কাস্ত্রো ভাইদের উত্তরসূরি
পাঁঁচ দশকের বেশি সময় ধরে কিউবার নেতৃত্বে আছেন কাস্ত্রো ভাইয়েরা। কিন্তু নানা কারণেই তাঁদের দিন ফুরিয়ে আসছে। ভগ্নস্বাস্থ্যের কারণে ৮৬ বছর বয়সী ফিদেল প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁর স্থলাভিষিক্ত হওয়া রাউলও সম্প্রতি ঘোষণা দিয়েছেন, প্রেসিডেন্টের দায়িত্বে আর নয়, এটাই শেষ মেয়াদ।বিদায়ের ইঙ্গিত দিয়েই অবশ্য কাজ শেষ করেননি দুই ভাই। ধারণা করা হচ্ছে, ইতিমধ্যেই উত্তরসূরিও ঠিক করে ফেলেছেন। সম্ভাব্য সেই উত্তরসূরির নাম মিগুয়েল দিয়াজ-কানেল (৫২)।দিয়াজ-কানেল রাজনৈতিক জীবন শুরু করেন সান্তা ক্লারা শহরের ইয়ং কমিউনিস্ট লিগের সদস্য হিসেবে। গত ফেব্রুয়ারিতে কাউন্সিল অব স্টেটের প্রথম ভাইস প্রেসিডেন্ট হন। তিনি এখন প্রেসিডেন্ট রাউলের ‘নম্বর-২’। পর্যবেক্ষকেরা মনে করেন, দিয়াজ-কানেলকে যে হবু প্রেসিডেন্ট হিসেবে গড়ে তোলা হচ্ছে, এটি তারই লক্ষণ। গত কয়েক মাসে বেশ কয়েকবার বিদেশ সফর করলেও আন্তর্জাতিক অঙ্গনে প্রায় অপরিচিত তিনি। কিন্তু রাউল কাস্ত্রো জোর দিয়েই বলেন, তাঁর নতুন ডেপুটি ভুঁইফোড় নেতা নন। যুক্তি হিসেবে কমিউনিস্ট পার্টির মধ্যে ধীরে ধীরে দিয়াজ-কানেলের পদমর্যাদার উন্নতির কথা তুলে ধরেন তিনি।‘আদর্শিক দৃঢ়তার’ বদৌলতে আজ থেকে এক দশক আগে দলের নির্বাহী কমিটি পলিটব্যুরোয় অন্তর্ভুক্ত হন দিয়াজ-কানেল। ফিদেল কাস্ত্রোর ভাষায়, প্রধান দায়িত্বগুলো তরুণ প্রজন্মের কাছে ‘পর্যায়ক্রমিক ও সুশৃঙ্খলভাবে হস্তান্তর’ করার যে প্রক্রিয়া চলছে, তাঁর সাম্প্রতিক পদোন্নতি এরই অংশ।মিগুয়েল দিয়াজ-কানেলের জন্ম সান্তা ক্লারা শহরে। এ শহরে গেলেই তাঁর সম্পর্কে কিছু ধারণা মিলবে। প্রতিবেশী এলা পেরেস মন্তপেলিয়ের জানান, তিনি (দিয়াজ-কানেল) সব সময়ই কাজ নিয়ে থাকতেন। সবকিছু ঠিকঠাকমতো চলছে কি না, নিজে ঘুরে ঘুরে দেখতেন।দিয়াজ-কানেলকে মাত্র ৩৩ বছর বয়সে কমিউনিস্ট পার্টির ভিলা ক্লারা প্রদেশের নেতা করা হয়। মন্তপেলিয়ের জানান, ওই পদে থাকার সময় খুব সাদাসিধে জীবন যাপন করতেন তিনি। সরকারি একটি গাড়ি দেওয়া হয়েছিল। ব্যক্তিগত কাজে কখনো তা ব্যবহার করেননি। হেঁটে কিংবা নিজের মোটরসাইকেলে চড়ে নানা জায়গায় যেতেন তিনি। মন্তপেলিয়ের আরও বলেন, দিয়াজ-কানেল একজন সৎ মানুষ। আর এ জন্যই এখানকার এত লোকে পছন্দ করে তাঁকে।রাস্তা থেকে দিয়াজ-কানেলের পারিবারিক বাড়ি নেহাতই সাদামাটা লাগে। বাড়িটির বাইরের দিকটায় রং করাও হয়নি। সান্তা ক্লারা কিউবার বিপ্লবের সর্বশেষ লড়াইস্থল। হয়তো ওই শহরে জন্মের সুবাদেই চারপাশ থেকে অনুপ্রেরণা পেয়েছেন দিয়াজ-কানেল। ১৯৫৮ সালে কিংবদন্তির বিপ্লবী চে গুয়েভারা ও তাঁর সহযোগী কামিলো সিয়েনফুয়েগোস এই শহর দখল করেন। দেশের এখনকার বেশির ভাগ নাগরিকের মতোই দিয়াজ-কানেলের জন্ম বিপ্লবের পর। তাঁর আদর্শিক অঙ্গীকার নিয়ে অবশ্য কোনো