের রাজধানী স্টকহোমের স্কানসেন চিড়িয়াখানায়। তখন থেকেই কিউবান প্রজাতির কুমির দুটির প্রজনন ঘটিয়ে আসছে স্কানসেন চিড়িয়াখানা।
এদিকে, কিউবায় স্থানীয় এই কুমিরের প্রজাতি নানাভাবে কমে যাওয়ায় সাপাতা ন্যাশনাল সোয়াম্প পার্কের হ্যাচারিতে এসব কুমিরের বংশবিস্তারের চেষ্টা চালানো হচ্ছে। প্রতি বছরই এই জাতের কিছু কুমিরকে বুনো পরিবেশে বাঁচার উপযোগী করে অভয়ারণ্যে ছেড়ে দিয়ে আসে এখানকার কর্মীরা। এই কুমিরের ছানাগুলো বুনো পরিবেশে গিয়ে ৮ থেকে ৯ ফুট পর্যন্ত লম্বা হয়।
সম্প্রতি স্টকহোমের স্কানসেন চিড়িয়াখানা থেকে কাস্ত্রোর কুমিরের ১০টি ছানা হাভানায় এসে পৌঁছে। হাভানায় ৪০ দিনের বিশেষ পর্যবেক্ষণ শেষে বিজ্ঞানীরা সেগুলোকে সাপাতা ন্যাশনাল পার্কের হ্যাচারিতে নিয়ে এসেছেন। এখন ৩ ফুটের মতো লম্বা ২১ মাস বয়সী এই ছানাগুলোকে হয়তো বছরখানেক এই হ্যাচারিতে রাখা হবে। পরে সেগুলোকে ছেড়ে দেওয়া হবে কিউবান কুমিরের আবাসস্থল হিসেবে সংরক্ষিত দক্ষিণ উপকূলের সংরক্ষিত অভয়ারণ্য আর আরও দক্ষিণের ইয়ুথ দ্বীপে।
সাপাতা ন্যাশনাল সোয়াম্প পার্কের জীববিজ্ঞানী এতিয়েন পেরেজ কাস্ত্রোর উপহার দেওয়া কুমিরের বংশধরদের সম্পর্কে বলেন,‘এই প্রজাতিকে রক্ষায় বিশেষ ভূমিকা রাখতে পারে এই কুমির ছানাগুলো।’ কিউবান জাতের এই কুমির সম্পর্কে পেরেজ আরও বলেন,‘এগুলো দৃশ্যতই মানুষের জন্য কোনো হুমকি নয়, বরং মানুষই এগুলোর জন্য হুমকি।’