সন্দেহ নেই। কিন্তু এ কথাও তো সত্যি, কিউবার সমাজতান্ত্রিক মডেলের চেহারাটি বদলে যাচ্ছে। সাবেক সোভিয়েত ইউনিয়ন যে বিপুল ভর্তুকি দিত, তা বন্ধ হয়ে যাওয়ার ক্ষতি পুষিয়ে উঠতে নব্বইয়ের দশক থেকে সীমিতভাবে ব্যক্তিমালিকানাধীন উদ্যোগ চালু করতে বাধ্য হয়েছে কিউবা। আর শুরু থেকেই এসব সংস্কার বাস্তবায়নে কাজ করছেন দিয়াজ-কানেল। কিউবার অর্থনৈতিক উদারীকরণের প্রথম পর্বেই রাজনীতিতে তাঁর উত্থান শুরু।ওই সময়ের বর্ণনা দিতে গিয়ে সান্তা ক্লারা শহরের বাসিন্দা আন্তনিও ভালেদেস জানান, তখন অবস্থা খুবই খারাপ ছিল। শহরের ক্যাফেগুলোয় গেলে কিছু পাওয়া যেত না। দিয়াজ-কানেল ধীরে ধীরে তাঁদের আবার কর্মচঞ্চল করে তোলেন।কাউন্সিল অন ফরেন রিলেশন্সের কিউবা-বিশেষজ্ঞ জুলিয়া সোয়েইগ জানান, প্রাদেশিক পার্টি সেক্রেটারি দিয়াজ-কানেল বিকেন্দ্রীকরণের ওপর পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন। এখন সারা দেশে তা করা হবে। দিয়াজ-কানেল একটু ব্যাপক ও জটিল ধরনের সংস্কারের পক্ষে। কিউবা এখন উৎপাদন বৃদ্ধি, আমদানি হ্রাস ও শেষ পর্যন্ত সমালোচিত দ্বৈত মুদ্রা বিলুপ্ত করার চেষ্টা করছে।রাউল কাস্ত্রোর মতে, এ ধরনের সংস্কার আনতে হবে ধীরে ধীরে, পর্যায়ক্রমে। ‘দ্রুত পরিবর্তন আনার পক্ষপাতীদের চাপ’ প্রত্যাখ্যান করে চলতি মাসেই এ কথা বলেন তিনি।দিয়াজ-কানেলও যে ওই জোর কদমে চলায় আগ্রহী ব্যক্তিদের একজন, এখন পর্যন্ত এর কোনো লক্ষণ ধরা পড়েনি। এটাও স্পষ্ট নয়, তিনি সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতা মিখাইল গর্বাচেভের কিউবান সংস্করণে পরিণত হবেন কি না, যেমনটি কেউ কেউ বলছেন। তাঁরা মনে করেন, দিয়াজ-কানেল হয়তো এমন সব আমূল সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের সূচনা করবেন, যা শেষ পর্যন্ত কিউবায় কমিউনিস্ট শাসনের অবসান ঘটাতে পারে।একটি বিষয় নিশ্চিত। তা হচ্ছে, রাউল কাস্ত্রোর পর যিনিই কিউবার নেতৃত্ব কাঁধে নেন না কেন, তাঁকে পূর্বসূরির মতোই ভারসাম্য বজায় রেখে চলার মতো কঠিন একটি কাজ করতে হবে।ফুলের দোকানের মালিক লুরদেস আয়াদো মনে করেন, দিয়াজ-কানেল এই কাজ দক্ষতার সঙ্গেই করতে পারবেন। তাঁর মতে, পুঁজিবাদ অহমিকাপূর্ণ। সমাজতান্ত্রিক ব্যবস্থা বাতিল করা উচিত হবে না। কারণ, এটি মানবিক।লুরদেস মনে করেন, সমাজতন্ত্র ও পুঁজিতন্ত্রের ভালো দিকগুলোর সমন্বয় ঘটাতে হবে। আর এ কাজে দিয়াজ-কানেল উপযুক্ত ব্যক্তি।এর আগেও কমিউনিস্ট পার্টির অন্য নেতাদের মধ্যে কাস্ত্রো ভাইদের উত্তরসূরি হওয়ার প্রতিশ্রুতি দেখা গেছে। কিন্তু শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। কিউবার আদি বিপ্লবীদের সবার বয়স এখন আশির কোঠায় বলে সময়ও দিয়াজ-কানেলের অনুকূলে। এখন তাঁর মনোযোগ হবে একটাই, কাস্ত্রো ভাইয়েরা যে নিরাপদ হাতেই তাঁদের ‘প্রকল্প’ তুলে দিতে যাচ্ছেন, সেটা প্রমাণ করা। মিজান মল্লিক